ভারতের ঝাড়খণ্ডে আদিবাসী অধিকারকর্মী নিশা কুমারী ভগতের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাঁচিতে বিক্ষোভ মিছিল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার দলটির নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে নিশার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
গত ৬ নভেম্বর ফেসবুকে সরাসরি সম্প্রচারে এসে আত্মহত্যার আগে নিশা ভগত ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন। একই সঙ্গে জমি দালালদের বিরুদ্ধেও তাঁকে হয়রানি করার অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নিশার মৃত্যু ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। তাঁর বাবা-মাও মৃত্যুর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করেন। এসব অভিযোগের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘটনাটি তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন। এর কয়েক ঘণ্টা আগে ষড়যন্ত্রের অভিযোগ ওঠায় পিথোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সিবিআই তদন্তের পাশাপাশি গ্রেপ্তারের দাবি
বুধবার রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম থেকে বিজেপির মিছিল শুরু হয়। পরে মিছিলটি জেল মোড় মিউজিয়ামে গিয়ে শেষ হয়। এতে কয়েক শ নেতাকর্মী অংশ নেন। তাঁরা নিশা ভগতের জন্য ন্যায়বিচার এবং আদিবাসীদের ওপর কথিত নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান দেন।
রাঁচি মহানগর বিজেপির সভাপতি বরুণ সাহু বলেন, শুধু সিবিআই তদন্তের নির্দেশ দিলেই ন্যায়বিচার নিশ্চিত হবে না। এটি নিহত অধিকারকর্মীর বিচার পাওয়ার পথে একটি ছোট পদক্ষেপ মাত্র।
তিনি অভিযোগ করেন, নিশার হয়রানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাঁদের নাম তাঁর বাবার বক্তব্যের ভিত্তিতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, তাঁদের এখনো গ্রেপ্তার করা হয়নি।
এদিকে বুধবার গিরিডিতেও নিশা ভগতের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন বিজেপি নেতাকর্মীরা।












