রাজধানীর ভাটারা এলাকার কোকা-কোলা মোড়ে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। এরপর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বাসটি চলন্ত অবস্থায় থাকতেই আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখতে পেয়ে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে কী কারণে বাসটিতে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।












