শিশুদের রান্না শেখানো, স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করা কিংবা স্কুলে পুষ্টিশিক্ষার আয়োজন—উদ্যোগগুলো নিঃসন্দেহে আকর্ষণীয়। কিন্তু এসব কর্মসূচি কি সত্যিই শিশুদের স্থূলতা কমাতে পারছে? যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, প্রত্যাশিত ফলের তুলনায় সাফল্য অনেক কম। অথচ জনস্বাস্থ্য নীতিতে এখনো এ ধরনের উদ্যোগের প্রতি আগ্রহ রয়েছে।
অ্যারন ক্যারল তাঁর বিশ্লেষণে দেখিয়েছেন, স্থূলতা মোকাবিলায় মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য শুধু সচেতনতা তৈরি যথেষ্ট নয়। বরং মানুষ যে পরিবেশে খাবার নির্বাচন করে, সেই পরিবেশে পরিবর্তন আনা অনেক বেশি কার্যকর হতে পারে।
রান্নার ক্লাসে আগ্রহ, কিন্তু ফল সীমিত
শিশুদের রান্না শেখানোর ধারণাটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই মনে করা হচ্ছে, ছোটবেলা থেকে রান্না ও পুষ্টি সম্পর্কে ধারণা তৈরি হলে শিশুরা স্বাস্থ্যকর খাবার বেছে নিতে শিখবে। এতে শাকসবজি খাওয়ার প্রবণতা বাড়বে এবং স্থূলতার ঝুঁকি কমবে।
কিন্তু গবেষণার ফল এই আশাবাদকে পুরোপুরি সমর্থন করছে না। ২০২৪ সালে ‘অ্যাপেটাইট’ সাময়িকীতে প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনায় স্কুলভিত্তিক রান্নার ক্লাস নিয়ে ২১টি গবেষণা বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ছয়টি ছিল দৈবচয়নভিত্তিক নিয়ন্ত্রিত পরীক্ষা। চার থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এসব কর্মসূচিতে রান্নার দক্ষতা ও সবজি খাওয়ার প্রবণতায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক ফল ছিল সীমিত।
এর পরের বছর যুক্তরাজ্যের ২৬টি স্কুলের ছয় থেকে নয় বছর বয়সী ৬০০-এর বেশি শিক্ষার্থীকে নিয়ে পরিচালিত একটি গবেষণাতেও উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি। রান্নার ক্লাসে অংশ নেওয়ার পর শিশুদের খাদ্যবিষয়ক জ্ঞান, রান্নার দক্ষতা কিংবা ফল ও সবজি খাওয়ার পরিমাণে প্রত্যাশিত উন্নতি হয়নি।
সচেতনতার অভাব নয়, বাস্তব পরিবেশ বড় বাধা
শিশুদের স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চার প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে বহু বছর ধরে। কিন্তু শুধু পরামর্শ দিয়ে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা যাচ্ছে না।
প্রায় ১ লাখ ৯০ হাজার শিশুকে অন্তর্ভুক্ত করে ১৭০টির বেশি গবেষণার একটি পর্যালোচনায় দেখা গেছে, খাদ্য ও পুষ্টিবিষয়ক শিক্ষা শিশুদের বডি মাস ইনডেক্স বা বিএমআই পরিবর্তনে সামান্যই ভূমিকা রাখে। খাদ্যাভ্যাস ও শারীরিক কর্মকাণ্ড নিয়ে সম্মিলিত কর্মসূচিতে কিছুটা উন্নতি হলেও ১৫ মাসের মধ্যে সেই প্রভাব আর স্থায়ী থাকেনি।
এখানে মূল প্রশ্নটি হলো, মানুষ কী জানে আর বাস্তবে কী করতে পারে—এই দুইয়ের মধ্যে পার্থক্য কতটা। পরিবারের আয়, খাবারের দাম, স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা এবং সামাজিক পরিবেশ খাদ্যাভ্যাস নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু সচেতনতামূলক প্রচারণা দিয়ে এসব বাধা দূর করা সম্ভব নয়।
পরিবেশ বদলালে ফল পাওয়া যায়
যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতায় দেখা গেছে, খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য সরাসরি পরামর্শের চেয়ে পরিবেশগত পরিবর্তন বেশি কার্যকর হতে পারে। ২০১০ সালে স্কুলের খাবারের মান পরিবর্তনের পরবর্তী গবেষণায় দারিদ্র্যসীমার কাছাকাছি থাকা শিশুদের স্থূলতার ঝুঁকি কমার প্রমাণ পাওয়া যায়। কোমল পানীয়ের ওপর কর আরোপও এর ব্যবহার কমাতে ভূমিকা রাখে।
অন্যদিকে, স্থূলতার চিকিৎসায় জিএলপি-১ শ্রেণির ওষুধ কার্যকর বিকল্প হিসেবে সামনে এসেছে।
এসব উদ্যোগের সঙ্গে শুধু পরামর্শ দেওয়ার পার্থক্য রয়েছে। স্কুলের খাবারের মান পরিবর্তন, খাদ্যপণ্যের ওপর কর কিংবা চিকিৎসার সুযোগ বাড়াতে অর্থ ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন। অনেক ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরোধিতাও মোকাবিলা করতে হয়। বিপরীতে রান্নার ক্লাস আয়োজন তুলনামূলক সহজ এবং কম বিতর্কিত।
কার্যকর কর্মসূচির জন্য প্রয়োজন পর্যাপ্ত সময়
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষণায় শিশুদের স্থূলতা মোকাবিলায় আচরণ পরিবর্তনভিত্তিক কর্মসূচির কার্যকারিতা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালে শিশুদের স্থূলতা প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে সুপারিশ তৈরির সময় পর্যালোচনা করা গবেষণাগুলোতে দেখা যায়, উচ্চ বিএমআই থাকা শিশুদের ক্ষেত্রে এসব কর্মসূচি কার্যকর হতে হলে এক বছরে পুষ্টিবিদ, মনোবিজ্ঞানী ও ব্যায়াম বিশেষজ্ঞদের সঙ্গে অন্তত ২৬ ঘণ্টার পেশাদার যোগাযোগ প্রয়োজন।
এত দীর্ঘ সময়ের সহায়তা দেওয়ার পরও গড়ে ওজন কমে মাত্র কয়েক পাউন্ড। এর চেয়ে কম সময়ের কর্মসূচিতে নির্ভরযোগ্য ফল পাওয়া যায়নি।
এই তথ্যের গুরুত্ব হলো, কোনো কর্মসূচির কার্যকারিতা বিচার করতে হলে বাস্তবে শিশুরা কতটুকু সহায়তা পাচ্ছে, সেটিও বিবেচনায় নিতে হবে। কাগজে-কলমে ভালো পরিকল্পনা থাকলেই তা বাস্তবে কার্যকর হবে, এমন নিশ্চয়তা নেই।
জনপ্রিয় উদ্যোগ নয়, প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন
রান্নার ক্লাস, কমিউনিটি বাগান কিংবা পুষ্টিবিষয়ক প্রচারণা জনসমর্থন পেতে পারে। এসব উদ্যোগের ছবি সংবাদমাধ্যমে আকর্ষণ তৈরি করে। কিন্তু এগুলোকে স্থূলতা মোকাবিলার কার্যকর নীতি হিসেবে প্রতিষ্ঠা করতে হলে বাস্তব ফলাফল দেখাতে হবে।
স্থূলতা একটি দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সমস্যা। তাই শুধু শিশুদের কী খাওয়া উচিত, তা শেখানোর বদলে স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা, স্কুলের খাদ্যব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দিকে গুরুত্ব দেওয়া জরুরি।
যেসব কর্মসূচি প্রত্যাশিত ফল দিতে পারছে না, সেগুলোকে নতুন নামে আবার চালু করাই সমাধান নয়। বরং গবেষণায় কার্যকর প্রমাণিত উদ্যোগে অর্থায়ন এবং নতুন কর্মসূচি বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা করা প্রয়োজন। শিশুদের রান্না শেখানো ভালো উদ্যোগ হতে পারে, কিন্তু সেটিকে স্থূলতা কমানোর প্রমাণিত সমাধান বলে ধরে নেওয়ার সুযোগ নেই।












