চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়্যারলেস এলাকায় মো. হৃদয় (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. কামরুল ওরফে পিচ্চি কামরুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হৃদয় ওই এলাকায় তার দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে ফুটপাতে সবজি বিক্রি করতেন। তাদের বাসাও ছিল একই এলাকায়। স্থানীয়ভাবে তিনি সবজি বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সবজি বিক্রি শেষ করে হৃদয় বাসায় ফিরে যান। এর কিছুক্ষণ পর এক ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।
তবে ঠিক কী কারণে এবং কারা হৃদয়কে হত্যা করেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় মো. কামরুল ওরফে পিচ্চি কামরুলকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহত যুবকের কানে আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ছুরিকাঘাতের ফলে গুরুতর জখম হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।












