পাঁচ দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ধর্মঘটে জেলার বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের গণপরিবহন শ্রমিকদের অংশ নেওয়ার কথা রয়েছে। ফলে কর্মসূচি শুরু হলে সিলেটের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
সমগ্র সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, পরিবহন খাতের সর্বস্তরের শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেবেন। তবে ধর্মঘট শুরুর আগে দাবিগুলোর বিষয়ে কোনো ফলপ্রসূ সমাধান হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
জরুরি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপনের সঞ্চালনায় সভায় পরিবহন খাতের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।
সভায় সমন্বয় পরিষদের নিজস্ব তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করা হয়। এরপর অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
অটোরিকশা মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবি
অটোরিকশা মালিক ও শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া এবং নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা।
এ ছাড়া পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা, অবৈধ ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে।
ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধ এবং ট্রাফিক বিভাগের দুর্নীতি রোধের দাবিও রয়েছে তাঁদের তালিকায়। পাশাপাশি সিএনজি জ্বালানির সংকট নিরসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন মালিক-শ্রমিকেরা।
সমাধান না হলে চলবে কর্মসূচি
ধর্মঘটের ঘোষণায় পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলো নিয়ে কার্যকর সমাধান না হলে কর্মসূচি চলবে। তবে ধর্মঘটের আগে কোনো ইতিবাচক অগ্রগতি হলে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।












