তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না সরকার?
বিবিসি নিউজ বাংলা,
বাংলাদেশে শিশুদের মধ্যে মহামারি আকারে হাম ছড়িয়ে পড়ার পর তিন মাস পেরিয়ে গেলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। ফলে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
সরকারি হিসাব অনুযায়ী, হাম ও এই রোগের উপসর্গে সংক্রমণের সংখ্যা ইতোমধ্যেই ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে অন্তত ৬৫২টি শিশু।
এত মৃত্যুর জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
“সরকারের মিস ম্যানেজমেন্টের জন্যই এত মৃত্যু হয়েছে। যদি ম্যানেজমেন্টটা ভালো করা যেত, তাহলে এত মৃত্যু হতো না,” বিবিসি বাংলাকে বলছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বে-নজির আহমেদ।

ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরও হামকে মহামারি ঘোষণা করে সারা দেশে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি না করাটা সরকারের একটা ‘বড় ভুল সিদ্ধান্ত ছিল’ বলেও মনে করেন তিনি।
তবে অব্যবস্থাপনার কারণে হামে মৃত্যু বেড়েছে- এমন অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সেইসঙ্গে দাবি করেছেন, সরকার যথাসময়ে ব্যবস্থা নেওয়ার কারণে হামে তুলনামূলক কম শিশু মারা গেছে।
“আমরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার ১৫ দিন পরেই হামের এটা শুরু হলো। আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিতাম, তাহলে হাজার হাজার শিশুর মৃত্যু হতো,” বিবিসি বাংলাকে বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুহিত।
দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রথম আলো,
ভারতের দিল্লিতে প্রবেশে বাধার পর আজ সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। কলম্বো থেকে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দুপুর ১২টার আগে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকায় সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রবেশে বাধা দেওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। সেখানে গতকাল ঠিক কী ঘটেছিল, তা জানার পর করণীয় ঠিক করা হবে।

কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানায়।
গতকাল রাতেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা দেন জাহেদ উর রহমান। আজ ভোরে তিনি কলম্বো পৌঁছান। সকাল আটটার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
১৩ অঞ্চলে ঝড়ের আভাস
দৈনিক যায়যায়দিন,
আজ সোমবার (১৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ঢাকাসহ আশপাশের এলাকায় সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি, আরও একজনের মৃত্যু
বাংলাদেশ প্রতিদিন,
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি। মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, রবিবার দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৩ হাজার ৯৪৫ জন বাংলাদেশি।
এছাড়াও সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে আরও ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৩ জন। পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫২ হাজার ৫৫৫ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।
সারাক্ষণ ডেস্ক 



















