শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন জেলায় সতর্ক অবস্থানে আনসার
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।
বাহিনীটি জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবির ৪৪ প্লাটুন মোতায়েন
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহে আরও দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
আনসার ও বিজিবি মিলিয়ে এসব এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।












