চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের ১৯ নভেম্বরের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে। চীনের শেনজেনে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের এই মিলনকে কেউ কেউ পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার বিরুদ্ধে অভিন্ন অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন। কিন্তু তিন শক্তির নেতাদের এক টেবিলে বসা মানেই নতুন কোনো ইয়াল্টা চুক্তি বা বিশ্বক্ষমতার স্থায়ী পুনর্বণ্টন নয়। একই প্রতিপক্ষের বিরোধিতা করা আর অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের জন্য কৌশলগত অংশীদার হওয়া এক বিষয় নয়।
পুতিনের রাশিয়া এবং ট্রাম্পের রাজনৈতিক বলয়ের মধ্যে আদর্শিক ঘনিষ্ঠতা স্পষ্ট। উভয় পক্ষই উদারনৈতিক রাজনীতি, বহুত্ববাদ এবং পশ্চিমা প্রতিষ্ঠানের প্রচলিত কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু এই মিলের পেছনে রয়েছে ভিন্ন ইতিহাস, ভিন্ন জাতীয় স্বার্থ এবং বিশ্বক্ষমতা পরিচালনার সম্পূর্ণ আলাদা আকাঙ্ক্ষা। ফলে তাদের সম্পর্ককে একদিকে ক্রেমলিনের প্রভাব বিস্তারের কৌশল হিসেবে দেখলে বাস্তবতা অসম্পূর্ণ থেকে যায়, অন্যদিকে নিছক কাকতালীয় মিল বললেও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের মতাদর্শিক আদান-প্রদানের গুরুত্ব অস্বীকার করা হয়।
বরং এই সম্পর্ককে এমন এক আন্তর্দেশীয় রাজনৈতিক যোগাযোগ হিসেবে বোঝা প্রয়োজন, যা পুরোপুরি বিচ্ছিন্ন নয়, আবার সুসংগঠিত সামরিক বা কৌশলগত জোটও নয়।
অভিন্ন রাজনৈতিক ভাষা, ভিন্ন রাজনৈতিক ইতিহাস
পুতিনের রাশিয়া ও ট্রাম্পের যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বয়ানে কয়েকটি ধারণা বিশেষ গুরুত্ব পেয়েছে—কর্তৃত্ব, সার্বভৌমত্ব, সভ্যতা, জাতীয় পরিচয় এবং ঐতিহ্য। উভয় পক্ষই এসব ধারণাকে এমন এক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরে, যা তাদের ভাষায় উদারনৈতিক রাজনীতির অবক্ষয় থেকে রক্ষা করা প্রয়োজন।
এই অভিন্ন ভাষা শুধু রাষ্ট্রীয় বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। রক্ষণশীল খ্রিষ্টান নেটওয়ার্ক পরিবার, লিঙ্গপরিচয় ও সামাজিক মূল্যবোধ নিয়ে নিজেদের যুক্তি বিনিময় করছে। যুক্তরাষ্ট্রের সাবেক ফক্স নিউজ উপস্থাপক টাকার কার্লসনের মতো গণমাধ্যম ব্যক্তিত্ব রুশ রাজনৈতিক বক্তব্যকে মার্কিন দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে স্টিভ ব্যানন ও রাশিয়ার উগ্র জাতীয়তাবাদী চিন্তক আলেক্সান্দর দুগিনের মতো মতাদর্শিক উদ্যোক্তারা দুই দেশের রাজনৈতিক বিতর্কে ব্যবহৃত শব্দ, ধারণা ও সাংস্কৃতিক সংঘাতের বিষয়গুলো থেকে পারস্পরিকভাবে প্রভাবিত হয়েছেন।
এ ধরনের যোগাযোগের মধ্য দিয়ে দুই পক্ষই একে অন্যের মধ্যে নিজেদের রাজনৈতিক অবস্থানের সমর্থন খুঁজে পায়। রাশিয়ার কাছে ট্রাম্পপন্থী রাজনীতি পশ্চিমা উদারনৈতিক ঐকমত্যের দুর্বলতার প্রমাণ। একইভাবে ট্রাম্পপন্থীদের কাছে পুতিনের রাশিয়া এমন এক রাষ্ট্রের উদাহরণ, যেখানে জাতীয় কর্তৃত্ব ও ঐতিহ্যকে উদারনৈতিক মূল্যবোধের ওপরে স্থান দেওয়া হয়েছে।
তবে অভিন্ন রাজনৈতিক ভাষা মানেই অভিন্ন রাষ্ট্রীয় স্বার্থ নয়।
বিশ্বব্যবস্থা নিয়ে দুই পক্ষের লক্ষ্য আলাদা
মস্কো এমন একটি বহুমেরু বিশ্বব্যবস্থা চায়, যেখানে যুক্তরাষ্ট্রের একক প্রভাব কমবে এবং রাশিয়া বৃহৎ শক্তি হিসেবে নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে। বিপরীতে ট্রাম্পের রাজনৈতিক দর্শন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উদারনৈতিক প্রতিষ্ঠান ও মূল্যবোধের প্রভাব কমাতে চাইলেও বিশ্বমঞ্চে মার্কিন নেতৃত্ব অক্ষুণ্ণ রাখতে আগ্রহী।
এই পার্থক্য অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষেত্রেও দৃশ্যমান। ব্রিকস জোটের সদস্যরা আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে ওয়াশিংটনের স্বার্থের সংঘাত রয়েছে। একইভাবে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি আর্কটিক অঞ্চলে রাশিয়ার স্বার্থের সঙ্গে বিরোধ তৈরি করে।
দুই দেশের ক্ষমতার ভিত্তিও এক নয়। যুক্তরাষ্ট্র যোগাযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামরিক সক্ষমতার ক্ষেত্রে স্পেসএক্স, স্টারলিংক এবং প্যালান্টিরের মতো বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভর করছে। রাশিয়ার শক্তি এখনো অনেক বেশি রাষ্ট্রনিয়ন্ত্রিত ভূখণ্ড, সামরিক অবকাঠামো ও প্রচলিত ক্ষমতাকাঠামোর ওপর নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্যিক মহাকাশ প্রযুক্তি এবং নেটওয়ার্কভিত্তিক যুদ্ধব্যবস্থায় দেশটি যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে রয়েছে।
অর্থাৎ রাজনৈতিক বক্তব্যে ঘনিষ্ঠতা থাকলেও ক্ষমতা অর্জন ও ব্যবহারের পদ্ধতিতে দুই দেশের মধ্যে মৌলিক ব্যবধান রয়েছে।
ইউক্রেন যুদ্ধ: সমঝোতার ইচ্ছা মানেই ঐকমত্য নয়
এই বৈপরীত্য সবচেয়ে স্পষ্ট ইউক্রেন প্রশ্নে। ওয়াশিংটন ও মস্কো যুদ্ধের অবসান বা একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আলোচনা করতে পারে। কিন্তু আলোচনা শুরু হওয়া মানেই দুই পক্ষের অবস্থান কাছাকাছি এসেছে, এমন নয়।
৫ নভেম্বর হোয়াইট হাউসের পক্ষে প্রকাশিত মার্কিন বিশেষ দূত ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বক্তব্যে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা অনেকটাই উপেক্ষিত হয়েছে। সেখানে রাশিয়ার ব্যবহৃত ‘ইউরোপীয় নিরাপত্তা কাঠামো’ ধারণার প্রতিফলন থাকলেও রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিজস্ব জোট বেছে নেওয়ার স্বাধীনতার নীতিও বজায় রাখা হয়েছে। অথচ রাশিয়ার দাবির সঙ্গে এই নীতিগুলোর মৌলিক বিরোধ রয়েছে।
এখানেই বড় শক্তিগুলোর মধ্যে সমঝোতার সীমাবদ্ধতা প্রকাশ পায়। দুই পক্ষই আলোচনার টেবিলে বসতে পারে, কিন্তু যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, ইউক্রেনের ভবিষ্যৎ অবস্থান এবং ইউরোপের ভূমিকা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এক নয়।
ইউরোপের জন্য বিপদ: সমন্বয় ছাড়াই দুর্বল হয়ে পড়তে পারে
এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সামনে জটিল চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মস্কো এবং ট্রাম্পপন্থী মার্কিন রাজনৈতিক বলয়—উভয়ই এমন এক ইউরোপকে দুর্বল করতে আগ্রহী, যে ইউরোপ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে এবং নিজস্ব রাজনৈতিক অবস্থান ধরে রাখতে সক্ষম।
তবে তাদের উদ্দেশ্য এক নয়। রাশিয়া চায় ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাববলয় থেকে দূরে সরে আসুক। অন্যদিকে ট্রাম্পপন্থী রাজনীতি চায় ইউরোপীয় মিত্ররা মার্কিন সামরিক শক্তি, অস্ত্র এবং প্রযুক্তিগত অবকাঠামোর ওপর নির্ভরশীল থাকুক।
ফলে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমন্বয় না থাকলেও তাদের পদক্ষেপের সম্মিলিত প্রভাবে ইউরোপের কৌশলগত স্বাধীনতা সংকুচিত হতে পারে। এটি এমন এক পরিস্থিতি, যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর লক্ষ্য আলাদা হলেও ফলাফল একই দিকে যেতে পারে।
ইউরোপের প্রকৃত দুর্বলতা গণতন্ত্রের ভেতরে
রাশিয়া ও ট্রাম্পপন্থী রাজনীতির আদর্শিক নৈকট্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কিন্তু একে পূর্ণাঙ্গ কৌশলগত জোট হিসেবে দেখলে তাদের মধ্যকার স্বার্থের সংঘাত আড়ালে পড়ে যাবে। ইউরোপের জন্য সমস্যাটি শুধু সামরিক সক্ষমতা বা প্রযুক্তিগত প্রতিযোগিতার নয়; এর গভীরে রয়েছে নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতা।
ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন বোধ করা জনগোষ্ঠী, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থার সংকট এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণে অনীহা—এসব জায়গায় বাইরের শক্তি প্রভাব বিস্তারের সুযোগ খুঁজে পায়। মস্কো এবং ট্রাম্পপন্থী রাজনৈতিক শক্তি ইউরোপের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগাতে পারে। ফলে শুধু প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে কিংবা প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করে ইউরোপের সার্বভৌমত্ব নিশ্চিত করা সম্ভব নয়।
প্রয়োজন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা, নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর জনগণের আস্থা পুনর্গঠন করা। ইউরোপ যদি নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট মোকাবিলা করতে না পারে, তাহলে বাইরের চাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখা কঠিন হবে।
পুতিনের রাশিয়া ও ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যে আদর্শিক সাদৃশ্য বাস্তব এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সাদৃশ্য তাদের অভিন্ন কৌশলগত ভবিষ্যৎ নিশ্চিত করে না। বরং বিশ্বব্যবস্থার পরবর্তী অধ্যায়ে কে নিয়ম নির্ধারণ করবে, কোন শক্তি কোথায় প্রভাব বিস্তার করবে এবং ইউরোপ কতটা স্বাধীন থাকবে—এসব প্রশ্নে তাদের স্বার্থের সংঘাত আরও স্পষ্ট হতে পারে।
ইউরোপের জন্য তাই সবচেয়ে জরুরি কাজ শুধু দুই শক্তির সম্পর্ক পর্যবেক্ষণ নয়; নিজেদের গণতন্ত্রের ভিত্তি মজবুত করা। কারণ সামরিক ও প্রযুক্তিগত স্বাধীনতার স্থায়ী ভিত্তি তৈরি হয় রাজনৈতিকভাবে সক্ষম, আস্থাশীল ও ঐক্যবদ্ধ সমাজের মধ্য দিয়েই।












