বাংলাদেশের প্রধান পোশাক উৎপাদনকারী অঞ্চলে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের ধর্মঘটের কারণে কয়েক ডজন কারখানা বন্ধ হয়ে গেছে।
চলতি সপ্তাহান্তে সাভার, আশুলিয়া ও গাজীপুরের মতো পোশাকশিল্প এলাকায় দেশের প্রায় ১৫০টি উৎপাদনকেন্দ্র বন্ধ রয়েছে।
বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব অনেক। এ খাত থেকে প্রতিবছর প্রায় ৪ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, যা দেশের মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশ।
শ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ধর্মঘট করছেন। বর্তমানে বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে শ্রমিকদের বক্তব্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে এই মজুরি যথেষ্ট নয়।
রোববার সকালে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। তাঁদের বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ হস্তক্ষেপ করে।
শ্রম আইনের ‘কাজ নেই, মজুরি নেই’ বিধান অনুযায়ী, উৎপাদন ব্যাহত হলে কারখানার মালিকেরা কার্যক্রম স্থগিত করতে এবং শ্রমিকদের মজুরি বন্ধ রাখতে পারেন।
শ্রমিকেরা কর্মস্থল ছেড়ে চলে যাওয়ার পর পুলিশ শহরের কারখানাগুলো বন্ধ করে দিয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন।
তিনি বলেন, শনিবার রাতে ১৩টি কারখানা বন্ধ করা হয়। আর রোববার সকালে অস্থিরতার সময় বন্ধ করা হয় আরও ১৬টি কারখানা।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাঁরা এইচঅ্যান্ডএম, প্রাইমার্ক ও জারার মতো বড় ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করেন।
চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। বর্তমান অস্থিরতা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে আন্তর্জাতিক ক্রেতাদের ওপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কারখানার নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ প্রশ্ন তুলেছে।
তিনি বলেন, “চলমান অস্থিরতার কারণে যেসব পোশাক কারখানায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সেগুলো আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”
তবে সমালোচকদের বক্তব্য, প্রতিযোগিতামূলক দামে পণ্য উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে শ্রমিকদের স্বার্থ বিসর্জন দেওয়া হচ্ছে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার বিবিসির ‘নিউজআওয়ার’ অনুষ্ঠানে বলেন, কারখানার মালিক ও আন্তর্জাতিক খুচরা বিক্রেতারা মুনাফা করলেও বছরের পর বছর শ্রমিকেরাই এই শিল্পের ব্যয়ের বোঝা বহন করে আসছেন।
তিনি বলেন, “শ্রমিকেরা এমন মজুরি চাইছেন, যা দিয়ে তাঁরা বেঁচে থাকতে পারবেন। বিবেকবান কোনো মানুষ কীভাবে এমন একটি মৌলিক মানবিক দাবির বিরোধিতা করতে পারেন?”
গত ১ নভেম্বর সরকার শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামোর সুপারিশ তৈরির উদ্দেশ্যে একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে।
একজন জ্যেষ্ঠ জেলা জজের নেতৃত্বে গঠিত এই বোর্ড প্রথম বৈঠকে জানিয়েছে, নভেম্বরের শেষ নাগাদ মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ চূড়ান্ত করা হবে।
নতুন মজুরি কাঠামো কার্যকর হলে তা আগামী ১ ডিসেম্বর থেকে বাস্তবায়নের কথা রয়েছে।












