যুদ্ধের ধ্বংসস্তূপ, বিধ্বস্ত ভবন আর বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে এক ব্যতিক্রমী উৎসবে মেতে উঠলেন গাজার বাসিন্দারা। গাজায় গণবিয়ের এই আয়োজনে একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ জোড়া ফিলিস্তিনি বর-কনে। দীর্ঘ যুদ্ধ, অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির মধ্যেও নতুন জীবন শুরুর আনন্দ ভাগাভাগি করে নিতে এই আয়োজন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা কার্যক্রম ‘অপারেশন গ্যালান্ট নাইট থ্রি’র উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গাজার বিভিন্ন এলাকার বর-কনেরা অংশ নেন। আয়োজকদের ভাষায়, অবরুদ্ধ এই ভূখণ্ডে ভালোবাসা ও নতুন শুরুর প্রতীক হয়ে উঠেছে গাজায় গণবিয়ের এই আয়োজন।
যুদ্ধবিরতির মধ্যেও থামেনি হামলা
গাজায় গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বিমান হামলা প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে স্বাভাবিক জীবনযাত্রা এখনো ফিরে আসেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজার ৬৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ দম্পতির এই গণবিয়ে তাই শুধু একটি সামাজিক আয়োজন নয়। গাজায় গণবিয়ে যুদ্ধের মধ্যেও স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষা এবং নতুন করে ঘর বাঁধার প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।












