কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় কুলগামে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশিচৌকিতে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) তিন সদস্য আহত হয়েছেন। বুধবার দুপুরে কাছ থেকে চালানো এ হামলায় আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কুলগামের একটি নিরাপত্তাচৌকিতে দায়িত্ব পালন করছিলেন সিআরপিএফ সদস্যরা। এ সময় সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিন সদস্য গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হামলাকারীরা কীভাবে ঘটনাস্থলে এসেছিল, তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলো। তারা মোটরসাইকেল, নাকি অন্য কোনো যানবাহন ব্যবহার করেছিল, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। হামলার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু হয়। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।
ঘটনার পর দক্ষিণ কাশ্মীরজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আহত তিন নিরাপত্তাকর্মীর পরিচয়
আহত তিনজনই সিআরপিএফের ৪৬তম ব্যাটালিয়নের সদস্য। তাঁরা হলেন কনস্টেবল রাকেশ দাস, যাঁর বাড়ি আসামে; কনস্টেবল সন্তোষ চন্দ্রু, যাঁর বাড়ি পশ্চিমবঙ্গে এবং হেড কনস্টেবল সোমবীর সিং, যাঁর বাড়ি মধ্যপ্রদেশে।
গুলিবিদ্ধ হওয়ার পর তাঁদের পাশের অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত একজনকে বিশেষ চিকিৎসার জন্য আকাশপথে শ্রীনগরের বাদামিবাগ সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলাকে কাপুরুষোচিত আখ্যা উপরাজ্যপালের
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি আহত নিরাপত্তাকর্মীদের দেখতে শ্রীনগরে হাসপাতালে যান। এ ঘটনাকে সন্ত্রাসীদের কাপুরুষোচিত কাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীনগরের লোকভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।
উল্লেখ্য, বুধবার কুলগাম জেলায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল উপরাজ্যপাল সিনহার। হামলার দিনই তিনি নির্ধারিত সূচি অনুযায়ী জেলার ভেশো উৎসব উদ্বোধন করেন এবং স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।
সাম্প্রতিক সময়ে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা
কুলগাম ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে কুলগামের একটি ইটভাটায় ছত্তিশগড়ের দুই শ্রমিককে হত্যা করা হয়। একই মাসে পার্শ্ববর্তী অনন্তনাগে এক পুলিশ সদস্যকে গুলি করা হয়।
এদিকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কুলগামের হামলার নিন্দা জানিয়েছে। দলটির মুখপাত্র সাজিদ ইউসুফ শাহ বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জম্মু ও কাশ্মীরের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে চালানো হয়। তবে এসব হামলা দেশের সংকল্প দুর্বল করতে পারবে না। জড়িতদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।












