যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টির ভেতরে নেতৃত্বের লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা আরও সক্রিয় হয়ে উঠেছেন। দলটির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে হিসাব-নিকাশ।
ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস, জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন। তাঁদের পাশাপাশি আরও কয়েকজন রিপাবলিকান নেতাও ২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন।
তবে ভ্যান্স এখনো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। প্রাথমিক জনমত জরিপে তিনি এগিয়ে রয়েছেন। বাজির বাজারেও রিপাবলিকান দলের সম্ভাব্য মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তাঁকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।
ডেস্যান্টিসের তৎপরতা বাড়ছে
মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর ডেস্যান্টিস বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার ও প্রচারমূলক কার্যক্রম বাড়িয়েছেন। তাঁর পরিকল্পনা সম্পর্কে অবগত তিনজনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
তবে এখনো নির্বাচনী প্রচারের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো গড়ে তোলেননি তিনি। সম্ভাব্য দাতাদের সঙ্গেও বৈঠক শুরু করেননি। ঘনিষ্ঠ একজনের ভাষ্য অনুযায়ী, নির্বাচনে নামলে নিজের আগের নির্বাচনী প্রচারের জরিপ বিশেষজ্ঞ রায়ান টাইসনের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারেন তিনি।
২০২৪ সালের রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন ডেস্যান্টিস। আইওয়ার ককাসে ট্রাম্প পেয়েছিলেন ৫১ শতাংশ ভোট, আর ডেস্যান্টিস পেয়েছিলেন ২১ শতাংশ। এরপর নিউ হ্যাম্পশায়ারের প্রাথমিক নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তিনি।
তবে এবার রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন এনেছেন ডেস্যান্টিস। ইরান যুদ্ধের বিরোধিতা এবং তথ্যকেন্দ্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিচ্ছেন তিনি।
কেম্প ও ক্রুজের পরিকল্পনা
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করছেন। ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই কিছুটা দূরত্বপূর্ণ। ২০২২ সালে ট্রাম্প-সমর্থিত এক রিপাবলিকান প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করেছিলেন কেম্প।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে দক্ষিণ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন তিনি। তবে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিনেট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে তাঁর।
অন্যদিকে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে দীর্ঘদিনের রাজনৈতিক পরামর্শক জেফ রোয়ের সঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন। সাম্প্রতিক সময়ে ভ্যান্সের সঙ্গে তাঁর মতবিরোধও প্রকাশ্যে এসেছে।
ক্রুজ ইসরায়েলের প্রতি সমর্থন এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরছেন।
রুবিওর প্রতি সমর্থকদের আহ্বান
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও ২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উৎসাহিত করছেন রিপাবলিকান দলের কয়েকজন অর্থদাতা। তবে রুবিও জানিয়েছেন, ভ্যান্স নির্বাচনে অংশ নিলে তিনি তাঁকে সমর্থন করবেন।
সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও ২০২৮ সালের রাজনীতিতে ভূমিকা রাখতে চান। তবে ভ্যান্স প্রার্থী হলে নিজে নির্বাচনে না নেমে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে গ্যাবার্ডের।
এ ছাড়া ফ্লোরিডার সিনেটর রিক স্কট, লুইজিয়ানার সিনেটর জন কেনেডি, আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স, ভার্জিনিয়ার সাবেক গভর্নর গ্লেন ইয়ংকিন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পর দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় এবং শুল্কনীতির মতো বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে ভোটারদের অসন্তোষ দলটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
রিপাবলিকানদের একটি অংশ মনে করছে, ২০২৮ সালের নির্বাচনে জয় পেতে হলে ট্রাম্পের রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে নতুন নেতৃত্ব ও নীতিগত অবস্থান তৈরি করতে হবে।
অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, জনপ্রিয় জনতুষ্টিবাদী রাজনীতি থেকে সরে গেলে দলটি বড় ধরনের ভোটার সমর্থন হারাতে পারে। তাঁদের মতে, টেড ক্রুজের মতো প্রচলিত ধারার রিপাবলিকান প্রার্থী মনোনয়ন পেলে ট্রাম্পের অনেক সমর্থক দলটির প্রতি আগ্রহ হারাতে পারেন।
এদিকে মাইক পেন্সের ঘনিষ্ঠ মহল সরকার পরিচালনায় সীমিত ক্ষমতা, অর্থনৈতিক নীতির সংস্কার এবং রিপাবলিকানদের পুরোনো রক্ষণশীল আদর্শে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে।
২০২৭ সালেই শুরু হতে পারে মূল লড়াই
রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের আনুষ্ঠানিক তৎপরতা ২০২৭ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের সামনে এখন বড় প্রশ্ন, ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান পার্টি কোন পথে এগোবে। ভ্যান্স কি ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখে দলের নেতৃত্ব নিশ্চিত করবেন, নাকি নতুন কোনো নেতৃত্বের উত্থান ঘটবে—তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর।
২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকানদের মনোনয়ন লড়াই তাই শুধু একজন প্রেসিডেন্ট প্রার্থী বেছে নেওয়ার বিষয় নয়; এটি ট্রাম্প-পরবর্তী দলটির আদর্শ, নেতৃত্ব ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের লড়াইও হয়ে উঠতে পারে।












