বাংলাদেশে শিশুদের প্রারম্ভিক বিকাশে সহায়তা দিতে বিদ্যমান সরকারি স্বাস্থ্যসেবা কাঠামো ব্যবহার করে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। তবে শুধু বেশি শিশুর কাছে সেবা পৌঁছে দিলেই প্রত্যাশিত ফল পাওয়া যাবে না। সেবার মান বজায় রাখা, মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়ানো, নিয়মিত তদারকি এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করাও জরুরি। প্রারম্ভিক শৈশবের বিকাশ নিয়ে পরিচালিত এক গবেষণায় এসব বিষয় উঠে এসেছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকায় ‘বাংলাদেশে প্রারম্ভিক শৈশবের বিকাশ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক জাতীয় গবেষণা অবহিতকরণ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার ফলাফল ও বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করেন আইসিডিডিআর,বির এমেরিটাস বিজ্ঞানী এবং থ্রাইভ কর্মসূচির জাতীয় প্রধান গবেষক ডা. জেনা দেরাখশানি হামাদানি।
৬০০ কমিউনিটি ক্লিনিকে কার্যক্রম
গবেষণার ভিত্তিতে পরিচালিত ‘স্ট্রেংদেনিং বাংলাদেশি বেবিজ ব্রেইনস’ বা এসবি৩ কর্মসূচির আওতায় দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে শিশুদের প্রারম্ভিক বিকাশে সহায়তামূলক কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে ১৫ হাজারের বেশি শিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার ৯৫০ জন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং ৪০০ জনের বেশি তত্ত্বাবধায়ককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গবেষণায় দেখা গেছে, যেসব পরিবার এই কর্মসূচির আওতায় এসেছে, তাদের শিশুর যত্ন নেওয়ার চর্চা, বাড়িতে শেখার উপযোগী পরিবেশ তৈরি এবং খেলাধুলার উপকরণ ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
তবে শিশুদের সামগ্রিক বিকাশের ফলাফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি। গবেষকদের মতে, কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি বাস্তবায়নের ধারাবাহিকতা, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা না গেলে প্রত্যাশিত ফল অর্জন কঠিন হতে পারে।
পুষ্টি ও মস্তিষ্কের বিকাশে গুরুত্ব
অনুষ্ঠানে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, শিশুর পুষ্টি এবং মস্তিষ্কের বিকাশ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। জীবনের প্রথম কয়েক বছরে অপুষ্টি মস্তিষ্কের বিকাশ ও চিন্তাশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই শিশুদের প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টি ও মানসিক বিকাশ—দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিশুর প্রারম্ভিক বিকাশের গুরুত্ব নিয়ে দেশে এখন পর্যাপ্ত গবেষণাভিত্তিক তথ্য রয়েছে। খেলাধুলার মাধ্যমে শেখা, চিন্তাশক্তির বিকাশে সহায়তা এবং শিশুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সুফল পরবর্তী শিক্ষাজীবনেও পাওয়া যায়।
দেশের শিশুদের শেখার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দেশের সব এলাকার শিশু ও পরিবারের কাছে এ ধরনের কার্যক্রম পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মান বজায় রেখেই সম্প্রসারণের তাগিদ
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের শিক্ষা উপদেষ্টা ও দলনেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, জাতীয় পর্যায়ে কর্মসূচি সম্প্রসারণের অর্থ শুধু বেশি শিশুর কাছে পৌঁছানো নয়। এর সঙ্গে সেবার মান বজায় রাখা, মাঠপর্যায়ের কর্মীদের সক্ষমতা বাড়ানো, দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং সরকারি পর্যায়ে দায়িত্ব গ্রহণ নিশ্চিত করতে হবে।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুজ্জোহাও শিশু ও মায়েদের স্বাস্থ্যসেবায় আইসিডিডিআর,বির কাজের প্রশংসা করেন। জাতীয় পর্যায়ে প্রারম্ভিক বিকাশ কার্যক্রম সম্প্রসারণে বিদ্যমান অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
গবেষণা অবহিতকরণ অনুষ্ঠানের আলোচনায় পরবর্তী পর্যায়ের জন্য কয়েকটি অগ্রাধিকার উঠে আসে। এর মধ্যে রয়েছে নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ জোরদার, পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করা, অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা, টেকসই অর্থায়ন এবং সরকারি মালিকানা প্রতিষ্ঠা।
থ্রাইভ কর্মসূচিতে অর্থায়ন করছে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বৈশ্বিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন তহবিল এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়। কর্মসূচিটি পরিচালনা করছে অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট।











