দক্ষিণ-পূর্ব এশিয়ার জ্বালানি রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা পারমাণবিক বিদ্যুৎ এখন একের পর এক দেশের জাতীয় পরিকল্পনায় জায়গা করে নিচ্ছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, জীবাশ্ম জ্বালানির দামের অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্রের বিস্তার—সব মিলিয়ে পারমাণবিক শক্তিকে ভবিষ্যতের অন্যতম সমাধান হিসেবে তুলে ধরছে সরকারগুলো।
কিন্তু এই পরিবর্তনের আড়ালে একটি মৌলিক প্রশ্ন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে: যে বিদ্যুৎকেন্দ্রের প্রভাব কয়েক প্রজন্ম ধরে একটি দেশের পরিবেশ, অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর থাকতে পারে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার? সরকার, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, নাকি যেসব মানুষের জীবন ও জীবিকা সরাসরি এর সঙ্গে জড়িয়ে পড়বে, তাদেরও?
দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের অভিজ্ঞতা দেখলে বোঝা যায়, পারমাণবিক বিদ্যুৎ নিয়ে সরকারের আগ্রহ বাড়লেও জনসম্পৃক্ততার ক্ষেত্রে কোনো অভিন্ন নীতি তৈরি হয়নি। কোথাও জনমত জরিপকে সমর্থনের প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে, কোথাও সীমিত সময়ের অনলাইন শুনানি হচ্ছে, আবার কোথাও জনগণের মতামত নেওয়ার কোনো দৃশ্যমান উদ্যোগ ছাড়াই চুক্তি সম্পন্ন হচ্ছে।
এখানেই পারমাণবিক বিদ্যুতের বিতর্কটি কেবল প্রযুক্তি বা জ্বালানি অর্থনীতির বিষয় থাকছে না। এটি হয়ে উঠছে রাষ্ট্রের জবাবদিহি, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের পরীক্ষাও।
চাহিদার চাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক শক্তির প্রত্যাবর্তন
দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিদ্যুতের চাহিদা বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। শিল্পায়ন, নগরায়ণ, তাপমাত্রা বৃদ্ধি এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাড়াচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত সম্প্রসারণ।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় বড় তথ্যকেন্দ্রগুলো জ্বালানি পরিকল্পনার হিসাব বদলে দিচ্ছে। একটি বড় মানের তথ্যকেন্দ্র এক লাখ পরিবারের সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতে পারে বলে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাব। এসব স্থাপনা দিনরাত চালু রাখতে হয়। ফলে শুধু বিদ্যুতের পরিমাণ নয়, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।
মালয়েশিয়ায় ইতিমধ্যে ৫০০টির বেশি তথ্যকেন্দ্র চালু রয়েছে। আরও প্রায় ৩০০টির নির্মাণকাজ চলছে এবং প্রায় ১ হাজার ১৪০টি স্থাপনার পরিকল্পনা রয়েছে। পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ায় তথ্যকেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যবহার ১০ টেরাওয়াট-ঘণ্টা ছাড়িয়েছে। ২০৩০ সালের মধ্যে এই চাহিদা দ্বিগুণ হতে পারে।
এ অবস্থায় পারমাণবিক বিদ্যুৎকে আকর্ষণীয় বিকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে। সৌর ও বায়ুবিদ্যুৎ পরিবেশবান্ধব হলেও আবহাওয়া ও প্রাকৃতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। অন্যদিকে পারমাণবিক কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট আকারের আধুনিক পারমাণবিক চুল্লি বা এসএমআর নিয়েও তাই আগ্রহ বাড়ছে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সময়গত অসংগতি রয়েছে। তথ্যকেন্দ্রের বিদ্যুৎ চাহিদা এখনই বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সালের পর এসব স্থাপনায় এসএমআরের উল্লেখযোগ্য ব্যবহার শুরু হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আগামী কয়েক বছরে বাড়তি চাহিদার বড় অংশ পূরণ করতে হবে কয়লা ও প্রাকৃতিক গ্যাস দিয়ে। পারমাণবিক বিদ্যুৎকে ভবিষ্যতের পরিচ্ছন্ন বিকল্প হিসেবে তুলে ধরলেও বর্তমানের চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে না।
সরকারগুলোর বক্তব্যে অবশ্য একটি অভিন্ন যুক্তি দেখা যায়। পারমাণবিক বিদ্যুৎ নিরবচ্ছিন্ন, কম কার্বন নিঃসরণকারী এবং আমদানিনির্ভর জ্বালানির ঝুঁকি কমাতে সক্ষম। মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি সরবরাহে বিঘ্ন সেই যুক্তিকে আরও শক্তিশালী করেছে। কিন্তু জ্বালানি নিরাপত্তার প্রয়োজনীয়তা থাকলেই কোনো প্রযুক্তি গ্রহণের সামাজিক ও পরিবেশগত প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায় না।
ভিয়েতনাম: জাতীয় ঐকমত্যের দাবি, স্থানীয় মানুষের অনিশ্চয়তা
পারমাণবিক বিদ্যুৎ পরিকল্পনায় ভিয়েতনাম এখন সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর একটি। দেশটির সংশোধিত বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনায় ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে ৪ থেকে ৬ দশমিক ৪ গিগাওয়াট পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। ২০৫০ সালের মধ্যে তা ১০ দশমিক ৫ থেকে ১৪ গিগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে নিন থুয়ান এলাকায় প্রথম চুল্লি নির্মাণের চুক্তিও আনুষ্ঠানিক হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় প্রায় ২২ বিলিয়ন ডলার, যা দেশটির মোট উৎপাদনের প্রায় ৫ শতাংশের সমান।
সরকারের বক্তব্যে স্থানীয় জনগণের সমর্থনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পের জন্য জমি ছেড়ে দেওয়া এবং পুনর্বাসন কার্যক্রমে বাসিন্দাদের সম্মতি রয়েছে বলে সরকারি কর্মকর্তারা দাবি করছেন।
কিন্তু স্থানীয় বাস্তবতা এই দাবির সঙ্গে পুরোপুরি মেলে না। ভিন তুয়ং গ্রামের প্রায় ৪৭৭টি পরিবার, অর্থাৎ আনুমানিক দুই হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। স্থানীয় বাসিন্দাদের জীবিকার সঙ্গে যুক্ত শামুক চাষের খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেক পুরুষ কাজ হারিয়েছেন। বাড়িঘর সংস্কার বা নতুন আসবাব কেনার মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনাও অনিশ্চয়তায় আটকে রয়েছে।
একটি পুনর্বাসন এলাকার বাসিন্দাদের কোথায় স্থানান্তর করা হবে, সে বিষয়ে বৈঠক হওয়া আর পুরো প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে তাদের মতামত নেওয়া এক বিষয় নয়। ভিয়েতনামে কিছু স্থানীয় আলোচনা হয়েছে, কিন্তু পারমাণবিক কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত আদৌ নেওয়া উচিত কি না, সেই প্রশ্নে সাধারণ মানুষের স্বাধীন মত প্রকাশের সুযোগ কতটা রয়েছে, তা স্পষ্ট নয়।
এখানে উন্নয়নের জাতীয় লক্ষ্য এবং স্থানীয় মানুষের জীবিকার মধ্যে সংঘাতটি গুরুত্বপূর্ণ। একটি প্রকল্পকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করলেই তার জন্য জমি হারানো মানুষের উদ্বেগ স্বয়ংক্রিয়ভাবে দূর হয় না।
ফিলিপাইন: জরিপ কি জনগণের সম্মতির বিকল্প?
ফিলিপাইনে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে আগ্রহের পেছনে রয়েছে দীর্ঘদিনের বিতর্কিত অভিজ্ঞতা। সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের শাসনামলে নির্মিত বাতান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ১৯৮৪ সালে সম্পন্ন হলেও কখনো উৎপাদনে যায়নি। নির্মাণ ব্যয় ছিল আনুমানিক ১৯০ কোটি থেকে ২৩০ কোটি ডলার। দুর্নীতির অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং চেরনোবিল দুর্ঘটনার পর রাজনৈতিক পরিবর্তনের কারণে কেন্দ্রটি বন্ধ অবস্থায় থেকে যায়।
এই অভিজ্ঞতা ফিলিপাইনের মানুষের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে অবিশ্বাসের একটি ঐতিহাসিক ভিত্তি তৈরি করেছে। তারপরও দেশটির জ্বালানি বিভাগ ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত একটি জরিপের ফল সামনে আনে। ৭ হাজার ৫২০ জনের মধ্যে পরিচালিত ওই জরিপে ৭০ শতাংশের বেশি উত্তরদাতা বিদ্যুৎ উৎপাদনের নতুন উৎস হিসেবে পারমাণবিক শক্তির পক্ষে মত দিয়েছেন বলে জানানো হয়।
সরকার এই ফলাফলকে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষে জনসমর্থনের প্রমাণ হিসেবে ব্যবহার করে। কিন্তু জরিপটি সরকার নিজেই করিয়েছিল এবং এর ফল প্রকাশ করা হয়েছিল পারমাণবিক জ্বালানি সরবরাহবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আগে। ফলে প্রশ্ন উঠেছে, জরিপটি কি প্রকৃত অর্থে নীতিনির্ধারণে জনগণের মতামত জানার উদ্যোগ ছিল, নাকি আগে থেকে নেওয়া সিদ্ধান্তের পক্ষে সমর্থন দেখানোর একটি উপায়?
ফিলিপাইনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। দেশটির বিদ্যুৎ খাতের আইন অনুযায়ী, সরকার সাধারণভাবে সরাসরি বিদ্যুৎ উৎপাদনে অংশ নিতে পারে না। ফলে পারমাণবিক কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
এতে শুধু প্রযুক্তি বা নিরাপত্তার প্রশ্ন নয়, প্রকল্পের মালিকানা, বিদেশি অংশীদার এবং দীর্ঘমেয়াদি মুনাফার বিষয়ও সামনে আসবে। জনগণের সমর্থন যাচাই করতে হলে এসব বিষয়ও আলোচনায় থাকা প্রয়োজন।
মালয়েশিয়া ও সিঙ্গাপুর: সম্মতির প্রতিশ্রুতি, কিন্তু প্রক্রিয়া কতটা?
মালয়েশিয়া পারমাণবিক বিদ্যুৎকে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনায় ফিরিয়ে এনেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ বলেছেন, জনগণের গ্রহণযোগ্যতা এবং শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।
নীতিগতভাবে এটি গুরুত্বপূর্ণ অবস্থান। কারণ এখানে জনসমর্থনকে প্রকল্পের পরবর্তী আনুষ্ঠানিকতা নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত হিসেবে দেখা হচ্ছে।
কিন্তু সমস্যা হলো, মালয়েশিয়ায় পারমাণবিক বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক নির্ভরযোগ্য জনমত জরিপ নেই। অর্থাৎ সরকার জনগণের সম্মতিকে শর্ত হিসেবে রেখেছে, কিন্তু সেই সম্মতির বর্তমান অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্যও তার হাতে নেই।
দেশটির জন্য আরও একটি জটিলতা তৈরি হচ্ছে তথ্যকেন্দ্রের বিস্তারে। জোহর রাজ্যে তথ্যকেন্দ্রের চাহিদা বাড়লেও পানি ও বিদ্যুতের সীমাবদ্ধতার কারণে ২০২৪ সালে এ ধরনের অনেক আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। পারমাণবিক চুল্লি এবং বড় তথ্যকেন্দ্র—দুটিই প্রচুর পানির প্রয়োজন তৈরি করতে পারে। ফলে যে প্রযুক্তিকে নতুন জ্বালানি চাহিদার সমাধান হিসেবে তুলে ধরা হচ্ছে, সেটি আবার একই প্রাকৃতিক সম্পদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
সিঙ্গাপুরের অবস্থান কিছুটা ভিন্ন। দেশটি এখনো পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানাচ্ছে। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছে। পারমাণবিক প্রযুক্তি মূল্যায়নের জন্য সরকারি দপ্তর গঠন, বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ এবং গবেষণায় বিনিয়োগও বাড়িয়েছে।
সরকার জনগণকে পারমাণবিক প্রযুক্তির সুবিধা ও ঝুঁকি সম্পর্কে শিক্ষিত করার কথা বলছে। কিন্তু জনশিক্ষা এবং জনপরামর্শ এক নয়। জনশিক্ষার লক্ষ্য সাধারণত কোনো বিষয় সম্পর্কে মানুষকে তথ্য দেওয়া। জনপরামর্শের উদ্দেশ্য হলো, সেই তথ্যের ভিত্তিতে নাগরিকদের মতামত নীতিনির্ধারণে কতটা প্রভাব ফেলবে, তা নিশ্চিত করা।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত কোন প্রক্রিয়ায় জনগণের মতামত চূড়ান্ত সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে, সেটি পরিষ্কার নয়।
থাইল্যান্ড: পাঁচ দিনের শুনানিতে কি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত?
থাইল্যান্ডের বিদ্যুৎ পরিকল্পনায় ৩০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ছোট পারমাণবিক চুল্লি নির্মাণের প্রস্তাব রয়েছে। একটি দেশের উত্তর-পূর্বাঞ্চলে এবং অন্যটি দক্ষিণাঞ্চলে স্থাপনের কথা বলা হয়েছে। সম্ভাব্য সময় ২০৩৬ থেকে ২০৩৭ সাল।
দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীলতা রয়েছে। ২০১১ সালে ফুকুশিমা দুর্ঘটনার পর আগের ২ হাজার মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ পরিকল্পনা বাদ দেওয়া হয়েছিল।
থাইল্যান্ডের কর্মকর্তারা স্বীকার করেন, এ ধরনের প্রকল্পের জন্য জনগণের গ্রহণযোগ্যতা অপরিহার্য। কিন্তু বাস্তবে জনমত যাচাইয়ের পদ্ধতি নিয়ে সমালোচনা রয়েছে। ২০২৪ সালের জুনে বিদ্যুৎ পরিকল্পনার খসড়া নিয়ে মাত্র পাঁচ দিনের জন্য অনলাইন জনশুনানির আয়োজন করা হয়েছিল।
শ্রমিক সংগঠন ও শিল্প খাতের প্রতিনিধিরা এ প্রক্রিয়ার স্বচ্ছতা, বিদ্যুতের চাহিদা নিরূপণ এবং সম্ভাব্য ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। স্থানীয় পর্যায়েও সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র স্থাপনের খবর ছড়িয়ে পড়লে বিরোধিতা দেখা গেছে।
এখানে মূল সমস্যা হলো, আনুষ্ঠানিকভাবে জনশুনানির ব্যবস্থা থাকলেই তা অর্থবহ জনসম্পৃক্ততা নিশ্চিত করে না। পাঁচ দিনের অনলাইন প্রক্রিয়ায় কত মানুষ অংশ নিতে পেরেছেন, তাঁরা কতটা তথ্য পেয়েছেন এবং তাঁদের মতামতের ভিত্তিতে পরিকল্পনায় কী পরিবর্তন এসেছে—এসব প্রশ্নের উত্তর জরুরি।
ইন্দোনেশিয়া: অংশগ্রহণ আছে, বিতর্কও আছে
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়ার পারমাণবিক বিদ্যুৎ পরিকল্পনা তুলনামূলকভাবে উচ্চাভিলাষী। দেশটির বিস্তৃত দ্বীপপুঞ্জ, শিল্পাঞ্চল এবং বিদ্যুৎ সরবরাহের ভৌগোলিক সীমাবদ্ধতাকে সামনে রেখে ছোট পারমাণবিক চুল্লির সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
২০২৫ সালের মধ্যে একটি প্রস্তাবিত পারমাণবিক কেন্দ্রের স্থান মূল্যায়নের অনুমোদন পেয়েছে। ব্যাংকা বেলিতুং অঞ্চলের গেলাসা দ্বীপে থরকন নামের একটি প্রতিষ্ঠানের গলিত লবণভিত্তিক চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্প ঘিরে স্থানীয় পর্যায়ে কিছু জনসম্পৃক্ততা হয়েছে। ২০২৩ সালে নিয়ন্ত্রক সংস্থা প্রাথমিক আলোচনা শুরু করে। ২০২৪ সালের মে মাসে স্থানীয় বাসিন্দা ও জেলেদের সঙ্গে প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে বৈঠক হয়। বাসিন্দারা মাছ ধরার কার্যক্রম ক্ষতিগ্রস্ত না করার শর্তে লাইসেন্সিং প্রক্রিয়ার প্রতিটি ধাপে যুক্ত থাকার আগ্রহ জানান।
২০২৫ সালের একটি জরিপে ব্যাংকা বেলিতুংয়ের ৮৫ দশমিক ৭ শতাংশ বাসিন্দা প্রকল্পটির প্রতি সমর্থন জানিয়েছেন বলে উল্লেখ করা হয়।
তবে এই সমর্থনের পাশাপাশি পরিবেশগত উদ্বেগও রয়েছে। স্থানীয় গবেষকরা দ্বীপটির আশপাশে ম্যানগ্রোভ বন এবং ১২৬ হেক্টর প্রবালপ্রাচীরের উপস্থিতি শনাক্ত করেছেন। সামুদ্রিক প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তুলেছেন পরিবেশবিজ্ঞানীরা।
প্রকল্পের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংসদীয় এক আলোচনায় থরকনের অভিজ্ঞতা ও প্রযুক্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়। নিয়ন্ত্রক সংস্থা জানায়, প্রতিষ্ঠানটি এখনো কেবল প্রাথমিক আলোচনা ও স্থান মূল্যায়নের আবেদন করেছে; আরও কয়েকটি অনুমোদন প্রয়োজন।
ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা দেখায়, জনপরামর্শ এবং জনসমর্থন থাকলেও প্রকল্পের সব ঝুঁকি নিয়ে ঐকমত্য তৈরি হয় না। পরিবেশবিজ্ঞানী, স্থানীয় জনগোষ্ঠী এবং আইনপ্রণেতাদের প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত কোনো জরিপের ইতিবাচক ফলকে চূড়ান্ত সামাজিক সম্মতি হিসেবে বিবেচনা করা কঠিন।
মিয়ানমার: জনগণ ছাড়াই পারমাণবিক সিদ্ধান্ত
মিয়ানমার এই আঞ্চলিক প্রবণতার সবচেয়ে ভিন্ন উদাহরণ। ২০২৫ সালের মার্চে দেশটির সামরিক জান্তা রাশিয়ার রোসাটমের সঙ্গে ১১০ মেগাওয়াট ক্ষমতার ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আন্তসরকার চুক্তি করে। দুটি ৫৫ মেগাওয়াটের ইউনিট নিয়ে প্রকল্পটি শুরু হওয়ার কথা, ভবিষ্যতে সক্ষমতা ৩৩০ মেগাওয়াটে বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
সামরিক শাসনের অধীনে থাকা দেশটিতে এই সিদ্ধান্তের আগে জনগণের সঙ্গে কোনো দৃশ্যমান পরামর্শ প্রক্রিয়া হয়নি। রাশিয়ার সঙ্গে আলোচনায় পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে ইতিবাচক জনমত তৈরির বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ নাগরিকদের মতামত জানার চেয়ে তাঁদের মধ্যে নির্দিষ্ট ধারণা তৈরি করাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের একাংশ এই চুক্তিকে মিয়ানমারের সামরিক সরকারের জন্য রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বৈধতা অর্জনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন। মানবাধিকার সংগঠনগুলোও সামরিক সরকারের সঙ্গে পারমাণবিক সহযোগিতার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে।
যে দেশে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পরও সশস্ত্র সংঘাত চলছে এবং দেশের বড় অংশে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ রয়েছে, সেখানে দীর্ঘমেয়াদি পারমাণবিক প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অনুপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
প্রযুক্তির সঙ্গে আসছে দীর্ঘমেয়াদি নির্ভরতা
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিদ্ধান্ত শুধু একটি চুল্লি কেনার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে নির্মাণ, জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অবসায়নের দায়িত্ব। একটি পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম কয়েক দশক ধরে চলতে পারে। ফলে প্রযুক্তি সরবরাহকারী দেশের সঙ্গে সম্পর্কও দীর্ঘমেয়াদি হয়ে ওঠে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাবে, গত এক দশকে বিশ্বে নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের বড় অংশে রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এসব দেশ অনেক সময় প্রযুক্তির পাশাপাশি নির্মাণ, প্রকল্প ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ এবং অর্থায়নের ব্যবস্থাও করে দেয়।
এতে নতুন পারমাণবিক কর্মসূচি শুরু করা দেশগুলোর জন্য কাজ সহজ হতে পারে। কিন্তু একই সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত নির্ভরতা তৈরি হওয়ার ঝুঁকিও থাকে। ভিয়েতনাম ও মিয়ানমার রাশিয়ার সঙ্গে কাজ করছে। ফিলিপাইন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছে। সিঙ্গাপুর একাধিক দেশের সঙ্গে সহযোগিতা গড়ে তুলছে। মালয়েশিয়ার সামনে প্রযুক্তি, অর্থায়ন এবং কৌশলগত নিরপেক্ষতা বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে।
অর্থনৈতিক হিসাবও এখানে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার একটি হিসাব অনুযায়ী, প্রতি কিলোওয়াট নির্মাণ ব্যয় ৪ হাজার ডলার এবং অর্থায়নের সুদ ৮ শতাংশ হলে পারমাণবিক বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রতি মেগাওয়াট-ঘণ্টায় প্রায় ১০০ ডলারের কাছাকাছি হতে পারে। যেখানে আঞ্চলিক গড় ব্যয় প্রায় ৭০ ডলার। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎকে প্রতিযোগিতামূলক করতে নির্মাণ ব্যয় অথবা অর্থায়নের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।
ছোট চুল্লি বা এসএমআরকে কম ব্যয়বহুল ও সহজে স্থাপনযোগ্য হিসেবে উপস্থাপন করা হলেও বাণিজ্যিক পর্যায়ে এ প্রযুক্তির ব্যয়-সাশ্রয়ী হওয়ার বিষয়টি এখনো প্রমাণিত নয়। যুক্তরাষ্ট্রে নুস্কেল প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার পর সেটি বাতিল হওয়ার ঘটনাও এ ক্ষেত্রে সতর্কতার কারণ।
জনসমর্থন কি কেবল প্রচারের বিষয়?
সাতটি দেশের অভিজ্ঞতা পাশাপাশি রাখলে একটি বড় বৈপরীত্য দেখা যায়। যেসব দেশ দ্রুত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এগিয়ে নিচ্ছে, তাদের সবাই যে জনগণের সঙ্গে সমানভাবে আলোচনা করছে, তা নয়।
ভিয়েতনাম সরকারি ভাষ্যে ব্যাপক সমর্থনের কথা বলছে, কিন্তু প্রকল্প এলাকায় মানুষের জীবিকা ও বসতি পরিবর্তনের বাস্তবতা রয়েছে। ফিলিপাইন সরকার-উদ্যোগে পরিচালিত জরিপকে জনসমর্থনের প্রমাণ হিসেবে ব্যবহার করছে। মালয়েশিয়া জনসম্মতিকে পূর্বশর্ত বললেও সাম্প্রতিক জনমত সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। সিঙ্গাপুর জনশিক্ষার ওপর জোর দিচ্ছে, কিন্তু মতামত সিদ্ধান্ত বদলাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়। থাইল্যান্ডে আনুষ্ঠানিক শুনানির ব্যবস্থা থাকলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইন্দোনেশিয়ায় স্থানীয় পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু পরিবেশগত ও প্রযুক্তিগত বিতর্ক রয়ে গেছে। আর মিয়ানমারে জনগণের অংশগ্রহণের কোনো দৃশ্যমান ব্যবস্থাই নেই।
সরকারগুলোর পক্ষেও একটি যুক্তি রয়েছে। বিদ্যুৎকেন্দ্র, বাঁধ, সড়ক কিংবা বন্দর নির্মাণের মতো বড় অবকাঠামোগত সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকার ও সংসদ গ্রহণ করে। প্রতিটি প্রকল্পের জন্য গণভোট আয়োজন করা বাস্তবসম্মত নয়। পারমাণবিক প্রযুক্তি নিয়ে প্রাথমিক প্রস্তুতি, বিশেষজ্ঞ তৈরি এবং আন্তর্জাতিক অংশীদার নির্বাচনও দীর্ঘ সময়ের বিষয়। তাই সরকারগুলো আগেভাগে কাজ শুরু করাকে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখতে পারে।
কিন্তু পারমাণবিক বিদ্যুৎকে সাধারণ অবকাঠামো প্রকল্পের সঙ্গে পুরোপুরি এক করে দেখার সুযোগ নেই। এর সম্ভাব্য দুর্ঘটনা, তেজস্ক্রিয় বর্জ্য, নিরাপত্তা এবং কেন্দ্র বন্ধ করার ব্যয় কয়েক দশক, এমনকি তারও বেশি সময় ধরে রাষ্ট্র ও সমাজকে বহন করতে হতে পারে। একটি ভুল সিদ্ধান্তের প্রভাব শুধু বর্তমান প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
তাই জনসম্পৃক্ততা মানে কেবল মানুষকে প্রকল্পের সুবিধা বোঝানো নয়। এর অর্থ হলো, প্রকল্পের ঝুঁকি, ব্যয়, বিকল্প প্রযুক্তি, পরিবেশগত প্রভাব এবং দীর্ঘমেয়াদি দায় সম্পর্কে পূর্ণ তথ্য প্রকাশ করা। স্থানীয় জনগণকে সিদ্ধান্তের শুরু থেকেই যুক্ত করা এবং তাঁদের আপত্তি নীতিনির্ধারণে বাস্তব প্রভাব ফেলতে পারে, এমন ব্যবস্থা রাখা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সরকারগুলো পারমাণবিক বিদ্যুতের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা অর্জন করতে চাইছে। কিন্তু প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করাই এই যাত্রার একমাত্র শর্ত নয়। প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতাও।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিদেশি প্রযুক্তি, বিপুল অর্থ এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। কিন্তু একটি সমাজের আস্থা কোনো বিদেশি চুক্তি বা সরকারি জরিপ দিয়ে নিশ্চিত করা যায় না। সেটি অর্জন করতে হয় স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রকৃত অংশগ্রহণের মাধ্যমে।
শেষ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার পারমাণবিক ভবিষ্যৎ নির্ধারিত হবে শুধু কতটি চুল্লি নির্মিত হলো, কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলো কিংবা কত বিদেশি বিনিয়োগ এল, তা দিয়ে নয়। গুরুত্বপূর্ণ হবে, যেসব মানুষের জন্য এই বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, তাঁরা সেই সিদ্ধান্তে নিজেদের অংশীদার মনে করছেন কি না। জনসম্মতি যদি কেবল একটি প্রকল্পের পক্ষে প্রচার চালানোর উপকরণ হয়ে ওঠে, তাহলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও রাষ্ট্র ও নাগরিকের মধ্যে আস্থার ঘাটতি থেকেই যাবে।












