দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের আসন্ন শীর্ষ সম্মেলন কূটনৈতিক সাফল্যের গল্প হয়ে উঠতে পারে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠেয় এই সম্মেলনে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কয়েকটি উদ্যোগ বাস্তবায়নের পথে অগ্রগতি আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া মৌসুমি ধোঁয়া ও বায়ুদূষণ মোকাবিলায় আঞ্চলিক সমন্বয়ব্যবস্থা কার্যকর করা এবং আসিয়ান বিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠার উদ্যোগে নতুন পদক্ষেপ।
সম্মেলন শেষে এসব অর্জনকে আঞ্চলিক সহযোগিতার বড় সাফল্য হিসেবে তুলে ধরা হবে। সরকারি বিবৃতিতে বলা হবে, সদস্যদেশগুলো একসঙ্গে কাজ করতে পারছে এবং জোটটি এখনো কার্যকর। স্বাভাবিক সময়ে এমন প্রশাসনিক ও কারিগরি অগ্রগতি স্বাগত জানানোর মতোই। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত বাস্তবতায় শুধু কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগকে সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই।
প্রশ্ন হচ্ছে, এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আনবে? বায়ুদূষণ কমবে কি? বিদ্যুৎ সরবরাহে আঞ্চলিক সহযোগিতা কি বাস্তব সুবিধা তৈরি করবে? নাকি সম্মেলনের ঘোষণাগুলো আগের মতোই কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে?
আসিয়ানের মূল সংকট কাঠামোগত
আসিয়ানের সবচেয়ে বড় দুর্বলতা তার প্রাতিষ্ঠানিক কাঠামোতে। সদস্যদেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ—এই তিনটি নীতি জোটটির ভিত্তি তৈরি করেছে। প্রতিষ্ঠার সময় এসব নীতি সদস্যদেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমান সময়ে একই নীতিগুলো অনেক ক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আসিয়ান কোনো সদস্যদেশকে যৌথ সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য করতে পারে না। কোনো দেশ প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও জোটটির সীমিত। ফলে সদস্যদেশগুলো বড় বড় অঙ্গীকার করলেও সেগুলোর বাস্তবায়ন অনেকটাই নির্ভর করে সংশ্লিষ্ট সরকারের সদিচ্ছার ওপর।
এই বাস্তবতা আসিয়ানের বহুল প্রচারিত ‘কেন্দ্রীয় ভূমিকা’র ধারণাকেও প্রশ্নের মুখে ফেলেছে। আন্তর্জাতিক কূটনীতিতে দক্ষিণ-পূর্ব এশিয়াকে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা দীর্ঘদিনের। কিন্তু আঞ্চলিক সংকট মোকাবিলায় সদস্যদেশগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য তৈরি না হলে সেই নেতৃত্বের দাবি কতটা অর্থবহ, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
মিয়ানমার সংকট আসিয়ানের সীমাবদ্ধতার সবচেয়ে স্পষ্ট উদাহরণ। সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে সহিংসতা বন্ধ এবং রাজনৈতিক সমাধানের লক্ষ্যে পাঁচ দফা ঐকমত্য ঘোষণা করেছিল জোটটি। কিন্তু শুরু থেকেই এই উদ্যোগের দুর্বলতা ছিল স্পষ্ট। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোনো বাধ্যতামূলক ব্যবস্থা ছিল না। সামরিক জান্তার ওপর চাপ তৈরির কার্যকর কূটনৈতিক কৌশলও গড়ে ওঠেনি।
প্রথম দিকে জান্তাপ্রধানকে উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার মাধ্যমে সদস্যদেশগুলো একটি সীমিত ঐক্য দেখিয়েছিল। কিন্তু সেই অবস্থানও এখন দুর্বল হয়ে পড়ছে। পরিকল্পিত নির্বাচনের পর সামরিক শাসনকে নতুন রাজনৈতিক পরিচয়ে গ্রহণযোগ্যতা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এতে মিয়ানমারের সংঘাতের পক্ষগুলোর সঙ্গে সমানভাবে যোগাযোগ রাখা এবং মানবিক অগ্রগতির শর্তে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে।
আসিয়ানের সম্মিলিত কূটনৈতিক প্রভাব এভাবে কমতে থাকলে মিয়ানমারের সামরিক শাসকদের ওপর চাপ তৈরির অবশিষ্ট সুযোগও নষ্ট হতে পারে।
সিঙ্গাপুরের নেতৃত্ব কি পরিবর্তন আনতে পারবে?
ম্যানিলা সম্মেলনে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আসিয়ানের সভাপতিত্বের দায়িত্ব সিঙ্গাপুরের হাতে তুলে দেবেন। ২০২৭ সালে জোটটির নেতৃত্বে থাকবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। প্রশাসনিক দক্ষতা, পরিকল্পিত সিদ্ধান্ত এবং বাস্তবমুখী কূটনীতির জন্য সিঙ্গাপুর পরিচিত। ফলে আসিয়ানের কার্যক্রমে আরও শৃঙ্খলা ও গতি আনার প্রত্যাশা তৈরি হওয়া স্বাভাবিক।
কিন্তু দক্ষ প্রশাসনই কি জোটটির গভীর সংকট সমাধান করতে পারবে? বর্তমান কাঠামোর মধ্যে থেকে কিছু প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হলেও রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা দূর করা অনেক বেশি কঠিন। দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৭০ কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক প্রত্যাশা কেবল উন্নত প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে পূরণ করা সম্ভব নয়।
আসিয়ানের ২০৪৫ সালের অভিন্ন সম্প্রদায় গড়ার পরিকল্পনায় নানা লক্ষ্য, কর্মসূচি ও দীর্ঘমেয়াদি অঙ্গীকার রয়েছে। কিন্তু এসব পরিকল্পনার সাফল্য নির্ভর করবে সাধারণ মানুষ বাস্তবে কী সুবিধা পাচ্ছেন, তার ওপর। তরুণ প্রজন্মের কর্মসংস্থান, শিক্ষার সুযোগ, নাগরিক অধিকার এবং আঞ্চলিক চলাচলের স্বাধীনতা কতটা বাড়ছে, সেটিই হওয়া উচিত অগ্রগতি পরিমাপের মানদণ্ড।
সময়টিও গুরুত্বপূর্ণ। ২০২৭ সালে আসিয়ানের ৫০তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। একই বছরের ৮ আগস্ট জোটটি প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করবে। ছয় দশকের এই যাত্রা উদ্যাপনের আগে আত্মসমালোচনার সুযোগ রয়েছে।
সুরাবায়া, দাভাও কিংবা দা নাংয়ের একজন সাধারণ মানুষ নিজেকে কতটা দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তর সম্প্রদায়ের অংশ মনে করেন? আঞ্চলিক পরিচয় কি শুধু রাষ্ট্রপ্রধানদের সম্মেলন ও যৌথ ঘোষণার মধ্যে সীমাবদ্ধ, নাকি মানুষের দৈনন্দিন জীবনেও এর প্রতিফলন রয়েছে? জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার মতো সীমান্ত অতিক্রমকারী সমস্যায় আসিয়ানের ওপর সাধারণ মানুষের কতটা আস্থা রয়েছে?
এসব প্রশ্নের উত্তর শুধু কূটনৈতিক ভাষায় দেওয়া সম্ভব নয়।
বড় সংকটগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই
দক্ষিণ-পূর্ব এশিয়ার সামনে এখন কয়েকটি মৌলিক প্রশ্ন রয়েছে। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক সমুদ্র আইন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আসিয়ান কী কার্যকর ভূমিকা নেবে? মিয়ানমারে সহিংসতা বন্ধ ও জবাবদিহি নিশ্চিত করার জন্য বর্তমান মধ্যস্থতা প্রক্রিয়ায় কী পরিবর্তন আনা হবে? থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত ও রাজনৈতিক উত্তেজনা মোকাবিলায় জোটটির ভূমিকা কী হবে?
প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রেও প্রশ্ন কম নয়। সদস্যদেশগুলোর নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচিত আঞ্চলিক সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ কোথায়? মানবাধিকারবিষয়ক আন্তঃসরকার কমিশনকে কবে প্রকৃত তদন্তের ক্ষমতা দেওয়া হবে? ইউরোপের ইরাসমাস কর্মসূচির মতো এমন কোনো আঞ্চলিক শিক্ষাব্যবস্থা কবে তৈরি হবে, যার মাধ্যমে সদস্যদেশগুলোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে একে অন্যের প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবেন?
এসব প্রশ্নের সমাধান ছাড়া আঞ্চলিক সংহতির ধারণা অসম্পূর্ণ থেকে যাবে।
আসিয়ান যদি নিজের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে না পারে, তাহলে সদস্যদেশগুলো বিকল্প সহযোগিতার পথ খুঁজবে। ইতিমধ্যে চারদেশীয় নিরাপত্তা সংলাপ বা কোয়াড, বিভিন্ন ত্রিপক্ষীয় প্রতিরক্ষা উদ্যোগ এবং নির্দিষ্ট অর্থনৈতিক স্বার্থভিত্তিক জোটের মতো কাঠামোর গুরুত্ব বাড়ছে। এসব উদ্যোগ আসিয়ানের বাইরে গিয়ে গড়ে উঠলে আঞ্চলিক কূটনীতিতে জোটটির একক অবস্থান আরও দুর্বল হতে পারে।
সদস্যদেশগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার স্বার্থে আসিয়ান দীর্ঘদিন ধরে সমঝোতা ও ধীরগতির সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু এখন সেই পদ্ধতির কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সব বিষয়ে সর্বসম্মতি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করলে গুরুত্বপূর্ণ সংকটগুলো আরও জটিল হয়ে উঠতে পারে।
সংস্কার ছাড়া ঐক্য টিকবে না
প্রেসিডেন্ট মার্কোসের নেতৃত্বাধীন সময়ে আসিয়ানের বিভিন্ন উদ্যোগ ও প্রতিশ্রুতির মধ্যেও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। আগামী বছর সিঙ্গাপুরের নেতৃত্বে জোটটি আরও গতিশীল, সমন্বিত, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং সংকট মোকাবিলায় প্রস্তুত হওয়ার অঙ্গীকার করতে পারে। কিন্তু অন্য সদস্যদেশগুলো কাঠামোগত পরিবর্তনে সম্মত না হলে এসব লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে।
সিঙ্গাপুরের নীতিনির্ধারকেরা নিশ্চয়ই এই বাস্তবতা সম্পর্কে সচেতন। তাই আসিয়ানের প্রচলিত কাঠামোর পাশাপাশি কার্যকর আঞ্চলিক সহযোগিতার বিকল্প ব্যবস্থার কথাও তাদের বিবেচনায় থাকতে পারে। এমন ব্যবস্থা আসিয়ানের সঙ্গে সমান্তরালভাবে কাজ করবে, নাকি কোনো কোনো ক্ষেত্রে এর বাইরে গড়ে উঠবে, সেটি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রশ্ন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। দ্রুত সম্প্রসারিত বাজার, তরুণ জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে অঞ্চলটি বিশ্ব অর্থনীতির অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। কিন্তু এই গুরুত্বকে আসিয়ানের প্রাতিষ্ঠানিক সাফল্যের প্রমাণ হিসেবে দেখা ভুল হবে।
একটি অঞ্চলের সম্ভাবনা আর সেই অঞ্চলকে পরিচালনার জন্য তৈরি প্রতিষ্ঠানের সক্ষমতা এক বিষয় নয়। ছয় দশক আগে গড়ে ওঠা কাঠামো দিয়ে বর্তমান সময়ের বহুমাত্রিক সংকট মোকাবিলা করা যাবে কি না, সেই প্রশ্নের মুখোমুখি হওয়া জরুরি।
আসিয়ানের সামনে এখন কেবল নতুন পরিকল্পনা গ্রহণের চ্যালেঞ্জ নেই। প্রয়োজন নিজেদের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি, জবাবদিহি এবং নাগরিক প্রতিনিধিত্বের কাঠামো পুনর্বিবেচনা করা। কূটনৈতিক ভাষায় ঐক্যের কথা বলা সহজ, কিন্তু সংকটের সময় সম্মিলিত দায়িত্ব পালন করাই প্রকৃত পরীক্ষার বিষয়।
ষাট বছর পূর্তিতে আসিয়ান কী উদ্যাপন করবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পরবর্তী ষাট বছরে প্রতিষ্ঠানটি কীভাবে বদলাবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া আঞ্চলিক সংহতি শেষ পর্যন্ত সম্মেলনের মঞ্চে উচ্চারিত একটি আকর্ষণীয় স্লোগান হয়েই থেকে যাবে।
লেখক: সিমোনে গালিমবার্তি। তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানবাধিকার, গণতন্ত্র ও আঞ্চলিক সংহতি নিয়ে লেখালেখি করেন।











