ইরানের সাম্প্রতিক যুদ্ধ অভিজ্ঞতা দেশটির পারমাণবিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে তেহরান এমন এক অবস্থান বজায় রেখেছিল, যেখানে পারমাণবিক সক্ষমতা তৈরি করা হবে, কিন্তু চূড়ান্ত অস্ত্র নির্মাণের পথে দ্রুত এগোনো হবে না। এই কৌশলের লক্ষ্য ছিল পশ্চিমা শক্তিকে চাপে রাখা, আবার সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকিও এড়িয়ে চলা। কিন্তু সাম্প্রতিক হামলা, নেতৃত্বের পরিবর্তন এবং আঞ্চলিক সংঘাতের অভিজ্ঞতা ইরানের ক্ষমতাসীন মহলে ভিন্ন উপলব্ধি তৈরি করেছে: পারমাণবিক অস্ত্র না থাকলে কেবল সক্ষমতা অর্জন করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
এই পরিবর্তন শুধু ইরানের জন্য নয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক পারমাণবিক বিস্তার রোধ ব্যবস্থার জন্যও বড় চ্যালেঞ্জ। তেহরান যদি সত্যিই অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলে ওয়াশিংটনের সামনে প্রশ্ন দাঁড়াবে—কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক শক্তি দিয়ে সেই অগ্রযাত্রা কতটা ঠেকানো সম্ভব?
যুদ্ধের অভিজ্ঞতা থেকে নতুন নিরাপত্তা-ভাবনা
ইরানের পুরোনো পারমাণবিক নীতির কেন্দ্রে ছিলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের প্রতি তাঁর বিরোধিতা ছিল দীর্ঘদিনের, কিন্তু মার্কিন সামরিক শক্তির সক্ষমতা সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তাঁর অনুসৃত ‘না যুদ্ধ, না শান্তি’ নীতিতে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার সুযোগ ছিল, তবে সরাসরি অস্ত্র নির্মাণের সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া হতো।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তরুণ ও কঠোরপন্থী অংশের মধ্যে তখন থেকেই ধারণা জোরালো হতে থাকে, অতিরিক্ত সতর্কতা দেশটির নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী আলী খামেনি নিহত হওয়ার পর এই গোষ্ঠীর ধারণা আরও শক্ত হয়। তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে থাকা আর প্রকৃত পারমাণবিক শক্তি হওয়া এক বিষয় নয়।
আলী খামেনির উত্তরসূরি মোজতবা খামেনির প্রকাশ্য উপস্থিতি সীমিত। ফেব্রুয়ারির হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর রয়েছে। তবে তাঁর নামে প্রকাশিত বক্তব্যগুলো ইরানের কৌশলগত অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলতি মাসে জানান, সর্বোচ্চ নেতা ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। অন্য এক বক্তব্যে মোজতবা খামেনি সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
পারমাণবিক অস্ত্রের পক্ষে প্রকাশ্য চাপ
ইরানের নীতিনির্ধারণী মহলে এখন পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে বক্তব্য ক্রমেই প্রকাশ্য হচ্ছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুক্তি দিয়েছেন, বিপুলসংখ্যক আধুনিক যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জামের পেছনে অর্থ ব্যয়ের তুলনায় পারমাণবিক অস্ত্র অর্জন কম ব্যয়বহুল এবং কার্যকর প্রতিরোধের উপায় হতে পারে।
সংসদ সদস্যদের বক্তব্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে। তাঁদের কেউ কেউ মনে করছেন, পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়া প্রতিপক্ষের জন্য অনেক কঠিন হতো। তাঁদের যুক্তি, শক্তিশালী প্রতিরোধক্ষমতাই শান্তি নিশ্চিত করতে পারে; তাই দেশের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার সময় এসেছে।
সর্বোচ্চ নেতার কার্যালয়ের তদারককারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা, প্রতিরক্ষা নীতি পর্যালোচনা এবং নতুন প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্যে এসব পদক্ষেপকে জাতীয় প্রয়োজন হিসেবে তুলে ধরা হয়েছে।
এটি আলী খামেনির সময়কার সতর্ক অবস্থান থেকে বড় ধরনের সরে আসার ইঙ্গিত। সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ইসলামি প্রজাতন্ত্রের অস্তিত্বকে বিপন্ন করতে পারে—এমন আশঙ্কা তাঁর পারমাণবিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করত। বর্তমান নেতৃত্বের একটি অংশ বরং মনে করছে, যুদ্ধ ও অভ্যন্তরীণ বিদ্রোহের চাপ সামলে টিকে থাকার অভিজ্ঞতা তাদের আরও ঝুঁকি নেওয়ার সাহস দিয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন কি তেহরানের সুযোগ?
ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকেও নিজেদের পক্ষে সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছে। মধ্যবর্তী নির্বাচনের পর ওয়াশিংটনে রাজনৈতিক বিভাজন আরও প্রকট। মার্কিন জনগণের বড় অংশ ইরান যুদ্ধের বিরোধী, ডেমোক্র্যাটদের মধ্যেও এই বিরোধিতা প্রবল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযান বন্ধ করে অর্থনৈতিক চাপের ওপর নির্ভর করছেন। নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক পদক্ষেপ তেহরানকে উদ্বিগ্ন করলেও এখন পর্যন্ত দেশটির সরকারকে অকার্যকর করে দিতে পারেনি।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদপত্র ‘জাভান’ মনে করছে, আগামী দুই বছর যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিয়ে ব্যস্ত থাকবে। তেহরানের দৃষ্টিতে, এই সময়টি কৌশলগত সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করতে পারে।
বিশেষ করে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস যদি এসব কার্যক্রমে অর্থায়ন সীমিত করে, তাহলে ইরানের অবস্থান শক্তিশালী হতে পারে।
পারমাণবিক অবকাঠামো পুনর্গঠনই বড় বাধা
তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলেই ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, এমন নয়। কয়েক দশকে গড়ে তোলা দেশটির পারমাণবিক অবকাঠামো সাম্প্রতিক হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সক্ষমতা পুনর্গঠনে দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু ইরানের বৈজ্ঞানিক দক্ষতা এবং নেতৃত্বের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ঐকমত্য থাকলে এই বাধা অতিক্রম করা অসম্ভব নয়—বিশেষ করে যুক্তরাষ্ট্র কার্যকরভাবে হস্তক্ষেপ না করলে।
তেহরান দীর্ঘদিন ধরেই মনে করে, ইসরায়েলের চেয়ে যুক্তরাষ্ট্রই তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার পথে প্রধান বাধা। ফলে ওয়াশিংটনের রাজনৈতিক সংকল্প ও সামরিক উপস্থিতি ইরানের ভবিষ্যৎ সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
আলী খামেনি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল অনুসরণ করেছিলেন। কিন্তু বর্তমান নেতৃত্বের একটি অংশের কাছে সেই ছায়াশক্তি আর যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে না। তাদের অভিজ্ঞতায়, প্রক্সি বাহিনী দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা যায়, কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলে তা পারমাণবিক প্রতিরোধের বিকল্প হতে পারে না।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ তাই আরও কঠিন হয়ে উঠছে। ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোয়, অন্য রাষ্ট্রগুলোর হিসাবও বদলে যাবে। যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হবে শুধু ইরানের কর্মসূচি থামানো নয়; বরং এমন একটি পরিস্থিতি ঠেকানো, যেখানে পারমাণবিক অস্ত্রই আঞ্চলিক নিরাপত্তার প্রধান নিশ্চয়তা হিসেবে বিবেচিত হতে শুরু করে।












