শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক লোক। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় এবং বিস্ফোরণ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বৈঠা হাতে সড়ক অবরোধ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘটনার সরাসরি সম্প্রচারও করা হয়।
এসব অ্যাকাউন্টের মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে।
ভিডিওতে দেখা যায়, অবরোধকারীরা প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার সামনে অবস্থান করেন। এ সময় টোল আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং অনেক গাড়ি আটকা পড়ে।
ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের দৃশ্য
অবরোধ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকটি গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং কারা গাড়ি ভাঙচুর করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়। ভিডিওতে তাদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও স্লোগান দিতে দেখা যায়।
থানার প্রধান ফটক বন্ধ
অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা থানার ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে থানার কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের বিষয়ে পুলিশ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।











