পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংঘর্ষের পর পুরো পৌর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে ওসি প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
দফায় দফায় সংঘর্ষ, আহত কিশোর ঢাকায়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তাঁদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন করে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এক কিশোরকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা জানা গেছে। তবে আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে আটকও করা হয়নি।
কয়েক দিন ধরেই চলছিল উত্তেজনা
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়ায় বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে গত দুই দিনে উভয় পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বেড়া থানা এলাকায় গিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকেরা তাঁদের ধাওয়া করলে সংঘর্ষ বাধে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা সভার পর আবার সংঘর্ষ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এরপর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষের পর থানার ওসি প্রত্যাহার করা হয়েছে। এলাকায় এখনো উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।












