রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে কয়েকজন ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।
ভাটারা থানার পুলিশ জানায়, বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। ফলে এতে কেউ হতাহত হননি। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আগুন লাগার পর ওই সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।












