১৯৬১ সালে মার্কিন সাংবাদিক থিওডর এইচ. হোয়াইট প্রকাশ করেছিলেন ‘দ্য মেকিং অব দ্য প্রেসিডেন্ট ১৯৬০’। জন এফ কেনেডির হোয়াইট হাউসে পৌঁছানোর রাজনৈতিক যাত্রা নিয়ে লেখা বইটি নির্বাচনী সাংবাদিকতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন। হোয়াইটের বিশেষত্ব ছিল, তিনি নির্বাচনকে কেবল বক্তৃতা, জনমত জরিপ কিংবা রাজনৈতিক কৌশলের প্রতিযোগিতা হিসেবে দেখেননি। তাঁর কাছে নির্বাচন ছিল একটি দেশের আত্মপরিচয়, প্রত্যাশা, উদ্বেগ ও ভবিষ্যৎ ভাবনার সম্মিলিত প্রকাশ।
আজকের আমেরিকার রাজনীতি পর্যবেক্ষণ করলে হোয়াইট সম্ভবত এমন এক দেশকে দেখতেন, যেখানে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে এবং নির্বাচনী ম্যান্ডেটের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পেছনে কাজ করেছিল মূল্যস্ফীতি, অভিবাসন এবং সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন বলে বিবেচিত রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনঅসন্তোষ। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের সমর্থন পেয়েছিলেন।
কিন্তু ২০২৬ সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আবারও আমেরিকার রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে, যা প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের প্রতি একটি শক্তিশালী রাজনৈতিক প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে। এই পালাবদল শুধু রিপাবলিকান বা ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্য-ব্যর্থতার হিসাব নয়। এটি এমন এক ভোটারগোষ্ঠীর মনোভাব প্রকাশ করছে, যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে এবং প্রয়োজন হলে তাদের শাস্তি দিতেও প্রস্তুত।
জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক অনিশ্চয়তা, ইরানের সঙ্গে যুদ্ধ এবং সরকারের কার্যক্রম নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে জনমত বদলেছে। ট্রাম্পের পরিবর্তনের প্রতিশ্রুতিতে যাঁরা আস্থা রেখেছিলেন, তাঁরাই এখন প্রশাসনের ক্ষমতা সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন।
এটি যে সরাসরি আমেরিকান গণতন্ত্রের প্রত্যাখ্যান, তা নয়। বরং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার সক্ষমতা দেশটির রাজনৈতিক ব্যবস্থায় এখনো রয়েছে। তবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি দেশটি ক্রমেই কঠিন শাসনব্যবস্থার মুখোমুখি হচ্ছে। রাজনৈতিক মেরুকরণ, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘাত এবং দ্রুত পরিবর্তনশীল জনমত দীর্ঘমেয়াদি নীতিনির্ধারণকে জটিল করে তুলছে।
ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ
আমেরিকার এই অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকে শুধু ওয়াশিংটনের ঘরোয়া বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। ভারতের কৌশলগত ও অর্থনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার সরাসরি সম্পর্ক রয়েছে।
ভারত ও যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক সহযোগিতা গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ কৌশলগত ভিত্তি পেয়েছে। কোয়াড, প্রতিরক্ষা সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি নিয়ে ট্রাস্ট উদ্যোগ—এসবের পেছনে একাধিক মার্কিন প্রশাসনের ধারাবাহিক ভূমিকা রয়েছে। কিন্তু ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ায় এসব উদ্যোগের ভবিষ্যৎ অগ্রগতি নতুন পরীক্ষার মুখে পড়তে পারে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্যাক্স সিলিকায় ভারতের অন্তর্ভুক্তি এই সম্পর্ককে প্রযুক্তিগত সহযোগিতার আরও বিস্তৃত পরিসরে নিয়ে গেছে। গুরুত্বপূর্ণ খনিজ, অর্ধপরিবাহী প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে নির্ভরযোগ্য অংশীদারদের মধ্যে সহযোগিতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এর আগে ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রকে যুক্ত করে আই২ইউ২ উদ্যোগ এবং প্রস্তাবিত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর বা আইএমইসি আঞ্চলিক অর্থনীতি, প্রযুক্তি ও কৌশলগত স্বার্থকে একই কাঠামোয় যুক্ত করার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছে। উদ্যোগগুলোর অগ্রগতি এক পর্যায়ে নেই। তবে এগুলো দেখায়, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আর কেবল প্রতিরক্ষা ও কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। এসব পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমর্থন, অর্থায়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা অপরিহার্য।
বিভক্ত সরকারে ট্রাম্পের চ্যালেঞ্জ
২০২৭ সালের জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে ট্রাম্পকে বিভক্ত সরকারের বাস্তবতার মুখোমুখি হতে হবে। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে প্রশাসনের বিরুদ্ধে তদন্ত, আইন প্রণয়নে বাধা এবং সরকারি ব্যয় নিয়ে বিরোধ বাড়তে পারে। প্রেসিডেন্টের হাতে পররাষ্ট্রনীতি পরিচালনার উল্লেখযোগ্য ক্ষমতা থাকলেও অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত যখন ওয়াশিংটনের মনোযোগের বড় অংশ দখল করে রাখে, তখন আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক নীতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে।
ভারতের নীতিনির্ধারকদের তাই এমন একটি যুক্তরাষ্ট্রের জন্য প্রস্তুত থাকতে হবে, যার কৌশলগত সক্ষমতা ও আগ্রহ যথেষ্ট থাকলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতা রাজনৈতিক কারণে বাধাগ্রস্ত হতে পারে।
বাণিজ্যনীতিতেও একই ধরনের অনিশ্চয়তা রয়েছে। ট্রাম্পকে ২০২৪ সালের নির্বাচনে এগিয়ে নিতে যে সংরক্ষণবাদী মনোভাব ভূমিকা রেখেছিল, তা এখনো মার্কিন রাজনীতিতে শক্তিশালী। মুক্তবাণিজ্যের প্রচলিত ধারণা থেকে সরে আসার প্রবণতা শুধু রিপাবলিকানদের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস প্রশাসনের শুল্কনীতি আরও কঠোরভাবে পর্যালোচনা করতে পারে। কিন্তু তাতে মার্কিন অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবণতা দ্রুত কমে যাবে—এমন ধারণা করা ঠিক হবে না।
ভারতের তথ্যপ্রযুক্তি, ওষুধ এবং উৎপাদনশিল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। মার্কিন বাজারে প্রবেশ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এখন শুধু বাণিজ্যিক দক্ষতা যথেষ্ট নয়; ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাবও বিবেচনায় নিতে হবে। অর্থনৈতিক সম্পর্ককে রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব থেকে আলাদা রাখার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে।
ক্ষমতা আছে, নিশ্চয়তা কমছে
তবে আমেরিকার রাজনৈতিক অস্থিরতাকে দেশটির পতন কিংবা আন্তর্জাতিক অঙ্গন থেকে সরে যাওয়ার লক্ষণ হিসেবে দেখা ভুল হবে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা এখনো বিশাল। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো চাপের মুখে থাকলেও নির্বাচন ও ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার ব্যবস্থা দেশটিতে কার্যকর রয়েছে।
এখানে মূল পার্থক্যটি বুঝতে হবে। আমেরিকার ক্ষমতা এখনো প্রবল, কিন্তু সেই ক্ষমতা কীভাবে এবং কতটা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষায় ব্যবহৃত হবে, তা আর আগের মতো নিশ্চিত নয়। একটি দেশ সামরিক শ্রেষ্ঠত্ব, প্রযুক্তিগত নেতৃত্ব ও অর্থনৈতিক প্রভাব ধরে রেখেও আন্তর্জাতিক দায়িত্ব পালনে অনিয়মিত হয়ে উঠতে পারে। ভারতের মতো দেশগুলোর জন্য এই ব্যবধানই ভবিষ্যৎ বিশ্বব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠতে পারে।
ভারতের কূটনৈতিক অভিজ্ঞতা অবশ্য একেবারে নতুন নয়। ওয়াশিংটনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় প্রশাসনের সঙ্গে কাজ করতে গিয়ে দেশটির কূটনীতিকেরা দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা অর্জন করেছেন। মতপার্থক্য থাকা সত্ত্বেও অভিন্ন স্বার্থের জায়গাগুলো ধরে রাখার কৌশলও ভারত শিখেছে। তবে মার্কিন পররাষ্ট্রনীতি যখন ক্রমেই অভ্যন্তরীণ নির্বাচন ও প্রেসিডেন্টের ব্যক্তিগত অগ্রাধিকারের দ্বারা প্রভাবিত হচ্ছে, তখন এই অভিজ্ঞতাও সব অনিশ্চয়তা সামাল দেওয়ার নিশ্চয়তা দিতে পারবে না।
সম্পর্ককে ব্যক্তি ও নির্বাচনী চক্রের ঊর্ধ্বে নিতে হবে
ভারতের জন্য এখন সবচেয়ে জরুরি হলো দ্বিপক্ষীয় সম্পর্ককে নির্দিষ্ট কোনো প্রেসিডেন্ট বা প্রশাসনের ওপর নির্ভরশীল না রাখা। কংগ্রেসের উভয় দলের সদস্য, অঙ্গরাজ্য সরকার, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ আরও বিস্তৃত করতে হবে। প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা ও বাণিজ্য সহযোগিতার এমন ভিত্তি গড়ে তোলা প্রয়োজন, যা নির্বাচনী ফলাফল বদলালেও টিকে থাকবে।
একই সঙ্গে ভারতকে তার আন্তর্জাতিক অংশীদারত্বের পরিসর বাড়াতে হবে। যুক্তরাষ্ট্র তার জন্য অপরিহার্য কৌশলগত অংশীদার হিসেবে থাকবে, কিন্তু অন্য দেশ ও অঞ্চলের সঙ্গে সহযোগিতা বাড়ানোও গুরুত্বপূর্ণ। এতে ওয়াশিংটনের নীতিগত পরিবর্তনের প্রভাব সামাল দেওয়ার সক্ষমতা তৈরি হবে।
থিওডর হোয়াইট বুঝেছিলেন, নির্বাচন শুধু ক্ষমতা দখলের প্রতিযোগিতা নয়; এর মধ্য দিয়ে একটি জাতি নিজের সম্পর্কে কিছু সত্য প্রকাশ করে। ২০২৪ ও ২০২৬ সালের মার্কিন নির্বাচন একসঙ্গে দেখলে বোঝা যায়, দেশটি অর্থনৈতিক উদ্বেগ, রাজনৈতিক বিভাজন এবং বৈশ্বিক নেতৃত্বের আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য খুঁজছে।
ভারতের কাজ এই পরিবর্তনে উল্লসিত হওয়া কিংবা হতাশায় ভোগা নয়। বরং পরিস্থিতি যথাযথভাবে বুঝে নিজের কৌশল নির্ধারণ করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভারতের জন্য অপরিহার্য থাকবে, কিন্তু সেই সম্পর্ক পরিচালনায় আগের চেয়ে বেশি বাস্তববাদ, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি চিন্তা প্রয়োজন।
থিওডর হোয়াইট আজকের আমেরিকার গণতান্ত্রিক নাটকীয়তা দেখে হয়তো পরিচিত রাজনৈতিক দৃশ্যই খুঁজে পেতেন। তবে যে জাতীয় ঐকমত্য একসময় এই নাটকীয়তার মধ্যে স্থিতিশীলতার অনুভূতি তৈরি করত, তার অস্তিত্ব খুঁজে পাওয়া তাঁর জন্য সম্ভবত অনেক কঠিন হতো।
মিলিন্দা মোরাগোদার আরও লেখা
বন্যপ্রাণী সংরক্ষণে ভারত-শ্রীলঙ্কার নতুন অংশীদারত্বের সম্ভাবনা
ভারত মহাসাগরে বাস্তববাদ
ঘূর্ণিঝড় দিতওয়া ও ভারত–শ্রীলঙ্কা সম্পর্ক: পারস্পরিক কূটনীতির নতুন পাঠ











