কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশে প্রায় ২৭০ কোটি মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন মহাদেশে বিস্তৃত এই সংগঠনের রয়েছে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক, অভিন্ন ভাষাগত যোগাযোগ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার বিপুল সম্ভাবনা। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় একটি প্রশ্ন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—কমনওয়েলথ কি তার সদস্যদেশগুলোর জন্য কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে?
অ্যান্টিগুয়া ও বারবুডায় ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন সেই প্রশ্নের উত্তর খোঁজার একটি প্রচেষ্টা। এবারের সম্মেলনের লক্ষ্য ছিল সংগঠনটিকে ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিক উত্তরাধিকারের আনুষ্ঠানিক স্মৃতিচারণের পরিসর থেকে বের করে কার্যকর অর্থনৈতিক সহযোগিতার মঞ্চে পরিণত করা।
‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করা’—এই প্রতিপাদ্য সামনে রেখে সম্মেলনে টেকসই উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় গুরুত্ব পেয়েছে। তবে ইতিবাচক ঘোষণা বা প্রতিশ্রুতির সংখ্যা দিয়ে সম্মেলনের সাফল্য বিচার করা যাবে না। সদস্যদেশগুলোর জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারার সক্ষমতাই শেষ পর্যন্ত এর কার্যকারিতা নির্ধারণ করবে।
বিনিয়োগের প্রতিশ্রুতি, বাস্তবায়নের পরীক্ষা
অ্যান্টিগুয়া সম্মেলনের উল্লেখযোগ্য উদ্যোগ ছিল কমনওয়েলথকে বিনিয়োগ সহযোগিতার কার্যকর মঞ্চ হিসেবে গড়ে তোলা। নবায়নযোগ্য জ্বালানি, তরুণদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে প্রায় ৫০ কোটি ডলারের নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে।
এর চেয়েও বড় উদ্যোগ হলো ২৮টি উন্নয়নশীল দেশে সম্ভাব্য ৫ হাজার ২০০ কোটি ডলারের প্রকল্পের একটি তালিকা তৈরি। এর মাধ্যমে উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান, বেসরকারি বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সরকারগুলোকে একই মঞ্চে আনার চেষ্টা হয়েছে।
তবে সম্ভাব্য প্রকল্পের তালিকা তৈরি আর সেগুলোতে বাস্তব বিনিয়োগের মধ্যে বড় ব্যবধান রয়েছে। এসব প্রকল্পের কতগুলো অর্থায়ন পাবে, কতগুলো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাবে এবং শেষ পর্যন্ত কতটা কর্মসংস্থান ও অর্থনৈতিক সুফল তৈরি করবে—সেটিই হবে সম্মেলনের কার্যকারিতা যাচাইয়ের প্রধান মাপকাঠি।
সম্মেলনের ঘোষণাপত্রে অশুল্ক বাণিজ্য বাধা কমানো, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং স্বল্পসুদে অর্থায়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঋণসংকটের ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলোর বিশেষ সমস্যাও আলোচনায় এসেছে।
এতে একটি বিষয় স্পষ্ট: একুশ শতকে কমনওয়েলথের গ্রহণযোগ্যতা নির্ভর করবে উন্নয়নশীল দেশগুলোর বাস্তব সমস্যার সমাধানে তার ভূমিকার ওপর। ঔপনিবেশিক অতীতের স্মৃতিচারণ দিয়ে এই সংগঠনকে আর কার্যকর রাখা সম্ভব নয়।
বৈচিত্র্যই শক্তি, আবার দুর্বলতাও
কমনওয়েলথের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সদস্যদেশগুলোর বৈচিত্র্য। এখানে যেমন বড় অর্থনীতির দেশ রয়েছে, তেমনি আছে উদীয়মান শক্তি, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর কয়েকটি।
এই বৈচিত্র্য সংগঠনটিকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত যোগাযোগের সুযোগ দিয়েছে। একই সঙ্গে অভিন্ন অবস্থান তৈরি করাও কঠিন করে তুলেছে। সদস্যদেশগুলোর রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক অগ্রাধিকার এক নয়। গণতান্ত্রিক রাষ্ট্রের পাশাপাশি এমন সরকারও রয়েছে, যাদের শাসনব্যবস্থা ও উন্নয়ন পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন আছে।
উন্নয়নশীল সদস্যদের সঙ্গে ধনী দেশগুলোর সম্পর্কেও টানাপোড়েন রয়েছে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলো বেশি আর্থিক সহায়তা চাইলেও তুলনামূলক সচ্ছল সদস্যদের মধ্যে সেই দায়িত্ব নেওয়ার আগ্রহ সব সময় দেখা যায় না।
ঔপনিবেশিক শাসনের কারণে সৃষ্ট ঐতিহাসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবিও সংগঠনের ভেতরে বিতর্কের জন্ম দিয়েছে। কয়েকটি দেশ এ বিষয়ে জোরালো অবস্থান নিচ্ছে। ফলে কমনওয়েলথের ঔপনিবেশিক অতীতের দায় এবং বর্তমানের উন্নয়ন ও ন্যায়বিচারের দাবি পরস্পরের মুখোমুখি হচ্ছে।
আরেকটি সীমাবদ্ধতা হলো, কমনওয়েলথের নিজস্ব বড় কোনো অর্থায়ন সক্ষমতা নেই। আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর মতো বিপুল অর্থ সরবরাহ করার ক্ষমতা কিংবা আঞ্চলিক অর্থনৈতিক জোটগুলোর মতো বাধ্যতামূলক নিয়ম কার্যকর করার ব্যবস্থাও এর নেই। সদস্যদেশগুলোর স্বেচ্ছায় উদ্যোগ নেওয়ার ওপরই মূলত নির্ভর করতে হয় সংগঠনটিকে।
তারপরও কমনওয়েলথের একটি স্বতন্ত্র কূটনৈতিক গুরুত্ব রয়েছে। এটি একদিকে উন্নত অর্থনীতির দেশ, অন্যদিকে বৈশ্বিক দক্ষিণের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করতে পারে। ব্রিকসের মতো পশ্চিমা প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করার লক্ষ্য এর নেই। আবার জি-৭-এর মতো কেবল উন্নত অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত কোনো অভিজাত মঞ্চও এটি নয়।
এই অবস্থানই কমনওয়েলথের সম্ভাবনার জায়গা। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও সদস্যদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং ছোট দেশগুলোর বক্তব্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ দেওয়া—এসব ক্ষেত্রে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে অন্য আন্তর্জাতিক সংস্থায় আলোচিত বিষয়গুলোর পুনরাবৃত্তি না করে নিজেদের মধ্যে বাস্তবসম্মত অভিন্ন অবস্থান তৈরির দিকে মনোযোগ দিতে হবে।
কমনওয়েলথে ভারতের উপস্থিতি, কিন্তু অগ্রাধিকার কতটা?
অ্যান্টিগুয়া সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী পর্যায়ের অংশগ্রহণ না থাকলেও নয়াদিল্লি সংগঠনটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
২০১৮ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নেওয়ার পর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কমনওয়েলথের সরকারপ্রধানদের সম্মেলনে যোগ দেননি। ভারতের মতো বড় সদস্যদেশের ক্ষেত্রে এই অনুপস্থিতি আয়োজক দেশগুলোর প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলে না।
এবারের সম্মেলনে জয়শঙ্করের বক্তব্যে সরবরাহব্যবস্থার উৎস বহুমুখী করা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ভারতীয় প্রবাসী ব্যবসায়ী সম্প্রদায়ের ভূমিকা গুরুত্ব পেয়েছে। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নহাম, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন।
গায়ানার সরকারি ও প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নে ভারত ৫০ কোটি ডলারের ঋণসুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। কমনওয়েলথের সরকারপ্রধান ও ব্যবসায়ী নেতাদের এক বৈঠকেও জয়শঙ্কর অংশীদার দেশগুলোকে ঝুঁকি কমানো এবং সরবরাহব্যবস্থার উৎস বহুমুখী করার আহ্বান জানান। তাঁর বক্তব্যে বিশ্বজুড়ে ভারতীয় ব্যবসায়ী নেটওয়ার্ককে কমনওয়েলথের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে তুলে ধরা হয়।
এসব উদ্যোগ থেকে বোঝা যায়, ভারত সম্মেলনটিকে মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া এবং নির্দিষ্ট কূটনৈতিক ও অর্থনৈতিক সুবিধা অর্জনের সুযোগ হিসেবে ব্যবহার করেছে। পুরো কমনওয়েলথের জন্য কোনো বৃহত্তর কর্মসূচি তৈরির চেয়ে দেশভিত্তিক সহযোগিতাই ছিল নয়াদিল্লির কাছে বেশি গুরুত্বপূর্ণ।
ক্যারিবীয় অঞ্চলে সম্মেলন আয়োজনের কারণে ভারতের জন্য ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল অর্থনীতিতে ভারতীয় বিনিয়োগ আকর্ষণ করতে আগ্রহী অনেক দেশও এ সুযোগ কাজে লাগাতে চেয়েছে।
ভারতের কাছে কমনওয়েলথ কেন গৌণ
আফ্রিকা, ক্যারিবীয় অঞ্চল ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে কমনওয়েলথ একটি সহায়ক মঞ্চ হতে পারে। ইংরেজি ভাষার প্রচলন, অভিন্ন আইনগত ঐতিহ্য, শিক্ষা খাতে দীর্ঘদিনের যোগাযোগ এবং বিভিন্ন দেশে ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে বাড়তি সুবিধা দেয়।
কিন্তু এসব সুবিধা থাকা সত্ত্বেও ভারতের পররাষ্ট্রনীতিতে কমনওয়েলথের অবস্থান এখনো সীমিত। জি-২০, ব্রিকস কিংবা সরাসরি উন্নয়ন সহযোগিতার কর্মসূচির তুলনায় সংগঠনটিকে বেশি গুরুত্ব দেওয়ার মতো কোনো নতুন কারণ অ্যান্টিগুয়া সম্মেলনে তৈরি হয়নি।
ভারতের কূটনৈতিক অগ্রাধিকারের তালিকায় আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সহযোগিতা এবং ক্যারিবীয় অঞ্চলের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগের বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে। আগামী বছর চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম সম্মেলন পুনরায় আয়োজনের প্রত্যাশাও এই অগ্রাধিকারের ইঙ্গিত দেয়।
ভারতের কাছে কমনওয়েলথ তাই প্রয়োজনীয়, কিন্তু অপরিহার্য নয়। এই পার্থক্যটি সংগঠনটির নীতিনির্ধারকদের বুঝতে হবে।
ছোট দেশগুলোর জন্য বড় সুযোগ হতে পারে
অ্যান্টিগুয়া সম্মেলন দেখিয়েছে, ছোট ও উন্নয়নশীল দেশগুলোর জন্য কমনওয়েলথ এখনো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যোগাযোগের মঞ্চ। নতুন মহাসচিব শার্লি বটচওয়ের নেতৃত্বে বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের একই মঞ্চে আনার যে চেষ্টা হয়েছে, তা অনেক দেশের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে।
তবে এই উদ্যোগের বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য আরও অনেক পথ অতিক্রম করতে হবে। বিনিয়োগের সম্ভাব্য তালিকাকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়া, বাণিজ্য বাধা কমানো এবং জলবায়ু অর্থায়নের সুযোগ বাড়ানো—এসব লক্ষ্য অর্জন সহজ নয়। আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক আন্তর্জাতিক ব্যবস্থাও এসব ক্ষেত্রে প্রত্যাশিত ফল দিতে পারেনি।
কমনওয়েলথের ভবিষ্যৎ নির্ভর করবে সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা কতটা কার্যকর হয়, তার ওপর। কেবল সম্মেলন, ঘোষণা কিংবা যৌথ বিবৃতি দিয়ে সংগঠনটির প্রাসঙ্গিকতা ধরে রাখা যাবে না।
এই বাস্তবতা বিবেচনায় রেখেই কমনওয়েলথকে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে। নয়াদিল্লির কাছে সংগঠনটির গুরুত্ব বাড়ানোর দাবি জানানোর বদলে কমনওয়েলথের উচিত ভারতের বিদ্যমান উন্নয়ন সহযোগিতার উদ্যোগগুলোর পরিপূরক হিসেবে কাজ করা। আফ্রিকা, ক্যারিবীয় অঞ্চল ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক ও কর্মসূচি রয়েছে, সেগুলোকে আরও কার্যকর করতে সংগঠনটি ভূমিকা রাখতে পারে।
আন্তর্জাতিক রাজনীতি যখন ক্রমেই বিভক্ত হচ্ছে, তখন উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর যোগাযোগের একটি মঞ্চের প্রয়োজন রয়েছে। কমনওয়েলথ সেই ভূমিকা পালনের সুযোগ এখনো রাখে। কিন্তু সে জন্য তাকে কোনো ভূরাজনৈতিক জোটে পরিণত হওয়ার চেষ্টা না করে সক্ষমতায় অসম দেশগুলোর মধ্যে বাস্তব উন্নয়ন সহযোগিতার সেতু হয়ে উঠতে হবে।
ভারত কমনওয়েলথ ছেড়ে যায়নি, কিন্তু সংগঠনটি তার কূটনীতির কেন্দ্রেও নেই। বরং বাস্তবতা হলো, কমনওয়েলথের জন্য ভারতের প্রয়োজন যতটা, ভারতের জন্য কমনওয়েলথের প্রয়োজন ততটা নয়। সংগঠনটির ভবিষ্যৎ নির্ধারণে এই বাস্তবতা স্বীকার করাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।












