জার্মানির বাভারিয়ান আল্পসের পাহাড়চূড়ায় অবস্থিত নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ঐতিহাসিক অবকাশকেন্দ্র ‘ঈগলস নেস্ট’-এ ভয়াবহ আগুন লেগে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় নাশকতার সন্দেহে ৩৩ বছর বয়সী এক জার্মান নাগরিককে আটক করেছে পুলিশ। তুষারপাত, প্রবল বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নেভাতে দমকলকর্মীদের বেগ পেতে হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
ইউএনবির প্রতিবেদন অনুযায়ী, জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলে বাভারিয়া রাজ্যের বের্শটেসগাডেন এলাকায় শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে জরুরি সেবাকেন্দ্রে আগুন লাগার খবর আসে। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পাহাড়ের সরু সড়ক ধরে এগোনোর সময়, কয়েকটি সুড়ঙ্গ পেরিয়ে যাওয়ার পথে তাঁরা ভবনটির দিকে আগুনের শিখা দেখতে পান।
ঘটনাস্থলে যাওয়ার পথে পাহাড়ি সড়ক দিয়ে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে নেমে আসা এক ব্যক্তিকে থামিয়ে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে অগ্নিসংযোগের সন্দেহে তদন্ত শুরু হয়।
মানসিক অসুস্থতার লক্ষণ, রাজনৈতিক উদ্দেশ্যও খতিয়ে দেখা হচ্ছে
কৌঁসুলিরা জানান, আটক ৩৩ বছর বয়সী ওই জার্মান নাগরিকের সঙ্গে বের্শটেসগাডেন এলাকার সম্পর্ক রয়েছে, যদিও বর্তমানে তিনি সেখানে বসবাস করেন না। জিজ্ঞাসাবাদের সময় তাঁর মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা যায়। পরে তাঁকে একটি মনোরোগ চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।
তবে তদন্তকারীরা শুধু ব্যক্তিগত কর্মকাণ্ডের সম্ভাবনাতেই সীমাবদ্ধ থাকছেন না। ভবনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় আগুনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তুষারপাত ও বাতাসে ব্যাহত আগুন নেভানোর কাজ
আগুন লাগার পর বৃষ্টি এবং মৌসুমের প্রথম উল্লেখযোগ্য তুষারপাত শুরু হয়। সঙ্গে ছিল প্রবল বাতাস। দুর্গম পাহাড়ি অবস্থান ও বৈরী আবহাওয়ার কারণে দমকলকর্মীদের কাজ আরও কঠিন হয়ে পড়ে।
কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাতের দিকে দমকলকর্মীদের সাময়িকভাবে সরে যেতে হয়। ভবন থেকে ধসে পড়তে পারে এমন ধ্বংসাবশেষের ঝুঁকি থাকায় শনিবারও তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি। কর্তৃপক্ষ আশা করেছিল, ওই দিনই আগুন নেভানোর কাজ শেষ করা সম্ভব হবে।
আগুনে ভবনটির ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ কিংবা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নাৎসি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা
জার্মান ভাষায় ভবনটির নাম ‘কেলস্টাইনহাউস’। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮৩৪ মিটার বা ৬ হাজার ১৭ ফুট উচ্চতায় একটি খাড়া পাহাড়ের ওপর এটি নির্মিত। পাহাড়ি সড়কের শেষ প্রান্তে পাথরের ভেতর তৈরি একটি লিফট ব্যবহার করে দর্শনার্থীরা ভবনটিতে পৌঁছাতে পারেন। সড়কটি সাধারণ যানবাহনের জন্য বন্ধ থাকলেও দিনের বেলায় পর্যটকবাহী বাস চলাচল করে।
নাৎসি শাসক হিটলারের জন্য নির্মিত এই স্থাপনাটি তিনি খুব কম ব্যবহার করতেন। একই এলাকায় তাঁর আরেকটি বাসভবন ‘বের্গহফ’ ছিল, যা তিনি তুলনামূলক বেশি ব্যবহার করতেন। ওই বাসভবনের ধ্বংসাবশেষ ১৯৫২ সালে বিস্ফোরণের মাধ্যমে সরিয়ে ফেলা হয়।
১৯৫২ সাল থেকে ঈগলস নেস্ট ক্যাফে ও রেস্তোরাঁ হিসেবে পরিচালিত হয়ে আসছে। সেখানে ভবনটির ইতিহাস নিয়ে একটি প্রদর্শনীও রয়েছে। পাহাড়ের নিচের দিকে অবস্থিত ওবারজালৎসবের্গ ডকুমেন্টেশন সেন্টার, যেখানে এলাকার প্রধান ঐতিহাসিক প্রদর্শনী রয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
পুনর্নির্মাণের পরিকল্পনা
ভবনটির মালিক বাভারিয়া রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়োয়াখিম হেরমান জানিয়েছেন, ঈগলস নেস্টকে ধ্বংসস্তূপ হিসেবে ফেলে রাখা হবে না; এটি পুনর্নির্মাণ করা হবে। তবে কীভাবে পুনর্নির্মাণের কাজ পরিচালিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি জানান, স্থানীয় প্রশাসন, ইতিহাসবিদ, ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভবনটির ভবিষ্যৎ রূপ নির্ধারণ করা হবে। হেরমানের মতে, অতীতের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের কাজ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।












