বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এখনো সীমিত। গ্যালাপের জরিপ বলছে, দেশের প্রাপ্তবয়স্কদের মাত্র ১০ দশমিক ১ শতাংশ কাজে বা ব্যক্তিগতভাবে এআই ব্যবহার করেছেন। আর ৬৪ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, তাঁরা এআই সম্পর্কে জানেন না।
মাইক্রোসফটের সঙ্গে গ্যালাপের চলমান গবেষণায় প্রথম ৩৭টি দেশের ফলাফলে বাংলাদেশের এই চিত্র উঠে এসেছে।
প্রতিদিন ব্যবহার করেন ১ দশমিক ৮ শতাংশ
দেশে প্রতিদিন এআই ব্যবহার করেন ১ দশমিক ৮ শতাংশ প্রাপ্তবয়স্ক। সপ্তাহে ব্যবহার করেন ৩ দশমিক ৪ শতাংশ। সপ্তাহের চেয়েও বেশি বিরতি দিয়ে ব্যবহার করেন ৪ দশমিক ৯ শতাংশ।
আরও ২৫ দশমিক ৭ শতাংশ এআই সম্পর্কে জানেন, তবে কখনো ব্যবহার করেননি। জরিপের ৩৭টি দেশের ব্যবহারকারীর হার ক্রমানুসারে সাজালে মাঝের মানটি ৪৩ শতাংশ, যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি।
উপকার নিয়ে কী ভাবছেন মানুষ
বাংলাদেশে যাঁরা এআই সম্পর্কে জানেন, তাঁদের ৩৪ শতাংশ মনে করেন প্রযুক্তিটি দেশের মানুষের উপকারই বেশি করবে। প্রশ্নটি শুধু তাঁদেরই করা হয়েছিল।












