মাত্র ১৭ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভান সুলিভান। মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ সালের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ীর স্বীকৃতি পেয়েছেন তিনি।
সোমবার তাঁর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। পুরো মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফুটবলে অন্যতম সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন সুলিভান।
২৯ ম্যাচে ২৩ গোলে অবদান
২০২৬ মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন সুলিভান। এ সময়ে করেছেন ৯টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি। সব মিলিয়ে গোল করার ক্ষেত্রে সরাসরি ২৩ বার অবদান রেখেছেন তিনি।
তাঁর ধারাবাহিকতার আরেকটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত টানা ১০ ম্যাচে গোল অথবা গোলে সহায়তা করা। এমএলএসের ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড়ের জন্য এটিই দীর্ঘতম এমন ধারাবাহিকতা।
শুধু মৌসুমের পারফরম্যান্সেই নয়, ব্যক্তিগত স্বীকৃতিতেও রেকর্ড গড়েছেন সুলিভান। গত সেপ্টেম্বরে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ওই পুরস্কার জেতার ক্ষেত্রেও সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন এই মিডফিল্ডার।
ঢাকার সঙ্গে পারিবারিক শিকড়
সুলিভানের সাফল্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও বিশেষ তাৎপর্য বহন করছে। তাঁর পারিবারিক শিকড় বাংলাদেশের সঙ্গে যুক্ত। তাঁর নানি সুলতানা আলমের আদি নিবাস ঢাকা।
এ ছাড়া সুলিভানের বড় যমজ দুই ভাই রোনান ও ডেকলান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের ফুটবলে সুলিভানের উত্থান বাংলাদেশের ফুটবল অঙ্গনেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
ফিলাডেলফিয়ায় জন্ম নেওয়া এই তরুণের পারফরম্যান্স এখন যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসছে।
প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে স্বীকৃতি
বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচনের ভোটে সুলিভানের পেছনে ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সম্ভাবনাময় দুই তরুণ ফুটবলার। দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল এবং তৃতীয় হয়েছেন একই দলের আদি মেহমেতি।
এমএলএসের এই পুরস্কার দেওয়া হয় লিগের ২২ বছর বা তার কম বয়সী সেরা খেলোয়াড়কে। ক্লাবগুলোর কারিগরি বিভাগের কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হয়।
২০২০ সালে প্রথমবার এই পুরস্কার চালু করা হয়। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেওয়া হতো এমএলএসের বর্ষসেরা নবীন খেলোয়াড়ের পুরস্কার। নতুন স্বীকৃতিটি সেই পুরস্কারের পরিবর্তে চালু করা হয়।
মাত্র ১৭ বছর বয়সে এমন অর্জন সুলিভানের ক্যারিয়ারে বড় মাইলফলক। বাংলাদেশের পারিবারিক শিকড় এবং যুক্তরাষ্ট্রের ফুটবলে তাঁর দ্রুত উত্থান—দুই মিলিয়ে ভবিষ্যতে তাঁর অগ্রযাত্রার দিকে নজর থাকবে দুই দেশের ফুটবলপ্রেমীদের।












