শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় শুকুরজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান চালক।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন নাওডোবা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুরজান বিবি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্ডা এলাকার মৃত মজিদ ফকিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি দ্রুতগতির মাইক্রোবাস এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় শুকুরজান বিবিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। তাঁর মুখমণ্ডলের বাঁ পাশ, বাঁ চোখ ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, বৃদ্ধাকে ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান চালক। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহ নিয়ে যান।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাটি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে যান। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












