দেশে গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমেছে। ২০২১-২২ অর্থবছরে যেখানে ইলিশ উৎপাদন হয়েছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন নেমে আসতে পারে ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে। মঙ্গলবার জাতীয় সংসদে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এক লিখিত উত্তরে এ তথ্য জানিয়েছেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী ইলিশ উৎপাদনের এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে। একক প্রজাতির মাছ হিসেবে দেশের মৎস্য উৎপাদনে সবচেয়ে বেশি অবদান এই মাছের।
ধারাবাহিকভাবে কমছে ইলিশ উৎপাদন
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে ইলিশ উৎপাদনের চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে পৌঁছালেও পরবর্তী তিন অর্থবছরে তা ধারাবাহিকভাবে কমেছে।
উৎপাদনের পরিসংখ্যান হলো—
২০২১-২২ অর্থবছর: ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন।
২০২২-২৩ অর্থবছর: ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন।
২০২৩-২৪ অর্থবছর: ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন।
২০২৪-২৫ অর্থবছর: ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন।
২০২৫-২৬ অর্থবছর: ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন (প্রাক্কলিত)।
এই পরিস্থিতিতে ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
ছয়টি অভয়াশ্রম ও জেলেদের খাদ্যসহায়তা
ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণে দেশে ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেঘনার উজান ও ভাটির অংশ, পদ্মা, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়া নদী এবং উপকূলীয় বিভিন্ন নদী এলাকা।
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ কর্মসূচিতে খাদ্যসহায়তার পরিমাণ ছিল ১৫ হাজার ৫০৪ টন।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে জাটকা ধরা থেকে বিরত থাকা ৩ লাখ ৬৭ হাজার জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় চার মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এতে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭২০ টন।
একই অর্থবছরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ১৪টি উপকূলীয় জেলার ৬৯টি উপজেলার ৩ লাখ ১১ হাজার ৫০০ জেলে পরিবারকে ২৪ হাজার ১৬৫ দশমিক ৬৩ টন চাল দেওয়া হয়েছে।
বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ
মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের আয় সচল রাখতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে বকনা বাছুর দেওয়া হয়েছে।
পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য ১৭ হাজার ৫০০ ইলিশ জেলেকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।
অবৈধ জাল ও তলদেশে টানা জালে হুমকি
সংসদে অবৈধ মাছ ধরার জালের ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কারেন্ট জালসহ নিষিদ্ধ জালের ব্যবহার উপকূলীয় এলাকায় মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে।
মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত করা, অভয়াশ্রম গড়ে তোলা এবং জলাভূমিতে নার্সারি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের উন্মুক্ত জলাশয় ও নার্সারিতে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া দেশের ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে।
হাওরাঞ্চলের সাত জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত ৩০ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চালুর উদ্যোগও নিয়েছে সরকার।
প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় কিছু অসাধু জেলে ট্রলারের পেছনে জাল টেনে নির্বিচারে মাছ ধরছেন। এ ধরনের তলদেশে টানা জাল মাছের প্রজননক্ষেত্র ধ্বংস করছে এবং বিভিন্ন প্রজাতির মাছের মজুত কমিয়ে দিচ্ছে। এতে ছোট জেলেদের জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি মাছের প্রজাতি সংরক্ষণে সরকার মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। দেশজুড়ে মোট ৮২৭টি মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে।
ইলিশের দাম নির্ধারণে সরকারের অবস্থান
ইলিশের উৎপাদন, সরবরাহ ও খুচরা দামের সম্পর্ক নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাছের দাম মূলত বাজারে সরবরাহ ও প্রাপ্যতার ওপর নির্ভর করে। পাইকারি বাজারে নিলামের মাধ্যমে দাম নির্ধারিত হয়।
মুক্তবাজার ব্যবস্থায় খুচরা মাছের দাম সরাসরি নির্ধারণের ক্ষমতা মৎস্য অধিদপ্তরের নেই। তবে উৎপাদন, সরবরাহ ও খুচরা দামের মধ্যে সম্পর্ক পর্যবেক্ষণে নিয়মিত বাজার তদারকি করা হয়। বিদেশে ইলিশ পাচার ঠেকাতেও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করছে সরকার।











