পোষা প্রাণী হিসেবে বিড়াল না কুকুর—এই বিতর্ক বহু পুরোনো। তবে সাম্প্রতিক সময়ে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যেন স্পষ্টভাবেই এগিয়ে যাচ্ছে বিড়াল। শহুরে জীবনের ব্যস্ততা, একাকীত্ব, ছোট ফ্ল্যাটে বসবাস আর সন্তান নেওয়ার আগ্রহ কমে যাওয়ার মতো নানা সামাজিক পরিবর্তনের কারণে এখন অনেকেই বিড়ালকে জীবনের সহজ সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন।
তাইওয়ানে ২০২৫ সালে প্রথমবারের মতো পোষা বিড়ালের সংখ্যা কুকুরকে ছাড়িয়ে গেছে। সরকারি এক জরিপে দেখা গেছে, ২০২৩ সালে যেখানে বিড়ালের সংখ্যা ছিল প্রায় ১৩ লাখ, সেখানে এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখে। একই ধরনের প্রবণতা এর আগেই দেখা গেছে চীন ও জাপানে। দক্ষিণ কোরিয়া ও হংকংয়েও বিড়ালের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
শহুরে জীবনে বিড়াল কেন বেশি জনপ্রিয়

বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ শহরগুলোতে মানুষ এখন ছোট ছোট অ্যাপার্টমেন্টে বসবাস করছে। দীর্ঘ কর্মঘণ্টা আর ব্যস্ত জীবনযাত্রার কারণে কুকুরের মতো প্রাণী দেখভালের সময় অনেকেরই নেই। কুকুরকে নিয়মিত বাইরে হাঁটাতে নিতে হয়, আলাদা যত্নও বেশি লাগে। কিন্তু বিড়াল তুলনামূলকভাবে কম ঝামেলার।
হংকংয়ের এক বাসিন্দা বলেন, শহরের জীবনে বিড়াল পালন অনেক সহজ। কুকুরকে বারবার বাইরে নিতে হয় না, আর বিড়াল ঘরের ভেতরেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। অনেকের কাছে বিড়ালকে দেখতে আরও আকর্ষণীয়ও মনে হয়।
একাকীত্বের সঙ্গী হয়ে উঠছে পোষা প্রাণী
মনোবিজ্ঞানীরা মনে করছেন, সমাজে বিয়ে ও সন্তান নেওয়ার প্রবণতা কমে যাওয়াও এই পরিবর্তনের বড় কারণ। অনেক মানুষ এখন পোষা প্রাণীকেই পরিবারের সদস্যের মতো ভাবছেন। বিশেষ করে যারা একা থাকেন, তাদের কাছে বিড়াল মানসিক স্বস্তির বড় উৎস হয়ে উঠছে।
জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশে তরুণদের মধ্যে একাকীত্ব বেড়ে যাওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ বাড়ছে। কাজের চাপ, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারের কারণে অনেক তরুণ মানসিক চাপে ভুগছেন। এই বাস্তবতায় পোষা প্রাণী যেন মানুষের আবেগের আশ্রয় হয়ে উঠছে।

দক্ষিণ কোরিয়ায় বদলাচ্ছে পুরোনো ধারণা
এক সময় দক্ষিণ কোরিয়ায় বিড়ালকে অশুভ প্রাণী হিসেবে দেখা হতো। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। বিশেষ করে মহামারির পর ঘরে থাকার প্রবণতা বাড়ায় বিড়াল পালনের জনপ্রিয়তা আরও বেড়েছে। প্রাণী দত্তককেন্দ্রগুলোর কর্মীরাও বলছেন, এখন আগের চেয়ে অনেক বেশি মানুষ বিড়াল দত্তক নিতে আগ্রহ দেখাচ্ছেন।
পোষা প্রাণী ঘিরে বাড়ছে বড় অর্থনীতি
শুধু মানসিক সম্পর্ক নয়, পোষা প্রাণীকে ঘিরে বড় অর্থনীতিও তৈরি হচ্ছে। চীনে পোষা প্রাণীর খাবারের বাজার দ্রুত বাড়ছে। গবেষণায় বলা হয়েছে, আগামী কয়েক বছরে এই খাতের আকার কয়েক গুণ বাড়তে পারে। দক্ষিণ কোরিয়ায় তো এমন অবস্থাও হয়েছে, যেখানে শিশুর গাড়ির চেয়ে পোষা প্রাণীর গাড়ি বেশি বিক্রি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সমাজের বাস্তবতা বদলানোর সঙ্গে মানুষের আবেগ ও সম্পর্কের ধরনও বদলাচ্ছে। সন্তান বা পরিবারের অভাব অনেকেই এখন পোষা প্রাণীর মাধ্যমে পূরণ করার চেষ্টা করছেন। আর সেই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে বিড়াল।
পূর্ব এশিয়ার শহুরে সমাজে তাই এখন বিড়াল শুধু পোষা প্রাণী নয়, বরং একাকী জীবনের নীরব সঙ্গী।



সারাক্ষণ রিপোর্ট 



















