একটি ভালো বক্তৃতা শুনে আমরা সাধারণত বক্তার শব্দচয়ন, কণ্ঠস্বর, উপস্থাপনার কৌশল কিংবা পর্দায় দেখানো তথ্যের কথা মনে রাখি। কিন্তু কখনো কখনো এসবের কোনোটিই শ্রোতার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলে না। বরং বক্তার জীবন, তাঁর অভিজ্ঞতা এবং কথা বলার ভঙ্গিতে প্রকাশ পাওয়া ব্যক্তিত্বই হয়ে ওঠে আসল আকর্ষণ।
সম্প্রতি এমনই একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জনসংযোগ প্রতিষ্ঠান অ্যাডফ্যাক্টরস পিআরের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মদন বাহাল একটি অনুষ্ঠানে নিজের উদ্যোক্তা-জীবনের গল্প বলছিলেন। তাঁর উপস্থাপনায় ছিল মাত্র সাতটি স্লাইড। ছিল না চোখধাঁধানো ছবি, পরিসংখ্যানের ভার কিংবা শ্রোতাদের মুগ্ধ করার জন্য সাজানো কোনো নাটকীয়তা। অথচ সেই সংক্ষিপ্ত উপস্থাপনাই আমার দীর্ঘ পেশাজীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল।
তাঁর বক্তব্যের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সাফল্যের বর্ণনা নয়, বরং সেই সাফল্যের পেছনের পথচলার বিবরণ। কীভাবে ব্যবসা শুরু করেছিলেন, প্রতিষ্ঠান গড়ে তুলতে কী ধরনের বাধা পেরোতে হয়েছে, কোথায় ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনিশ্চয়তার মধ্যে কীভাবে সিদ্ধান্ত নিয়েছেন—সবকিছুই তিনি বলছিলেন অত্যন্ত স্বাভাবিকভাবে।
তাঁর কথায় নিজেকে বড় করে দেখানোর চেষ্টা ছিল না। বরং নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আন্তরিকতা ছিল। দীর্ঘদিনের অর্জন থাকা সত্ত্বেও তিনি এমনভাবে কথা বলছিলেন, যেন শেখার এবং বোঝার এখনো অনেক কিছু বাকি।
আমার কাছে এই বিনয় বিশেষভাবে অর্থবহ মনে হয়েছে। কারণ, নিজের যোগাযোগ ও জনসংযোগ প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা থেকে জানি, উদ্যোক্তা হওয়ার গল্প বাইরে থেকে যতটা আকর্ষণীয় দেখায়, বাস্তবে তার পথ ততটা মসৃণ নয়। প্রতিষ্ঠানের সাফল্য, বড় গ্রাহক পাওয়া কিংবা ব্যবসা সম্প্রসারণের খবরের আড়ালে থাকে অসংখ্য কঠিন সিদ্ধান্ত, নির্ঘুম রাত, আর্থিক অনিশ্চয়তা, ব্যক্তিগত ত্যাগ এবং ব্যর্থতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা।
একটি ব্যবসা শুরু করা কঠিন। কিন্তু সেটিকে দীর্ঘদিন টিকিয়ে রাখা আরও কঠিন। বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, প্রতিষ্ঠানের সুনাম রক্ষা, কর্মীদের আস্থা ধরে রাখা এবং নিজের প্রাথমিক লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া—এসবের জন্য প্রতিদিন নতুন করে দায়িত্ব নিতে হয়।
মদন বাহালের কথায় সেই বাস্তবতার প্রতিফলন পেয়েছি। বুঝতে পেরেছি, দীর্ঘ পথ পাড়ি দিতে শুধু সাহস থাকলেই হয় না; প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস, ভুল স্বীকার করার মানসিকতা এবং অন্যের কাছ থেকে শেখার আগ্রহও।
তাঁর উপস্থাপনা শুনতে শুনতে নিজের ভবিষ্যৎ নিয়েও ভেবেছি। একদিন যখন পেছনে ফিরে নিজের কাজের হিসাব করব, তখন যেন কেবল অর্জনের তালিকা তুলে ধরতে না হয়। বরং কী শিখেছি, কীভাবে মানুষ ও সম্পর্কের মূল্য বুঝেছি, কঠিন সময়ে কীভাবে সিদ্ধান্ত নিয়েছি—সেসব অভিজ্ঞতা যেন বলতে পারি একই রকম স্বচ্ছতা ও বিনয়ের সঙ্গে। কারও অবস্থান বা খ্যাতির সঙ্গে নিজের তুলনা করার বিষয় এটি নয়। বরং সাফল্যের পরও একজন মানুষ কীভাবে নিজের মানবিকতা ধরে রাখতে পারেন, সেটিই এখানে গুরুত্বপূর্ণ।
আমার কাছে নেতৃত্বের একটি বড় পরিচয় এখানেই।
কথা বলার দক্ষতা আর জীবনের অভিজ্ঞতা
জনসংযোগ পেশায় প্রায় ৩০ বছর ধরে কাজ করছি। এই সময়ে অসংখ্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে শেয়ারহোল্ডারদের সামনে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিতে সাহায্য করেছি। সরকারি কর্মকর্তাদের সংবাদ সম্মেলনের জন্য তৈরি করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কৌশল শিখিয়েছি।
অনেক বক্তাকে দেখেছি, যাঁদের উপস্থাপনা ছিল প্রায় নিখুঁত। স্লাইডের বিন্যাস, বক্তব্যের গতি, কণ্ঠের ওঠানামা, বিরতি নেওয়ার সময়—সবকিছুই ছিল পরিকল্পিত। তাঁদের কথায় কোনো অসংগতি ছিল না। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরই মনে হতো, আসলে তাঁরা কী বলতে চেয়েছিলেন, তার অনেকটাই আর মনে নেই।
অন্যদিকে, মদন বাহালের মতো কেউ মাত্র সাতটি স্লাইডে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শ্রোতাকে দীর্ঘ সময় ভাবতে বাধ্য করেন। এই পার্থক্য শুধু উপস্থাপনার কৌশলে নয়। পার্থক্যটি তৈরি হয় বক্তার কথার পেছনে থাকা জীবন থেকে।
এই বিষয়টি আরও বেশি করে উপলব্ধি করেছি নিজের ১৫ বছর বয়সী ছেলের স্কুলের উপস্থাপনা দেখতে গিয়ে। এই বয়সে অন্যের সামনে কথা বলার সময় শিশুরা অনেক বেশি সচেতন থাকে—কে কী ভাবছে, কোথায় ভুল হচ্ছে, সবাই কীভাবে বিচার করছে। সম্প্রতি ছেলে জানতে চেয়েছিল, একজন ভালো বক্তার বৈশিষ্ট্য কী?
তাকে বলেছিলাম, যাঁরা আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করেন, তাঁরা সব সময় সবচেয়ে সুন্দর করে কথা বলেন না। তাঁরা এমন কিছু বলেন, যার মধ্যে ভাবনা, অভিজ্ঞতা ও সত্যের গভীরতা থাকে।
আমরা একজন বক্তাকে দেখি মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মুহূর্তে। কিন্তু সেই মুহূর্তের পেছনে থাকে বহু বছরের প্রস্তুতি। থাকে পড়াশোনা, ব্যর্থতা, ভুল থেকে শিক্ষা নেওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া এবং নিজের বিশ্বাসকে বারবার যাচাই করার অভিজ্ঞতা।
কোনো বক্তব্যের শব্দ ও বাক্য হয়তো কয়েক ঘণ্টা ধরে তৈরি করা যায়। কিন্তু সেই বক্তব্যকে বিশ্বাসযোগ্য করে তোলার মতো জীবন এক দিনে তৈরি হয় না।
নেলসন ম্যান্ডেলার কথা ভাবলে বিষয়টি স্পষ্ট হয়। তাঁর বক্তব্যে যে নৈতিক কর্তৃত্ব ও গভীরতা ছিল, তা কেবল ভাষার দক্ষতা থেকে আসেনি। কারাবাস, ব্যক্তিগত ত্যাগ এবং প্রতিশোধের পরিবর্তে সমঝোতা ও পুনর্মিলনের প্রতি দীর্ঘদিনের অঙ্গীকার তাঁর কথাকে আলাদা শক্তি দিয়েছিল।
বারাক ওবামার বক্তৃতাও আরেকটি শিক্ষা দেয়। তাঁর যুক্তি সাজানোর ধরন, শব্দের পুনরাবৃত্তি, বক্তব্যের ছন্দ এবং প্রস্তুতির শৃঙ্খলা দেখিয়েছে, কীভাবে উপস্থাপনার কৌশল একটি গভীর চিন্তাকে আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারে।
এই দুই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, ভালো বক্তা হতে ভাষা ও উপস্থাপনার দক্ষতা অবশ্যই প্রয়োজন। কিন্তু তার আগে জরুরি হলো, আমরা কী বিশ্বাস করি এবং কোন অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলছি।
কথার মধ্যে প্রকাশ পায় ভেতরের মানুষ
ধর্মীয় গ্রন্থে একটি কথা আছে—মানুষের হৃদয় যা দিয়ে পূর্ণ, মুখে তা-ই প্রকাশ পায়। লূক রচিত সুসমাচারের ষষ্ঠ অধ্যায়ের ৪৫ নম্বর পদেও এই ভাবনা রয়েছে। বিশ্বাসের জায়গা থেকে দেখুন কিংবা নেতৃত্ব ও মানবিক আচরণের অভিজ্ঞতা দিয়ে বিচার করুন, কথাটির তাৎপর্য অস্বীকার করা কঠিন।
আমরা কী নিয়ে ভাবি, কীকে গুরুত্ব দিই, অন্য মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন—এসবের ছাপ শেষ পর্যন্ত আমাদের কথাবার্তায় পড়ে।
কারও ভেতরে যদি অহংকার প্রবল হয়, তাঁর কথায় নিজের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পেতে পারে। নিরাপত্তাহীনতা থেকে কথা বললে সেখানে অন্যের স্বীকৃতি আদায়ের চেষ্টা দেখা যায়। ক্ষোভে পূর্ণ মানুষ অনেক সময় নিজের বক্তব্যের মাধ্যমে অন্যকে আঘাত করেন।
অন্যদিকে, প্রজ্ঞা, সহমর্মিতা, বিনয় ও মানুষের উপকার করার ইচ্ছা যাঁর চিন্তাকে পরিচালিত করে, তাঁর কথাতেও এসব গুণের প্রতিফলন ঘটার সম্ভাবনা বেশি।
তবে আন্তরিকতাই সব নয়। একজন মানুষ আন্তরিকভাবে ভুল বিশ্বাসও প্রকাশ করতে পারেন, এমনকি তাঁর বক্তব্য অন্যের জন্য ক্ষতিকরও হতে পারে। তাই হৃদয়ের আবেগকে সত্য দিয়ে এবং চিন্তাকে প্রজ্ঞা দিয়ে পরিচালিত করতে হয়। নীতিবচনেও জ্ঞানী মানুষের বিচক্ষণ কথাবার্তার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
জনসংযোগ পেশায় বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক। আমাদের কাজের বড় অংশজুড়ে থাকে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কীভাবে কথা বলতে হবে, কীভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হবে এবং কীভাবে মানুষের আস্থা অর্জন করতে হবে, তা শেখানো। আমরা বক্তব্য তৈরি করি, বার্তা সাজাই, প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার কৌশল নির্ধারণ করি এবং বিভিন্ন শ্রোতার কাছে পৌঁছানোর উপায় খুঁজি।
কিন্তু এর পাশাপাশি আমাদের আরও একটি প্রশ্ন করা দরকার: আমরা যে কথা বলছি, তার পেছনে কি বাস্তব কোনো ভিত্তি আছে?
কারণ, ভাষার সৌন্দর্য দিয়ে সাময়িকভাবে মানুষকে আকৃষ্ট করা সম্ভব হলেও আচরণে তার প্রতিফলন না থাকলে দীর্ঘমেয়াদে আস্থা ধরে রাখা যায় না। কোনো প্রতিষ্ঠান যদি একদিকে স্বচ্ছতার কথা বলে, অন্যদিকে তার কাজকর্মে অস্বচ্ছতা থাকে, তাহলে প্রচারের ভাষা দিয়ে সেই বৈপরীত্য বেশিদিন আড়াল করা সম্ভব নয়। একইভাবে, কোনো নেতা যদি মানুষের কল্যাণের কথা বলেন, কিন্তু তাঁর সিদ্ধান্তে মানুষের প্রতি সম্মান ও দায়িত্ববোধের পরিচয় না থাকে, তাহলে তাঁর বক্তব্য বিশ্বাসযোগ্যতা হারাবে।
আস্থা অর্জনের জন্য তাই শুধু ভালো বার্তা তৈরি করলেই চলে না। সেই বার্তার সঙ্গে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাস্তব আচরণের মিল থাকতে হয়। বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠে দীর্ঘদিনের কাজ, সিদ্ধান্ত এবং মানুষের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে।
নেতৃত্বের পরীক্ষা মঞ্চের বাইরেও
মদন বাহালের উপস্থাপনা থেকে আমার সবচেয়ে বড় উপলব্ধি হলো, নিজের অর্জনকে আলাদা করে প্রচার করার প্রয়োজন তাঁর হয়নি। তাঁর অভিজ্ঞতাই তাঁর কাজের সাক্ষ্য দিয়েছে। ব্যবসা সম্পর্কে নিজের জ্ঞান প্রতিষ্ঠা করতে তাঁকে বাড়তি কোনো দাবি করতে হয়নি। তাঁর দীর্ঘ পথচলাই সেই পরিচয় বহন করেছে।
এমনকি বিনয়ী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টাও তাঁর মধ্যে ছিল না। নিজের অভিজ্ঞতা বলার ধরনেই সেই গুণ প্রকাশ পেয়েছে।
এটাই হয়তো বিশ্বাসযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একজন মানুষের কথার মাধ্যমে তাঁকে চেনার জন্য যখন খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না, কারণ তাঁর জীবনই ইতিমধ্যে সেই পরিচয় তৈরি করেছে।
নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য বিষয়টি মনে রাখা জরুরি। যিনি শ্রোতাকে মুগ্ধ করতে চান, তিনি ভাবেন—কী বললে মানুষ আমাকে বেশি প্রশংসা করবে? আর যিনি অন্যের কাজে আসতে চান, তিনি ভাবেন—নিজের অভিজ্ঞতা থেকে এমন কী বলতে পারি, যা অন্য কারও কাজে লাগবে?
প্রথমজনের লক্ষ্য করতালি পাওয়া। দ্বিতীয়জনের লক্ষ্য অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। অনেক সময় দ্বিতীয় ধরনের বক্তাই মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেন। কারণ, তাঁর বক্তব্যে আত্মপ্রচারের চেয়ে অন্যের জন্য কিছু দেওয়ার আগ্রহ বেশি থাকে।
এই কারণে আমার বিশ্বাস, ভালো বক্তা হওয়ার প্রস্তুতি মঞ্চে ওঠার অনেক আগেই শুরু হয়। শুরু হয় নিজের চরিত্র গঠনের মধ্য দিয়ে। কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় সততা বজায় রাখা, ভুল হলে তা স্বীকার করা, নিজের সীমাবদ্ধতা বুঝতে পারা এবং নিজের অভিজ্ঞতার বাইরে থাকা মানুষের বাস্তবতাকে সম্মান করা—এসবই একজন মানুষের বক্তব্যকে গভীরতা দেয়।
তরুণ পেশাজীবী, নতুন উদ্যোক্তা, ব্যবস্থাপক কিংবা দীর্ঘদিনের অভিজ্ঞ নেতৃত্ব—সবার জন্যই আমার পরামর্শ একই। শুধু ভালোভাবে কথা বলার কৌশল শেখার পেছনে সময় ব্যয় করবেন না। এমন একজন মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন, যাঁর বলার মতো অর্থবহ কিছু আছে।
পড়ুন, চিন্তা করুন, অন্যের কথা মন দিয়ে শুনুন। জীবনের অভিজ্ঞতা থেকে শিখুন। নিজের বিশ্বাসকে যুক্তি ও বাস্তবতার আলোকে যাচাই করুন। ব্যর্থতাকে এড়িয়ে না গিয়ে তার কারণ বোঝার চেষ্টা করুন। নিজের উদ্দেশ্য সম্পর্কে সৎ থাকুন। সাফল্য যেন কখনো আপনার বিনয় ও সহমর্মিতা নষ্ট না করে।
কণ্ঠস্বরকে আকর্ষণীয় করে তোলার আগে নিজের চিন্তার জগৎকে সমৃদ্ধ করুন। শ্রোতার সামনে দাঁড়িয়ে শুধু কেমন শোনাচ্ছে, তা নিয়ে ব্যস্ত থাকবেন না। মানুষ হিসেবে আপনার বক্তব্য কতটা সত্য, কতটা দায়িত্বশীল এবং কতটা উপকারী, সেটিও বিবেচনায় রাখুন।
সাতটি স্লাইড, জীবনের বহু শিক্ষা
মদন বাহালের সেই সাতটি স্লাইডের কথা এখনো মনে পড়ে। সেগুলো আমাকে মনে করিয়ে দিয়েছে, কেন জনসংযোগ পেশার প্রতি আগ্রহী হয়েছিলাম, কেন নিজের প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তিন দশক পরও কেন বিশ্বাস করি—এই পেশার মূল ভিত্তি মানুষের সঙ্গে সম্পর্ক ও পারস্পরিক আস্থা।
তিনি হয়তো কেবল নিজের উদ্যোক্তা-জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে চেয়েছিলেন। কিন্তু শ্রোতাদের একজন উদ্যোক্তা হিসেবে আমি সেখান থেকে আরও বড় একটি শিক্ষা পেয়েছি। সেটি হলো, সাফল্যের সঙ্গে মানবিকতার কোনো বিরোধ থাকা উচিত নয়। বরং অভিজ্ঞতা যত বাড়বে, মানুষের প্রতি দায়িত্ববোধ ও বিনয়ও তত গভীর হওয়া দরকার।
আমি এমন একজন নেতা হতে চাই, যাঁর অর্জন তাঁর মানবিক পরিচয়কে আড়াল করবে না; যাঁর অভিজ্ঞতা তাঁকে অহংকারী না করে আরও বিনয়ী করবে; এবং যাঁর কথায় সাহস, বিশ্বাস, সদয় আচরণ ও জীবনের উদ্দেশ্যের প্রতিফলন থাকবে।
একটি বক্তব্যের জন্য হয়তো অনেক স্লাইড, তথ্য ও নিখুঁত প্রস্তুতি প্রয়োজন হতে পারে। কিন্তু মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো, বক্তব্যের সঙ্গে বক্তার জীবনের সামঞ্জস্য।
শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনাটি কোনো পর্দায় দেখানো হয় না। সেটি প্রকাশ পায় আমরা কীভাবে জীবন যাপন করি, কীভাবে মানুষের সঙ্গে আচরণ করি এবং কীভাবে নিজেদের বিশ্বাস ও দায়িত্বের প্রতি সৎ থাকি—তার মধ্য দিয়ে।












