খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম শেখ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, হালিম শেখকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মাথা ও বুকে গুলি লাগে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হালিম শেখ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। একই ওয়ার্ডের যুবলীগের রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে হালিম শেখ গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।











