মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের কাছাকাছি, বাসস্ট্যান্ড ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে।
সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বিস্ফোরণগুলো ঘটে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলগুলোতে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারা এসব বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।











