তুরস্কে চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি এক নিবন্ধে যুক্তি দেওয়া হয়েছে, শূন্য নিঃসরণ লক্ষ্যের পথে এগোলে দেশটির অর্থনীতির ক্ষতি হতে পারে। এই উদ্বেগের কিছু ভিত্তি আছে। জ্বালানি ব্যবস্থার আমূল পরিবর্তন ব্যয়বহুল, সময়সাপেক্ষ এবং এর বৈশ্বিক প্রভাবও একক কোনো দেশের উদ্যোগে সীমিত থাকতে পারে। কিন্তু ইন্দোনেশিয়ার বাস্তবতাকে শুধু পশ্চিমা জলবায়ু রাজনীতির দৃষ্টিতে দেখলে বড় কয়েকটি অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি আড়ালে থেকে যায়।
দেশটির জ্বালানি রূপান্তর কোনো দূরবর্তী পরিবেশবাদী লক্ষ্য নয়। কয়লার ওপর নির্ভরতা, নবায়নযোগ্য জ্বালানির দুর্বল ভিত্তি, তেল আমদানির ঝুঁকি এবং আন্তর্জাতিক বিনিয়োগের পরিবর্তিত প্রবণতা—এই চার বাস্তবতাই ইঙ্গিত দিচ্ছে, বর্তমান ব্যবস্থায় আটকে থাকার সুযোগ ক্রমেই কমছে।
কয়লার ওপর নির্ভরতা কতটা টেকসই
বিশ্বের মোট কয়লার মজুতের মাত্র ৩ শতাংশ ইন্দোনেশিয়ার হাতে থাকলেও দেশটি বিশ্বের সবচেয়ে বড় কয়লা রপ্তানিকারক। রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায় চীন ও ভারতে। দেশটির তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ব্যাংকবহির্ভূত খাতের সবচেয়ে বেশি মুনাফা আসে কয়লা শিল্প থেকে। ফলে এই খাতের ওপর অর্থনৈতিক নির্ভরতা যেমন গভীর, তেমনি ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে।
কারণ, ইন্দোনেশিয়ার প্রধান ক্রেতারাই নিজেদের জ্বালানি ব্যবস্থায় পরিবর্তন আনছে। চীন দ্রুত নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াচ্ছে। গত বছর দেশটির বিদ্যুতের চাহিদা যতটা বেড়েছে, তার প্রায় পুরোটাই পূরণ হয়েছে পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে। অর্থাৎ কয়লার চাহিদা কমার ঝুঁকি শুধু জলবায়ু প্রতিশ্রুতির কারণে নয়; আমদানিকারক দেশগুলোর নিজস্ব জ্বালানি নিরাপত্তার কৌশলও এর পেছনে কাজ করছে।
নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে ইন্দোনেশিয়া
দেশটির সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র সিরাতার সক্ষমতা ১৯০ মেগাওয়াট। অথচ ভারত প্রতি তিন দিনেই প্রায় সমপরিমাণ নতুন সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত করছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ বৃহৎ অর্থনীতির মধ্যে ইন্দোনেশিয়ায় সৌর ও বায়ুবিদ্যুতের স্থাপিত সক্ষমতা সবচেয়ে কম।
দ্বীপপুঞ্জের ভৌগোলিক অবস্থান সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিছু বিশেষ বিবেচনা তৈরি করলেও তা পিছিয়ে থাকার যথেষ্ট ব্যাখ্যা নয়। বাস্তবতা হলো, নবায়নযোগ্য জ্বালানির পথে ইন্দোনেশিয়ার যাত্রা এখনো প্রাথমিক পর্যায়ে।
তেল আমদানি অর্থনীতির দুর্বলতা
ইন্দোনেশিয়া তার প্রয়োজনীয় তেলের প্রায় ৬০ শতাংশ আমদানি করে। প্রায় তিন দশক ধরে দেশের অভ্যন্তরীণ তেল উৎপাদন কমতে থাকায় এই নির্ভরতা অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। এ অবস্থায় পরিবহন খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো কেবল পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, কৌশলগত প্রয়োজনও।
জৈব জ্বালানি সাময়িকভাবে কিছুটা সহায়তা করতে পারে, কিন্তু উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এর সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে, ১০ লাখ হেক্টর জমিতে বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা গেলে রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা পিএলএনের বর্তমান বার্ষিক উৎপাদন—প্রায় ৩৫০ টেরাওয়াট-ঘণ্টার—চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে। এই জমির পরিমাণ বিশাল মনে হলেও তা দেশটির পাম তেল শিল্পের দখলে থাকা জমির মাত্র ১৬ ভাগের এক ভাগ। জৈব জ্বালানির উৎপাদন বাড়াতে যেখানে আরও বনভূমি উজাড় ও জমি সম্প্রসারণের চাপ তৈরি হতে পারে, সেখানে সৌরবিদ্যুতের জন্য জমি ব্যবহারের প্রশ্নটি ভিন্নভাবে বিবেচনা করা প্রয়োজন। মূল সংকট জমির অভাব নয়, বরং জমি ব্যবহারের অগ্রাধিকার নির্ধারণ।
বিনিয়োগের দিক বদলাচ্ছে বিশ্ব
বিশ্বে পরিচ্ছন্ন প্রযুক্তিতে বিনিয়োগ এখন প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় বেশি। বিদেশি বিনিয়োগের ওপর নির্ভরশীল উন্নয়নশীল অর্থনীতি হিসেবে ইন্দোনেশিয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ বাজারসংকেত। কার্বননির্ভর শিল্পে অর্থায়নের সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে। ফলে শুধু সরকারি নীতি নয়, বিনিয়োগকারীদের সিদ্ধান্তও দেশটির জ্বালানি ব্যবস্থার পরিবর্তনকে ত্বরান্বিত করতে পারে।
তবে এই রূপান্তরের পথে বিদ্যুৎ খাতের চাপও কম নয়। সরকার ১০০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা অর্জনের উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে। একই সময়ে পিএলএনের আয়ের প্রায় ৪০ শতাংশ আসে সরকারি ভর্তুকি থেকে। নতুন সক্ষমতা কীভাবে অর্থায়ন করা হবে, বিদ্যুতের দাম ও সরবরাহের ভারসাম্য কীভাবে রক্ষা পাবে—এসব প্রশ্নের সমাধান এখনো স্পষ্ট নয়। কিন্তু পুরোনো ব্যবস্থায় আগের মতো চলতে থাকাও বাস্তবসম্মত নয়। উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক অর্থনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইলে ইন্দোনেশিয়াকে এই কাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি হতেই হবে।
ইন্দোনেশিয়ার নীতিনির্ধারক ও ব্যবসায়ীরা ইতিমধ্যে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পূর্বাভাস গুরুত্বপূর্ণ হলেও বাজারের পরিবর্তন অনেক দ্রুত ঘটছে। দেশটির সামনে তাই প্রশ্নটি শুধু কত দ্রুত কার্বন নিঃসরণ কমানো যাবে, তা নয়; বরং পরিবর্তিত বিশ্ব অর্থনীতিতে নিজেদের শিল্প ও বিনিয়োগের ভিত্তি কীভাবে শক্তিশালী করা যাবে।
ইউরোপের বিভিন্ন রাজধানীতে জ্বালানি রূপান্তরের আলোচনায় রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কিংবা চীনা পরিচ্ছন্ন প্রযুক্তির সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রাধান্য পায়। ইন্দোনেশিয়ার বাস্তবতা আলাদা। এখানে মূল দ্বন্দ্ব পুরোনো সম্পদনির্ভর অর্থনৈতিক মডেল, তার সামাজিক ও পরিবেশগত মূল্য এবং দ্রুত বদলে যাওয়া আন্তর্জাতিক বাজারের মধ্যে।
শূন্য নিঃসরণ এখন আর কেবল পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেওয়া কোনো কর্মসূচি নয়। ইন্দোনেশিয়ার জন্য এটি নিজস্ব অর্থনৈতিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে যুক্ত একটি প্রয়োজন। এই পরিবর্তনের কোনো একক বা নির্দিষ্ট নকশা নেই। পথ নির্ধারণ করতে হবে বাস্তবতার ভিত্তিতে, প্রয়োজনে পরিকল্পনা সংশোধন করতে হবে এবং অর্থনৈতিক চাহিদার সঙ্গে দীর্ঘমেয়াদি সংস্কারের কঠিন সমঝোতায় যেতে হবে।
২৮ কোটি মানুষের এই দেশকে শেষ পর্যন্ত বর্তমান নির্ভরতার বাইরে যাওয়ার পথ খুঁজতেই হবে। কারণ, ইন্দোনেশিয়ার জ্বালানি রূপান্তর কেবল জলবায়ু রাজনীতির বিতর্ক নয়; এটি সম্পদ আহরণনির্ভর অর্থনীতি থেকে আরও স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই প্রবৃদ্ধির পথে যাওয়ার কৌশলগত সিদ্ধান্ত।












