ধর্মীয় বিশ্বাসের সঙ্গে বৈষম্যবিরোধী আইনের সংঘাত যুক্তরাষ্ট্রে নতুন কোনো বিতর্ক নয়। তবে এই দ্বন্দ্বের সাম্প্রতিক একটি মামলা আরও বড় প্রশ্ন সামনে এনেছে: একটি বহুত্ববাদী গণতন্ত্রে ভিন্ন ধর্মীয় বিশ্বাস ও জীবনদর্শনের মানুষের সহাবস্থানের সীমা কোথায় নির্ধারিত হবে? রাষ্ট্র কি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে গিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিশ্বাস অনুযায়ী চলার স্বাধীনতা সংকুচিত করতে পারে? নাকি ধর্মীয় স্বাধীনতার নামে এমন কিছু ব্যতিক্রমের সুযোগ দিতে হবে, যা অন্য নাগরিকদের সমান আচরণ পাওয়ার অধিকারকে প্রশ্নের মুখে ফেলে?
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিবেচনাধীন ‘সেন্ট মেরি ক্যাথলিক প্যারিশ বনাম রয়’ মামলাটি এই জটিলতারই একটি উদাহরণ। মামলাটির কেন্দ্রে রয়েছে কলোরাডোর একটি সরকারি অর্থায়ন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ধর্মীয় ও অধর্মীয়—দুই ধরনের প্রাক্-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানই অর্থ পেতে পারে। তবে শর্ত হলো, যৌন অভিমুখিতা ও লিঙ্গপরিচয়সহ বিভিন্ন পরিচয়ের ভিত্তিতে কোনো শিশুকে ভর্তি থেকে বঞ্চিত করা যাবে না।
ক্যাথলিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আপত্তি হলো, তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিশুদের অভিভাবকদেরও প্রতিষ্ঠানের ধর্মীয় নীতিমালা মেনে চলতে সম্মত হতে হয়। বিশেষ করে যৌনতা ও পরিবারসংক্রান্ত বিষয়ে চার্চের অবস্থানকে তারা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। ফলে সরকারি অর্থ পেতে হলে যে শর্ত মানতে হবে, তা তাদের ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকারের সীমারেখা
আইনগতভাবে সুপ্রিম কোর্টের সামনে প্রশ্নটি হলো, ধর্মীয় স্বাধীনতার ওপর এমন কোনো বিধিনিষেধ আরোপ করা হলে তা কি সংবিধানের কঠোরতম বিচারিক মানদণ্ড—‘স্ট্রিক্ট স্ক্রুটিনি’—পেরোতে হবে? এই মানদণ্ডে রাষ্ট্রকে প্রমাণ করতে হয়, বিধিনিষেধের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থ অর্জনের জন্য ব্যবহৃত পদ্ধতি যথাসম্ভব সীমিত।
শুনানিতে বিচারপতি অ্যামি কোনি ব্যারেটের বক্তব্য ছিল, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে সরাসরি কর্মসূচি থেকে বাদ দেওয়া এবং এমন শর্ত আরোপ করা, যা প্রতিষ্ঠানটি ধর্মীয় কারণে মানতে পারবে না—দুইয়ের মধ্যে কার্যত খুব বেশি পার্থক্য নেই। অন্যদিকে বিচারপতি এলেনা কাগান সতর্ক করেছেন, ধর্মীয় বিশ্বাসের ওপর প্রতিটি সরকারি শর্তকে যদি কঠোরতম বিচারিক পরীক্ষার মুখোমুখি হতে হয়, তাহলে সরকারি শিক্ষাব্যবস্থায় এ ধরনের অনুসন্ধানের শেষ থাকবে না।
দুই পক্ষের যুক্তিতেই বাস্তবতা রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানকে এমন শর্ত মানতে বাধ্য করা হলে তাদের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে। আবার ধর্মীয় বিশ্বাসের অজুহাতে সরকারি কর্মসূচির প্রতিটি নিয়ম থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ তৈরি হলে বৈষম্যবিরোধী আইনের কার্যকারিতাও দুর্বল হতে পারে।
এই বিতর্কে সুপ্রিম কোর্টের আগের একটি রায় গুরুত্বপূর্ণ। ২০২১ সালের ‘ফুলটন বনাম ফিলাডেলফিয়া’ মামলায় আদালত সর্বসম্মতভাবে বলেছিল, সমলিঙ্গের বিবাহিত দম্পতিদের পালক-অভিভাবক হিসেবে অনুমোদন দিতে অস্বীকার করায় ক্যাথলিক সোশ্যাল সার্ভিসেসকে সরকারি পালক-সেবা কর্মসূচি থেকে বাদ দিয়ে ফিলাডেলফিয়া কর্তৃপক্ষ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করেছে। শহরটি নিয়মে ব্যতিক্রম দেওয়ার ক্ষমতা রেখেছিল, কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সেই সুবিধা দেয়নি।
বর্তমান মামলার ক্ষেত্রেও কলোরাডো কিছু প্রাক্-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট নিয়ম থেকে ছাড় দিয়েছে, কিন্তু সংশ্লিষ্ট ক্যাথলিক প্রতিষ্ঠানগুলোকে দেয়নি। এই বৈষম্যমূলক প্রয়োগ আদালতের বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ব্যতিক্রমের প্রশ্নে সংখ্যার গুরুত্ব
বিতর্কের আরেকটি দিক হলো, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ব্যতিক্রম রাখলে বাস্তবে কতজন ক্ষতিগ্রস্ত হবে। ফিলাডেলফিয়ার আগের মামলায় আদালত উল্লেখ করেছিল, সমলিঙ্গের দম্পতিদের সেবা দিতে আগ্রহী ২০টির বেশি পালক-সেবা সংস্থা শহরটিতে ছিল। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ধর্মীয় আপত্তির কারণে সেবা পাওয়ার সামগ্রিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম ছিল।
প্রখ্যাত আইনদার্শনিক রোনাল্ড ডওয়ার্কিনও তাঁর শেষ বইয়ে একই ধরনের যুক্তি তুলে ধরেছিলেন। তাঁর মতে, কোনো ক্যাথলিক দত্তক সংস্থাকে সরকারি অর্থায়ন দেওয়া যেতে পারে, যদি পর্যাপ্ত বিকল্প সংস্থা থাকে এবং এর ফলে শিশু বা সমলিঙ্গের দম্পতিদের দত্তক নেওয়ার সুযোগ ক্ষতিগ্রস্ত না হয়।
বর্তমান শুনানিতে বিচারপতি ব্রেট কাভানাও প্রশ্ন তুলেছেন, কলোরাডোর মোট দুই হাজার প্রাক্-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৪টি ক্যাথলিক প্রতিষ্ঠানকে নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিক্ষার্থী বাছাইয়ের সুযোগ দিলে রাজ্যের কী ধরনের বড় সমস্যা তৈরি হবে।
তবে সংখ্যার হিসাবই যে শেষ কথা, তা নয়। রাষ্ট্র যদি কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যতিক্রমের সুযোগ রাখে, তাহলে অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই সুযোগ কেন দেওয়া হবে না—এই প্রশ্ন উঠবে। মামলার শুনানিতে কলোরাডোর এক কর্মকর্তার সাক্ষ্যও জটিলতা বাড়িয়েছে। তিনি বলেছিলেন, রাজ্যের কর্মসূচিতে এমন প্রতিষ্ঠানও অর্থ পেতে পারে, যারা লিঙ্গপরিচয়ের প্রচলিত ধারণার বাইরে থাকা শিশু কিংবা বর্ণগত সংখ্যালঘু শিশুদের লক্ষ্য করে কাজ করে। রাজ্য পরে লিখিত বক্তব্যে ওই অবস্থান থেকে সরে এলেও আদালতের নথিতে সাক্ষ্যটি রয়ে গেছে।
এ কারণে সুপ্রিম কোর্টের সামনে ধর্মীয় স্বাধীনতার পক্ষে সিদ্ধান্ত দেওয়ার একটি আইনি পথ তৈরি হয়েছে বলে মনে হতে পারে। কিন্তু তাতে মূল বিরোধের অবসান হবে না। আগামী বছর কিংবা তার পরের বছর একই ধরনের কোনো রাজ্যনীতি আবার আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
আইনি লড়াইয়ের বাইরে গণতন্ত্রের প্রশ্ন
এ ধরনের সংঘাত এড়ানোর একটি পথ হতে পারে—মতাদর্শগতভাবে বিরোধী পক্ষগুলোর মধ্যে সংলাপ বাড়ানো। ধর্মনিরপেক্ষ অবস্থানের মানুষ এবং ধর্মীয় বিশ্বাসে আস্থাশীল নাগরিকেরা একে অন্যের সঙ্গে কথা বললে কিছু অভিন্ন স্বার্থও খুঁজে পেতে পারেন। অন্তত পরস্পরের অবস্থান বোঝার সুযোগ তৈরি হবে। আদালতের রায় দিয়ে প্রতিটি সামাজিক বিরোধের স্থায়ী সমাধান সম্ভব নয়।
এখানেই মামলাটি শুধু ধর্মীয় স্বাধীনতা বা সরকারি অর্থায়নের আইনি প্রশ্নে সীমাবদ্ধ থাকে না। এটি গণতন্ত্রের প্রকৃতি নিয়েও ভাবতে বাধ্য করে।
গণতন্ত্রকে প্রায়ই ভোটের হিসাব এবং নির্দিষ্ট মেয়াদে রাষ্ট্রক্ষমতা কার হাতে থাকবে, সেই সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ করে দেখা হয়। কিন্তু নির্বাচন গণতন্ত্রের একটি প্রক্রিয়া মাত্র; এর মূল ভিত্তি আরও গভীরে। গণতন্ত্র এমন এক সামাজিক চুক্তি, যেখানে ভিন্ন বিশ্বাস, পরিচয় ও মতের নাগরিকেরা সমান মর্যাদা নিয়ে একসঙ্গে বসবাস করতে সম্মত হন।
এই ভিন্নতাই গণতান্ত্রিক আলোচনাকে অর্থবহ করে। মতের বিরোধ থাকবে, বিতর্ক হবে, এক পক্ষ অন্য পক্ষের অবস্থানের সমালোচনা করবে। কিন্তু ভিন্নতার প্রতি ন্যূনতম সহনশীলতা না থাকলে সংলাপের জায়গা থাকে না। আর সংলাপের সুযোগ হারালে গণতন্ত্রও তার প্রাণশক্তি হারায়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ধর্মীয় বিশ্বাস এই ভিন্নতার অন্যতম প্রধান উৎস। প্রচলিত ধর্মগুলোর অনুসারীর সংখ্যা কমলেও এখনো লাখো মানুষ নিজেদের বিশ্বাস, ধর্মীয় শিক্ষা এবং সন্তানদের সেই বিশ্বাস অনুযায়ী বড় করে তোলার অধিকার রক্ষায় সচেষ্ট। তাদের বিশ্বাস ভুল হতে পারে, তাদের সামাজিক অবস্থান অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। কিন্তু সন্তানদের নিজেদের ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার অধিকার গণতান্ত্রিক সমাজে অগ্রাহ্য করার বিষয় নয়।
ধর্মীয় স্বাধীনতার অর্থ এই নয় যে কোনো প্রতিষ্ঠানকে বৈষম্যবিরোধী আইন থেকে স্বয়ংক্রিয়ভাবে ছাড় দিতে হবে। একইভাবে সমান অধিকারের নীতিও এমনভাবে প্রয়োগ করা উচিত নয়, যাতে ধর্মীয় বিশ্বাস চর্চার বৈধ পরিসরই সংকুচিত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব এই দুই নীতির মধ্যে ন্যায়সংগত ভারসাম্য তৈরি করা।
গণতন্ত্রের শক্তি সবাইকে একই রকম করে তোলার মধ্যে নয়; বরং মত ও বিশ্বাসের পার্থক্য নিয়েও সমান নাগরিক মর্যাদা বজায় রাখার সক্ষমতার মধ্যে। এই জায়গাটি রক্ষা করতে না পারলে নির্বাচনী ব্যবস্থা টিকে থাকলেও গণতন্ত্রের মৌলিক চেতনা ক্রমেই দুর্বল হয়ে পড়বে।












