পেঁয়াজের দাম হঠাৎ কমে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রে চরম সংকটে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। এই পরিস্থিতিতে নাসিক ও ছত্রপতি সম্ভাজীনগর জেলায় সোমবার বিক্ষোভে নামেন হাজারো কৃষক। তাদের দাবি, সরকারকে প্রতি কেজি পেঁয়াজ ২৫ রুপিতে কিনতে হবে এবং কম দামে বিক্রি করা কৃষকদের প্রতি কুইন্টালে ১ হাজার ৫০০ রুপি ক্ষতিপূরণ দিতে হবে।
এশিয়ার সবচেয়ে বড় পেঁয়াজ বাজার হিসেবে পরিচিত নাসিকের লাসালগাঁও বাজারে কৃষকদের আন্দোলনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক নেতাও। অন্যদিকে সমৃদ্ধি মহাসড়কের পাশে জামবারগাঁও এলাকাতেও আলাদা বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উৎপাদন খরচই উঠছে না
কৃষকদের অভিযোগ, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ পড়ছে ১৭ থেকে ২০ রুপি। এর সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে অনেক কম দামে। ফলে অধিকাংশ কৃষক লোকসানের মুখে পড়েছেন।
লাসালগাঁও কৃষি উৎপাদন বাজার কমিটির এক কর্মকর্তা বলেন, কৃষকদের অনেকেই বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করছেন। সংসার চালানোর জন্য দ্রুত নগদ অর্থের প্রয়োজন হওয়ায় তারা ক্ষতির পরও বাজারে পণ্য ছাড়ছেন।
সরকারি ঘোষণায় অসন্তোষ
সম্প্রতি ভারতের কেন্দ্র সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি পেঁয়াজ ১২ দশমিক ৩৫ রুপিতে কেনার ঘোষণা দেয়। তবে কৃষকদের দাবি, এই দাম উৎপাদন ব্যয়ের তুলনায় অনেক কম। তারা বলছেন, এতে কৃষকদের সংকট আরও বাড়বে।
বিক্ষোভকারীদের মতে, সরকারের পক্ষ থেকে দ্রুত ন্যায্যমূল্য নিশ্চিত না করা হলে আন্দোলন আরও বিস্তৃত হবে। তারা জাতীয় কৃষি সমবায় বিপণন সংস্থার মাধ্যমে সরাসরি পেঁয়াজ সংগ্রহেরও দাবি জানিয়েছেন।

আবহাওয়ার আঘাতে বাড়তি ক্ষতি
নাসিক অঞ্চলের কৃষক নিবৃত্তি ন্যাহারকার জানান, চলতি মৌসুমে তিনি আড়াই একর জমিতে পেঁয়াজ চাষে প্রায় ১ লাখ রুপি বিনিয়োগ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিক্রি করে পেয়েছেন মাত্র ৬০ হাজার রুপি।
তিনি বলেন, মার্চ মাসে শিলাবৃষ্টি ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে পেঁয়াজের মান নষ্ট হয়েছে। একই সঙ্গে সার ও কীটনাশকের দামও বেড়ে গেছে। এতে কৃষকদের লোকসান আরও বেড়েছে।
রপ্তানি কমে যাওয়ায় বাজারে অতিরিক্ত সরবরাহ
কৃষক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি ও পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে পেঁয়াজ রপ্তানি কমে গেছে। ফলে দেশের বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়েছে। এর প্রভাবেই পাইকারি বাজারে দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে।
কৃষক নেতাদের মতে, বর্তমানে অনেক কৃষক প্রতি কুইন্টাল পেঁয়াজ ৬০০ থেকে ৮৫০ রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে চাষাবাদ চালিয়ে যাওয়া নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পেঁয়াজের দাম কমে মহারাষ্ট্রে কৃষকদের বিক্ষোভ, ন্যায্যমূল্য ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















