চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এড়াতে সমঝোতার অংশ হিসেবে হাইব্রিড গাড়ি আমদানিতে আনুষ্ঠানিকভাবে কোটা নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের নিজস্ব গাড়িশিল্পকে সুরক্ষা দিতে নেওয়া এ সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
মঙ্গলবার ইইউ জানায়, গত মাসে চীনের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী ২৭ সদস্যের এই জোটে চীনের প্লাগ-ইন হাইব্রিডসহ অন্যান্য হাইব্রিড গাড়ি রপ্তানির পরিমাণ সীমিত করা হবে।
ইউরোপীয় কমিশনের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এ ধরনের গাড়ি আমদানি দ্রুত বেড়ে যাওয়ায় ইউরোপের শিল্প খাত সুরক্ষায় বিধিনিষেধ প্রয়োজন। তবে পদক্ষেপটি মূলত চীনা গাড়িকে লক্ষ্য করে নেওয়া হলেও আন্তর্জাতিক বাণিজ্যবিধি মেনে এটি সব দেশের হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
দীর্ঘদিন ধরে চীনের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ করে আসছে ব্রাসেলস। এসব অভিযোগের মধ্যে রয়েছে পণ্য ডাম্পিং, মুদ্রার মূল্য নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমে দেশটির উৎপাদকদের সুবিধা দেওয়া। ইউরোপীয় কর্মকর্তাদের দাবি, এ ধরনের চর্চার কারণে ইউরোপের গাড়ি নির্মাতারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউরোপীয় কমিশনের মতে, বিশ্বজুড়ে গাড়ি উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা বেড়ে যাওয়ায় ইউরোপের বাজারে হাইব্রিড যাত্রীবাহী গাড়ির আমদানি বাড়ছে। পাশাপাশি বিশ্বের বড় বাজারগুলোতে বাণিজ্য সীমাবদ্ধতা বৃদ্ধিও আমদানির এই প্রবণতাকে প্রভাবিত করছে।
ইউরোপের ক্রেতাদের কাছে হাইব্রিড গাড়ি জনপ্রিয়। তুলনামূলক কম দামের মডেল নিয়ে চীনা নির্মাতারা এই বাজারে উল্লেখযোগ্য অংশীদারত্ব অর্জন করেছে। এতে ইউরোপের নিজস্ব গাড়ি উৎপাদকদের ওপর প্রতিযোগিতার চাপ বেড়েছে।
বড় রপ্তানিকারক দেশগুলোর ক্ষেত্রে আমদানির কোটা নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের আমদানির পরিমাণের চেয়ে সামান্য বেশি—প্রায় ১৫ শতাংশের বেশি। তবে চীনের জন্য আলাদা করে বছরে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার হাইব্রিড গাড়ি আমদানির সীমা নির্ধারণের কথা জানিয়েছে ব্রাসেলস।
এর আগে ২০২৬ সালে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নে ৮ লাখ পর্যন্ত হাইব্রিড গাড়ি আমদানি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। নতুন সীমা কার্যকর হলে চীনা গাড়ি নির্মাতাদের ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত হবে।












