ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে উজ্জ্বল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা ও সীমান্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে। তবে গুলির ঘটনা এবং হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হারুন অর রশিদের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও সীমান্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, শনিবার দুপুরের দিকে উজ্জ্বল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের নদীয়া জেলার হাঁসখালি থানার অধীন পাখুরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, গুলিতে উজ্জ্বল আহত হন। তাঁর শরীরে রাবার বুলেটের আঘাত লেগেছে বলে জানা গেছে। পরে স্বজন ও পরিচিত ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেন। এরপর গোপনে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে সূত্রগুলো জানিয়েছে।
এ বিষয়ে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের (মহেশপুর) উপ-অধিনায়ক মুনশি ইমদাদুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করতে বিজিবির একটি বিশেষ টহল দল উজ্জ্বলের বাড়িতে পাঠানো হয়েছিল। তবে পরিবারের সদস্যরা তাঁদের কাছে সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, সীমান্তে প্রকৃতপক্ষে কী ঘটেছে এবং কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।












