লালমনিরহাটের কালীগঞ্জে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বিপ্লব মিয়া (২২)। তিনি কালীগঞ্জ উপজেলার কায়াম রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন আবদুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫), হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া এবং অটোরিকশার আরেক অজ্ঞাতপরিচয় যাত্রী।
ফুটবল খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বিপ্লব কয়েকজন যুবকের সঙ্গে আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে অটোরিকশায় করে তাঁরা কাকিনা বাজারের দিকে বাড়ি ফিরছিলেন।
পথে দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবোঝাই একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে বিপ্লব ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরে মাওলা দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।












