১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো মারাদোনার ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোলের সময় ব্যবহৃত ফুটবলটি নিলামে ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।
১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ে মারাদোনা বিতর্কিত সেই গোলটি করেছিলেন। গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন তিনি। ম্যাচের পর সাংবাদিকদের মারাদোনা বলেছিলেন, গোলটি হয়েছিল ‘মারাদোনার মাথা এবং ঈশ্বরের হাতের’ কিছুটা অবদানে।
একই ম্যাচে শতাব্দীর সেরা গোল
ওই ম্যাচেই মারাদোনা আরও একটি গোল করেন, যা পরে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে পরিচিতি পায়। মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেন তিনি।
মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোলের ফুটবলটি যুক্তরাষ্ট্রে নিলামে ৩৩ লাখ ডলার বা প্রায় ২৫ লাখ পাউন্ডে বিক্রি হলেও এর দাম প্রায় ১ কোটি ডলার বা ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।
তিন দশকের বেশি সময় ধরে সংরক্ষণ
১৯৮৬ সালের সেই ম্যাচের তিউনিসীয় রেফারি আলি বিন নাসের খেলা শেষে ফুটবলটি সংগ্রহ করে নিজের কাছে রেখে দেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি সেটি সংরক্ষণ করেন।
২০২৩ সালে বিন নাসের একটি লিখিত প্রত্যয়নপত্রে নিশ্চিত করেন, ম্যাচটিতে এটিই একমাত্র ব্যবহৃত ফুটবল ছিল। পরবর্তী সময়ে স্বাধীনভাবে করা যাচাই-বাছাইয়েও বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ২০২২ সালে বিন নাসের ফুটবলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। পরের মালিক ২০২৩ সালে আবার সেটি নিলামে তোলেন। তবে নির্ধারিত সর্বনিম্ন মূল্য অনুযায়ী দর না ওঠায় তখন ফুটবলটি বিক্রি হয়নি।
মারাদোনা ওই ম্যাচে যে জার্সি পরেছিলেন, সেটিও ২০২২ সালে নিলামে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।
সারাক্ষণ রিপোর্ট 



















