দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ থেকে ১০ ঘণ্টা চলবে প্রাথমিক পরীক্ষা
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট গ্রিড কানেকশন বা প্রথম গ্রিড সংযোগের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।
প্রাথমিক পরীক্ষা শেষে প্রয়োজনীয় কারিগরি যাচাইয়ের জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।
এসব পরীক্ষায় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন প্রয়োজন হবে।
গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া মানেই বাণিজ্যিক উৎপাদন নয়
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। এর অংশ হিসেবেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎকেন্দ্রের সংযোগ স্থাপনকে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের সূচনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের কারিগরি পরীক্ষা।
প্রথম দফায় বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা ধরে কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
নিউক্লিয়ার ফিশনের পর শুরু হয়েছে উৎপাদনব্যবস্থার পরীক্ষা
বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম ইউনিট স্টেজ-সি কার্যক্রমের জন্য চূড়ান্ত অনুমোদন পায়।
এই পর্যায়ে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশ পরীক্ষা করা হয়। নির্ধারিত তাপমাত্রা ও শক্তির পর্যায়ে পৌঁছানোর পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয়। বাষ্পের চাপে টারবাইন ঘোরে এবং এর সঙ্গে যুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়।
বর্তমানে গ্রিড সংযোগের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালনব্যবস্থায় সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।
পূর্ণ সক্ষমতায় যেতে লাগবে আরও কয়েক মাস
প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুসারে প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষ হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে উৎপাদনক্ষমতার শতভাগে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
দুটি ইউনিটে উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
মঙ্গলবারের গ্রিড সংযোগ কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিএইআরএ ও এনপিসিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।












