চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁদের অবসরের প্রক্রিয়া ও কার্যকর হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ কর্মকর্তার অবসর প্রস্তুতিকালীন ছুটি (পিআরএল) শুরু হবে আগামী ৩০ নভেম্বর থেকে। তাঁদের অবসর কার্যকর হবে ২০২৭ সালের ১ জুন থেকে।
অবসরে যাচ্ছেন যাঁরা
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এস এম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই উইং কমান্ডার দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন। তাঁদের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বিমানবাহিনী আইন বিধিমালা, ১৯৫৭-এর ২৪(১০) বিধি এবং বিমানবাহিনীর নির্দেশনা ১/১৯৯৭ অনুযায়ী অবসরে পাঠানো হয়েছে।
তিন কর্মকর্তার ক্ষেত্রে পৃথক নির্দেশনা
অন্য তিন কর্মকর্তা স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন। তাঁদের ক্ষেত্রেও চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বিমানবাহিনী আইন বিধিমালা, ১৯৫৭-এর ২৪(১০) বিধি অনুসরণ করা হয়েছে। তবে তাঁদের অবসরের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে বিমানবাহিনীর নির্দেশনা ২/২০১৪।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাঁচ কর্মকর্তা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।












