ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) কর্মরত হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকদের বেতন, কর্মঘণ্টা ও পেনশন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আগামী নভেম্বরের শেষ দিকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন হাজার হাজার কনসালট্যান্ট চিকিৎসক। তাঁদের দাবি, মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে বেতন বাড়াতে হবে এবং সাপ্তাহিক কর্মঘণ্টা ৪০ থেকে কমিয়ে ৩৫ ঘণ্টা করতে হবে। অতিরিক্ত কাজের চাপ থেকে তৈরি হওয়া ক্লান্তি কমানোর যুক্তিতে তাঁরা এই দাবি তুলেছেন।
তবে চিকিৎসকদের এই কর্মসূচি নিয়ে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ ও চিকিৎসক সমাজের একাংশের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন—বছরে গড়ে প্রায় দেড় লাখ পাউন্ড আয় করা চিকিৎসকদের আরও বেশি বেতন ও কম কর্মঘণ্টার দাবি কতটা যৌক্তিক, বিশেষ করে যখন স্বাস্থ্যসেবার অন্য কর্মীরাও চাপের মধ্যে রয়েছেন?
ধর্মঘটের পক্ষে জনসমর্থন কম
ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃত্বে ধর্মঘটের ঘোষণা আসার পর দেশটির স্বাস্থ্যসচিব ইয়েভেট কুপার এই কর্মসূচিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এতে আগে থেকেই চাপে থাকা স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও সংকটে পড়বে।
ইউগভের এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৫৮ শতাংশ প্রাপ্তবয়স্ক এই ধর্মঘটের বিরোধিতা করেন। সমর্থন জানিয়েছেন ৩১ শতাংশ।
এনএইচএসে প্রায় ৬৭ হাজার কনসালট্যান্ট চিকিৎসক কাজ করেন। তাঁদের প্রায় অর্ধেক বিএমএর সদস্য। চলতি বছরের ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন ১৩ হাজার ৬৯৫ জন চিকিৎসক। ভোটদানের হার কম হলেও সেই ভোটের ভিত্তিতেই ধর্মঘটের প্রস্তাব পাস হয়েছে।
এনএইচএসের সর্বোচ্চ বেতনভোগীদের অন্যতম
যুক্তরাজ্যে কনসালট্যান্ট চিকিৎসকেরা সর্বোচ্চ বেতন পাওয়া কর্মীদের শীর্ষ ২ শতাংশের মধ্যে রয়েছেন। এনএইচএসে সদ্য কনসালট্যান্ট হওয়া চিকিৎসকের মূল বেতন বছরে ১ লাখ ১৩ হাজার পাউন্ড। অন্তত ১৪ বছরের অভিজ্ঞতা হলে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫১ হাজার পাউন্ডে। সন্ধ্যা ও সপ্তাহান্তের দায়িত্ব পালনের অতিরিক্ত পারিশ্রমিকও এর সঙ্গে যুক্ত হতে পারে।
চলতি বছরের আগস্ট পর্যন্ত ১২ মাসে কনসালট্যান্টদের গড় আয় ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৬৮ পাউন্ড। এই আয় একজন সাধারণ নার্স বা মিডওয়াইফের গড় বেতনের তিন গুণেরও বেশি।
গত চার বছরে তাঁদের মোট বেতন বেড়েছে ২৮ দশমিক ৫ শতাংশ। গড় আয়ের একজন জ্যেষ্ঠ চিকিৎসকের ক্ষেত্রে এই বৃদ্ধি প্রায় ২৫ হাজার পাউন্ড। একই সময়ে যুক্তরাজ্যের ভোক্তা মূল্যসূচক অনুযায়ী মূল্যস্ফীতি ছিল ১৮ দশমিক ৪ শতাংশ।
তবে বিএমএর দাবি, দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির তুলনায় বেতন কমে যাওয়ায় চিকিৎসকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংগঠনটির হিসাবে, গত ১৭ বছরে প্রকৃত মজুরি কমেছে ২৫ শতাংশ। এ হিসাবের ভিত্তি হিসেবে তারা খুচরা মূল্যসূচক ব্যবহার করেছে। অন্যদিকে, সরকার ও পরিসংখ্যানবিদদের বেশি ব্যবহৃত ভোক্তা মূল্যসূচক অনুযায়ী ২০০৯ সালের পর প্রকৃত বেতন কমেছে প্রায় ১০ শতাংশ।
পেনশন ও ব্যক্তিগত চিকিৎসা থেকে বাড়তি আয়
এনএইচএসের বেতনের বাইরেও কিছু কনসালট্যান্ট ব্যক্তিগত চিকিৎসাসেবা দিয়ে আয় বাড়ানোর সুযোগ পান। ব্যক্তিগত খাতে কর্মরত কনসালট্যান্টদের গড় আয় বছরে ২ লাখ থেকে ৩ লাখ পাউন্ড। আনুমানিক প্রতি পাঁচজন কনসালট্যান্টের একজন ব্যক্তিগত চিকিৎসাসেবায় যুক্ত, আর ব্যক্তিগত খাতের ৯৮ শতাংশ কনসালট্যান্ট এনএইচএসেও কাজ করেন।
পেনশন সুবিধাও তাঁদের পারিশ্রমিকের গুরুত্বপূর্ণ অংশ। ২০১৫ সাল থেকে চালু পেনশন ব্যবস্থায় নির্ধারিত নিয়মে চিকিৎসকের বার্ষিক বেতনের ১ দশমিক ৮৫ শতাংশ হারে পেনশন সুবিধা জমা হয়। এতে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বিত নিশ্চিত পেনশনের ব্যবস্থা রয়েছে। পেনশন তহবিলে এনএইচএস চিকিৎসকের বেতনের ২৩ দশমিক ৭ শতাংশ অর্থ দেয়।
কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট ডেভিড হিলডিক-স্মিথ প্রশ্ন তুলেছেন, নার্স বা শিক্ষকদের মতো অন্য পেশাজীবীদের তুলনায় উচ্চ বেতন পাওয়া চিকিৎসকেরাই কি সীমিত সরকারি অর্থের বড় অংশ পাওয়ার বেশি যোগ্য? তাঁর মতে, চাকরির নিরাপত্তা, সম্মান, ছুটি ও পেনশন সুবিধাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সরকারি হিসাব অনুযায়ী, কনসালট্যান্টদের সাপ্তাহিক কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা কমালে করদাতাদের বছরে ২০০ কোটি থেকে ৩০০ কোটি পাউন্ড পর্যন্ত অতিরিক্ত ব্যয় হতে পারে।
কর্মপরিবেশের চাপও উপেক্ষণীয় নয়
তবে সব কনসালট্যান্টের কাজের চাপ এক রকম নয়। বিশেষ করে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের পরিস্থিতি অনেক কঠিন। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের এক জরুরি বিভাগের কনসালট্যান্ট জানিয়েছেন, রোগীর অতিরিক্ত চাপ ও করিডরে চিকিৎসা দেওয়ার পরিস্থিতি তাঁদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাঁর বার্ষিক আয় ১ লাখ ৩৫ হাজার পাউন্ডের বেশি হলেও ব্যক্তিগত জরুরি চিকিৎসাসেবার সুযোগ না থাকায় বাড়তি আয়ের পথ সীমিত।
তিনি জানান, অনেক সময় নির্ধারিত কর্মঘণ্টা শেষ হওয়ার পরও রোগীদের চিকিৎসা দিতে বিনা পারিশ্রমিকে কয়েক ঘণ্টা কাজ করতে হয়। রোগীর সংখ্যা করিডরে প্রায় ২০ জন ছাড়িয়ে গেলে তাঁদের আর চিকিৎসা দেওয়ার মতো জায়গা থাকে না।
কর্মপরিবেশের এই অবনতিতে তরুণ চিকিৎসকদের মধ্যেও হতাশা বাড়ছে। তাঁদের অনেকে অস্ট্রেলিয়ার মতো দেশে কাজ করার কথা ভাবছেন, যেখানে তুলনামূলক ভালো বেতন ও কর্মপরিবেশের সুযোগ রয়েছে।
অন্যদিকে, ধর্মঘটের বিরোধী এক ইউরোলজি কনসালট্যান্ট জানিয়েছেন, কনসালট্যান্ট হওয়ার পর তাঁর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আগের তুলনায় অনেক ভালো হয়েছে। তাঁর মতে, উচ্চ বেতন পাওয়া চিকিৎসকদের ধর্মঘট জনসাধারণের কাছে তাঁদের ভাবমূর্তির ক্ষতি করতে পারে। তবে জরুরি চিকিৎসাসেবায় কর্মরত চিকিৎসকদের চাপ ও অতিরিক্ত দায়িত্বের বিষয়টিও তিনি স্বীকার করেছেন।
বেতন ও কর্মঘণ্টা নিয়ে এই বিরোধে তাই দুটি বাস্তবতা সামনে এসেছে—একদিকে উচ্চ বেতন ও সুবিধা নিয়ে জনঅসন্তোষ, অন্যদিকে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশে বাড়তে থাকা কাজের চাপ, কর্মীসংকট ও চিকিৎসকদের পেশা ছেড়ে বিদেশে যাওয়ার প্রবণতা।
ব্রিটেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ধর্মঘটের এই বিতর্ক কেবল বেতন বাড়ানোর দাবি নয়; চিকিৎসকদের কাজের পরিবেশ, সরকারি ব্যয় এবং এনএইচএসের ভবিষ্যৎ জনবল ধরে রাখার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে।












