ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সম্পর্ক চলাকালে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও নিয়ন্ত্রণমূলক আচরণের অভিযোগ তুলেছেন তাঁর সাবেক সঙ্গী জেমাইমা গোল্ডস্মিথ। তিনি জানিয়েছেন, ২০১৪ সালে একটি সহিংস ঘটনার পর ব্র্যান্ডকে নিজের বাড়ি থেকে সরিয়ে নিতে পুলিশ ডাকতে হয়েছিল তাঁকে। তবে সে সময় তিনি মামলা করেননি এবং বিষয়টি প্রকাশ্যেও আনেননি।
ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় সাজা ঘোষণার পর নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেন ৫২ বছর বয়সী গোল্ডস্মিথ। ব্র্যান্ডকে ২০০৯ সালে ২১ বছর বয়সী এক ভক্তকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ বিবৃতিতে গোল্ডস্মিথ বলেন, ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করা সব নারীর প্রতি তিনি শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছেন। আদালতে সাহসের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরা এবং সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ওই নারীদের প্রশংসাও করেন তিনি।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে গোল্ডস্মিথ জানান, ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কে থাকাকালে তাঁকেও শারীরিক সহিংসতা, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। ২০১৪ সালে একটি সহিংস ঘটনার সময় তাঁকে পুলিশ ডাকতে হয়েছিল, যাতে ব্র্যান্ডকে তাঁর বাড়ি থেকে সরিয়ে নেওয়া যায়।
তবে সে সময় তিনি অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত নেন। কারণ, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে তাঁর তৎকালীন কিশোর বয়সী সন্তানদের ওপর কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। ২০১৪ সালের ওই ঘটনার পর ব্র্যান্ডের সঙ্গে আর দেখা বা কথা হয়নি বলেও জানান গোল্ডস্মিথ।
তিনি বলেন, আদালতে সাক্ষ্য দেওয়া নারীরা যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তার তুলনায় নিজের কষ্ট অনেক কম। তবু জীবনের ওই কঠিন সময় তাঁর ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।
ম্যাসাজকর্মীকে ঘিরে বিতর্ক
ব্র্যান্ডের বিরুদ্ধে নিজের অভিজ্ঞতা প্রকাশের পাশাপাশি ২০১৪ সালের আরেকটি ঘটনা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন গোল্ডস্মিথ। এক ম্যাসাজকর্মীর বিরুদ্ধে হয়রানির নিষেধাজ্ঞা চাওয়ায় সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
গোল্ডস্মিথ জানান, ২০১৪ সালের জুনে সিলভিয়া বারকি নামের ওই ম্যাসাজকর্মীকে অক্সফোর্ডশায়ারে তাঁর বাড়িতে ডাকা হয়েছিল ব্র্যান্ডকে ম্যাসাজ দেওয়ার জন্য। তবে বারকি পৌঁছানোর পর ব্র্যান্ড ম্যাসাজ নিতে অস্বীকৃতি জানান এবং তাঁকে চলে যেতে বলেন।
গোল্ডস্মিথের দাবি, পুরো সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং ব্র্যান্ড ও ওই নারীর মধ্যে আপত্তিকর কিছু ঘটতে দেখেননি। পরে বারকি পুলিশের কাছে অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ব্র্যান্ড তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়েছিলেন এবং গোল্ডস্মিথের কুকুরও তাঁকে আক্রমণ করেছিল।
পুলিশ অভিযোগটি তদন্ত করে কোনো অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পায়নি এবং মামলা করার মতো ভিত্তিও খুঁজে পায়নি।
গোল্ডস্মিথের অভিযোগ, এরপর বারকি অনলাইনে এবং ইমেইলে তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে ইহুদিবিদ্বেষী, হুমকিমূলক ও অপমানজনক বার্তা পাঠাতে শুরু করেন। এ পরিস্থিতি বন্ধ করতেই তিনি হয়রানির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছিলেন। তাঁর ভাষ্য, উচ্চ আদালত ও আপিল আদালত একাধিকবার সেই নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।
গোল্ডস্মিথের ভাই ও সাবেক ব্রিটিশ পরিবেশমন্ত্রী জ্যাক গোল্ডস্মিথও তাঁর বোনের পক্ষ নিয়ে বলেন, পরিবারকে সহিংস ও ইহুদিবিদ্বেষী হুমকি থেকে রক্ষা করতেই ওই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।
বিচারকের কঠোর মন্তব্য
ব্র্যান্ডের সাজা ঘোষণার সময় বিচারক জাস্টিস বেনাথান তাঁর আচরণের তীব্র সমালোচনা করেন। বিচারক বলেন, ব্র্যান্ডের মধ্যে অসাধারণ ঔদ্ধত্য ছিল এবং নারীদের ‘না’ বলার অধিকারকে তিনি উপেক্ষা করেছেন।
বিচারক আরও বলেন, ধর্ষণের শিকার নারীটি ব্র্যান্ডের বড় ভক্ত ছিলেন এবং সেই ভক্তির সুযোগ নিয়েছিলেন তিনি। নারীরা কী পোশাক পরেছেন, কোথায় গেছেন কিংবা কতটুকু মদ্যপান করেছেন, কোনো কিছুই তাঁদের সম্মতি ছাড়া যৌন সম্পর্কের অধিকার কাউকে দেয় না।
সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের স্ত্রী লরা গ্যালাচার। স্বামীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ কারাগারের দিকে নিয়ে যাওয়ার সময় ব্র্যান্ড তাঁকে বলেন, ‘আমরা ঠিক থাকব।’
এদিকে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছেন সরকারি কৌঁসুলিরা। দুই নারীর অভিযোগের বিষয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের তদন্ত চলছে। এ-সংক্রান্ত নথি ইতিমধ্যে সরকারি কৌঁসুলি বিভাগের কাছে পাঠানো হয়েছে।










