কুড়িগ্রামের রাজারহাটে এবার লাউয়ের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে চরম লোকসানে পড়েছেন কৃষকেরা। গ্রামাঞ্চলে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়। ১০০টি লাউ বিক্রি করেও মিলছে না এক কেজি গরুর মাংসের দাম। অথচ শহরের খুচরা বাজারে একই লাউ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষক লাউ বিক্রি করে পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরিও তুলতে পারছেন না।
রাজারহাটের বিভিন্ন এলাকার মাঠজুড়ে এখন লাউয়ের গাছ। মাচায় ঝুলছে অসংখ্য লাউ, ফলনও হয়েছে ভালো। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় কৃষকের মুখে হাসি নেই। ক্ষেত থেকে লাউ তুলে বাজারে নেওয়ার পরও প্রত্যাশিত দাম মিলছে না। কচি লাউয়ের কিছুটা চাহিদা থাকলেও একটু পরিপক্ব হলেই ক্রেতা পাওয়া কঠিন হয়ে পড়ছে। ফলে অনেক লাউ ক্ষেতেই পচে নষ্ট হচ্ছে।
ভালো ফলনই কৃষকের জন্য দুশ্চিন্তার কারণ
গত বছর লাউ চাষ করে ভালো লাভ পেয়েছিলেন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের কৃষক বাবুল মিয়া। তখন জমি থেকেই প্রতিটি লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতায় এবার ৩০ শতক জমিতে লাউ চাষ করেন। ফলন ভালো হলেও বাজারে ক্রেতা ও ন্যায্য দাম—কোনোটিই পাচ্ছেন না।
বাবুল মিয়া জানান, গত বছরের লাভের আশায় এবারও লাউ চাষ করেছিলেন। পরিকল্পনা ছিল বিক্রির টাকা দিয়ে পরবর্তী আবাদে বিনিয়োগ করবেন। কিন্তু বর্তমান বাজারদরে উৎপাদন খরচই উঠছে না। তাঁর ভাষায়, ১০০টি লাউ বিক্রি করেও এক কেজি গরুর মাংস কেনার সামর্থ্য হচ্ছে না।
একই গ্রামের কৃষক সুরুজ মিয়ার অবস্থাও শোচনীয়। লাউ চাষে তাঁর সঞ্চিত পুঁজি শেষ হয়ে গেছে। রয়েছে ধারদেনা। সংসারের ব্যয়ের পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে। ভালো ফলন সত্ত্বেও প্রত্যাশিত আয় না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
উৎপাদন খরচ তুলতেই হিমশিম
কৃষকদের তথ্য অনুযায়ী, রাজারহাটে প্রতি একর জমি প্রায় ৪০ হাজার টাকা ভাড়ায় নিয়ে লাউ চাষ করতে হয়েছে। এর বাইরে রয়েছে বীজ, সার, কীটনাশক, মাচা তৈরি ও শ্রমিকের খরচ। সব মিলিয়ে উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করলেও বিক্রির সময় মিলছে নামমাত্র দাম।
বিশেষ করে বর্গাচাষিরা বেশি বিপাকে পড়েছেন। অনেকেই লাউ বিক্রির অর্থ দিয়ে আগাম আলু চাষের প্রস্তুতি নিতে চেয়েছিলেন। কিন্তু লোকসানে পুঁজি হারিয়ে তাঁদের সেই পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
বাজারে বিক্রি করতে না পেরে কেউ কেউ লাউগাছের পরিচর্যা বন্ধ করে দিয়েছেন। আবার কেউ ক্ষোভে বাগান কেটে ফেলছেন। পরিপক্ব লাউয়ের অনেকগুলো শেষ পর্যন্ত গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার হচ্ছে।
দাম কমার কারণ নিয়ে ভিন্নমত
লাউয়ের দাম কমার কারণ নিয়ে কৃষক ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মতভেদ রয়েছে। রাজারহাট বাজারের খুচরা ব্যবসায়ী শহিদুল ইসলামের মতে, আগাম লাউ বাজারে আসায় পুরোনো গাছের লাউয়ের চাহিদা কমেছে। এ কারণে পুরোনো লাউয়ের দামও পড়ে গেছে। অন্যদিকে আগাম লাউয়ের চাহিদা ও দাম তুলনামূলক বেশি।
তবে বাজারের ক্রেতা ইউনুছ আলী মনে করেন, পাইকারদের কারসাজি এবং বাজার তদারকির ঘাটতির কারণে কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর দাবি, পুরোনো গাছের কচি লাউ ও আগাম লাউ খুচরা বাজারে একই দামে, অর্থাৎ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ কৃষকেরা ক্ষেত থেকে লাউ বিক্রি করছেন মাত্র ৩ থেকে ৫ টাকায়।
উৎপাদন বেড়ে যাওয়ায় কমেছে দাম
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী জানান, গত বছর ভালো দাম পাওয়ায় এবার জেলায় লাউয়ের আবাদ বেড়েছে। ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং দাম কমেছে।
ভালো দাম পেতে কৃষকদের আগাম সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাঁর মতে, নতুন করে বাজারে আসা আগাম শীতকালীন লাউয়ের চাহিদা ও দাম তুলনামূলক ভালো।












