রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসন এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সাজেক জনঅধিকার সংরক্ষণ কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়।
অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাজেক ভ্যালিতে বেড়াতে যাওয়া পর্যটকদের অনেকে সেখানে আটকা পড়েছেন। স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ায় পর্যটকদের নিরাপত্তা ও চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে সাজেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো কাজ করছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা না করতে পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।













