(৮ নভেম্বর ২০২৬) রাত ১০টা ২০ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে ফোন এলো। ফোন রিসিভ করে জানতে চাইলাম, ‘কে বলছেন?’ ওপাশ থেকে উত্তর এলো, ‘আব্দুল্লাহ বলছি।’ আমি জানতে চাইলাম, ‘কোন আব্দুল্লাহ?’ উত্তর এলো, ‘আমি ডাক্তার এ বি এম আব্দুল্লাহ।’ কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে বেরিয়ে এলো, ‘সরি স্যার, জি স্যার!’ স্যার বলতে থাকলেন, ‘আমাকে নিয়ে আপনার লেখাটা আজকে দেখলাম। আমার তো পত্রপত্রিকা দেখার সময়-সুযোগ হয় না। আজকে আমার একজন পেশেন্ট লেখাটা দেখালো। আপনাকে ধন্যবাদ জানাতে ফোন করলাম। আপনি ভালো থাকবেন। সময়-সুযোগ করে একবার আসবেন, কথা হবে।’ আমি সত্যিই অভিভূত হয়ে গেলাম! বাংলাদেশের চিকিৎসাজগতে অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এমনই একটি নাম, যিনি দীর্ঘ ৫০ বছর ধরে একজন দক্ষ চিকিৎসক, শিক্ষক এবং লেখক হিসেবে পরিচিত। তাঁর চিকিৎসা গ্রহণ করেছেন লাখো মানুষ। তাঁর রোগ নির্ণয়ের দক্ষতা, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এড়িয়ে চলার প্রবণতা, স্বল্পমূল্যের কার্যকর ওষুধ ব্যবহারের পরামর্শ এবং রোগীর প্রতি আন্তরিক আচরণ তাঁকে সাধারণ মানুষের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। চিকিৎসা যে শুধু একটি পেশা নয়, বরং মানবসেবার এক মহৎ অঙ্গীকার—ডা. আব্দুল্লাহর কর্মজীবন সেই বার্তাই বহন করে। তিনি দীর্ঘদিন তুলনামূলকভাবে স্বল্প ভিজিটে রোগী দেখেছেন, যা অনেকের কাছেই চিকিৎসা-পেশার মানবিক দিকের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে। পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের ওপর ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তাঁর রচিত Short Cases in Clinical Medicine, Long Cases in Clinical Medicine, ECG in Medical Practice এবং Radiology in Medical Practice চিকিৎসাশিক্ষার্থীদের কাছে পরিচিত গ্রন্থ। এসব গ্রন্থের অনেকগুলো এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ্য ও সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়। চিকিৎসা শিক্ষা ও গবেষণায় তাঁর অবদানও উল্লেখযোগ্য। আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসাবিজ্ঞানের গ্রন্থ Davidson’s Principles and Practice of Medicine এবং Kumar & Clark’s Clinical Medicine-এর আন্তর্জাতিক উপদেষ্টা পর্ষদেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৩ সালের ইউজিসি পুরস্কার, ২০১৬ সালের একুশে পদক এবং ২০১৭ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ অর্জন করেন। এসব অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সম্মান নয়, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও একটি স্বীকৃতি। তাঁর চিকিৎসক হিসেবে যোগ্যতা, শিক্ষকতা ও গবেষণার মূল্যায়ন হওয়া উচিত পেশাগত কাজের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। তাঁর পাঁচ দশকের চিকিৎসাসেবা, অসংখ্য শিক্ষার্থী গড়ে তোলা এবং চিকিৎসাবিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের ১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তাঁকে ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ দেয়। কিন্তু ২০২৬ সালের ২৪ জুন এ নিয়োগ বাতিল করা হয়। স্যারের ইমেরিটাস অধ্যাপক পদ কেড়ে নেওয়ার বিষয়টি আমাকে ভীষণভাবে ক্ষুব্ধ ও ব্যথিত করে। তারই প্রতিবাদ ও প্রতিক্রিয়ায় আমি গত ২৭ জুন একটি লেখা লিখেছিলাম। শিরোনাম ছিল—‘চিকিৎসকের পরিচয় রাজনীতি নয়, মানবসেবা: ডা. এ বি এম আব্দুল্লাহকে সম্মান দেওয়া ও কেড়ে নেওয়া’। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, যাঁর পরিচিতি ও সম্মান দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত, তিনি শত ব্যস্ততার মধ্যেও একজন লেখককে ফোন করে তাঁর লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছেন! শুধু তাই নয়, তাঁর কণ্ঠে ছিল আন্তরিকতা, কথায় ছিল বিনয় এবং আচরণে ছিল অসাধারণ সৌজন্যবোধ। প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ স্যারকে আমি কখনো সামনাসামনি দেখিনি। লোকমুখে, রোগীদের কাছে এবং চিকিৎসকদের কাছ থেকে স্যারের গুণগান শুনেছি। পত্রিকায় প্রকাশিত স্যারের স্বাস্থ্যবিষয়ক লেখাগুলো পড়ার সুযোগ হয়েছে। বিভিন্ন টকশোতে তাঁর বক্তব্যও শুনেছি। স্যারের সহজ-সরল জীবনযাপন, জ্ঞানগর্ভ কথাবার্তা, মানবিকতা ও সেবার মানসিকতা দেখে মনের অজান্তেই তাঁর প্রতি একটা অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়েছে। এতদিন শুধু তাঁর চিকিৎসাসেবা, পাণ্ডিত্য ও সুনামের কথা শুনেছি। কিন্তু গত রাতের এই ফোনালাপের মধ্য দিয়ে তাঁর ব্যক্তিত্বের আরেকটি অসাধারণ দিক প্রত্যক্ষ করলাম—অন্যের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার মানসিকতা এবং অকৃত্রিম কৃতজ্ঞতাবোধ। একজন গুণী মানুষের কাছ থেকে এমন স্বীকৃতি নিঃসন্দেহে একজন লেখকের জন্য আনন্দ ও প্রেরণার বিষয়। তবে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তাঁর কৃতজ্ঞতাবোধ। আমরা সাধারণত দেখি, সমাজে অনেকেই বড় পদ, পরিচিতি ও খ্যাতি অর্জনের পর নিজের চারপাশে এক ধরনের দূরত্ব তৈরি করেন। অন্যের ভালো কাজের স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, অনেক সময় সৌজন্য প্রকাশ করতেও কুণ্ঠাবোধ করেন। অথচ ডা. এ বি এম আব্দুল্লাহর মতো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব নিজে ফোন করে একজন লেখককে তাঁর লেখার জন্য ধন্যবাদ জানিয়েছেন! প্রকৃত বড় ও গুণী মানুষ শুধু জ্ঞান, পদমর্যাদা কিংবা খ্যাতিতে বড় হন না; তাঁরা বিনয়, উদারতা, সৌজন্য এবং অন্যের প্রতি কৃতজ্ঞতাবোধেও বড় হন। ডা. এ বি এম আব্দুল্লাহ স্যারের অসাধারণ মানবিক আচরণ আমার হৃদয় ছুঁয়ে গেছে। স্যারের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মহান আল্লাহ স্যারকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন দান করুন। স্যারের জ্ঞান, অভিজ্ঞতা ও চিকিৎসাসেবা থেকে দেশ ও জাতি আরও বহুদিন উপকৃত হোক। শেষে একটি কথা বলতে চাই—মানুষের পদবি কেড়ে নেওয়া যায়, সম্মান কেড়ে নেওয়া যায় না; যদি সেই সম্মানের ভিত্তি হয় মানুষের ভালোবাসা, আস্থা ও দীর্ঘদিনের মানবসেবা।
ড. আব্দুল ওয়াদুদ ফিকামলি তত্ত্বের জনক, বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষক, কলামিষ্ট, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক












