বাংলাদেশে গত ২৫ বছরে ধর্ষণের শিকার হিসেবে নথিভুক্ত ব্যক্তিদের অর্ধেকেরও বেশি শিশু। ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ২১ হাজার ৬২৭ জন ধর্ষণের শিকার হওয়ার তথ্য নথিভুক্ত করেছে মানবাধিকার সংগঠন অধিকার। তাঁদের মধ্যে ১১ হাজার ৭১৫ জনই শিশু। একই সময়ে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ হাজার ১৬৩ জন। তাঁদের মধ্যে ৫৫২ জন শিশু।
নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভার শিরোনাম ছিল ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা’।
আলোচনায় অধিকার-এর পক্ষ থেকে তথ্য উপস্থাপন করেন সঞ্জিদা নূর। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৫ বছরে ধর্ষণের শিকারদের মধ্যে ৯ হাজার ৫০৯ জন নারী। বাকি ৪০৩ জনের বয়স শনাক্ত করা যায়নি।
ধর্ষণের পর হত্যা ও আত্মহত্যার ঘটনা
তথ্য অনুযায়ী, ধর্ষণের পর ১ হাজার ১৬৩ জনকে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৫২ জন শিশু। এ ছাড়া ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছেন ১৪০ জন। তাঁদের মধ্যে ৯১ জনই শিশু।
২০০৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত দলবদ্ধ ধর্ষণের শিকার হিসেবে ৪ হাজার ৪৩০ জনকে নথিভুক্ত করেছে সংগঠনটি। তাঁদের মধ্যে ১ হাজার ৯১৪ জন শিশু।
যৌতুককে কেন্দ্র করে সহিংসতার চিত্রও উদ্বেগজনক। গত ২৫ বছরে এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন ৬ হাজার ৮১৫ নারী। তাঁদের মধ্যে ৩ হাজার ৭৪৮ জনকে হত্যা করা হয়েছে, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৭৮৭ জন এবং আত্মহত্যা করেছেন ২৮০ জন।
আইনি সুরক্ষার ঘাটতি নিয়ে উদ্বেগ
অধিকার জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী আনার পর চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পুরুষ শিশুকে ধর্ষণের ২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
সঞ্জিদা নূর বলেন, এসব পরিসংখ্যান সংবাদমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বাস্তবে সহিংসতার ঘটনা আরও বেশি হতে পারে। অনেক ঘটনা প্রকাশ্যে আসে না, আবার কিছু ঘটনা সংবাদমাধ্যমেও যথাযথভাবে স্থান পায় না।
তিনি বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সুরক্ষায় এখনো বড় ঘাটতি রয়েছে। ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষায় আলাদা আইন নেই। বৈবাহিক ধর্ষণও আইনগতভাবে স্বীকৃত নয়। এ ছাড়া যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে হাইকোর্টের দেওয়া নির্দেশনাগুলো এখনো নারী ও শিশু নির্যাতন দমন আইনে অন্তর্ভুক্ত করা হয়নি।
জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদের দুটি ধারা—২ এবং ১৬(১)(গ)—সম্পর্কে বাংলাদেশের সংরক্ষণ প্রত্যাহারেরও আহ্বান জানায় সংগঠনটি।
সংকট মোকাবিলায় বরাদ্দ ও সেবা সম্প্রসারণের দাবি
আলোচনায় নারীপক্ষের কামরুন নাহার বলেন, ২০২৬-২৭ অর্থবছরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ মাত্র ৪২৮ কোটি টাকা।
তিনি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সমন্বিত সংকটকালীন সেবা কেন্দ্র সম্প্রসারণের দাবি জানান, যাতে সহিংসতার শিকার নারীরা চিকিৎসা, আইনি সহায়তা ও প্রয়োজনীয় সুরক্ষা পেতে পারেন।
সংসদ সদস্য নাজমুন নাহার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত একটি জরিপের তথ্য তুলে ধরে বলেন, দেশের ৭৬ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে স্বামী বা সঙ্গীর হাতে সহিংসতার শিকার হয়েছেন।
সভায় উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান উবিনীগ, নারীগ্রন্থ প্রবর্তনা এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিরাও বক্তব্য দেন।












