কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন। বিজিবির সতর্কতা, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা এবং কার্যকর পদক্ষেপের কারণে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন ঠোঠারপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষান ক্যাম্পের সদস্যরা সীমান্তের ১৫৩/৯-এস নম্বর পিলার এলাকা দিয়ে ওই চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

তবে সীমান্তে বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান ও দ্রুত পদক্ষেপের কারণে বিএসএফের সেই চেষ্টা সফল হয়নি। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে সকাল ৮টার দিকে ওই চারজনকে ভারতের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রস্তুত।












