ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানঘাঁটি থেকে সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার সকালে ইংল্যান্ডের সাফোকের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত দুটি মার্কিন জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ জার্মানিতে পাঠানো হয়। একই দিনে ওই ঘাঁটিতে থাকা আরও কয়েকটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজও জার্মানি ও অন্য কয়েকটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। পরপর দুটি ঘাঁটি থেকে মার্কিন সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ঘটনায় যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
কী ধরনের হুমকি, স্পষ্ট নয়
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে হুমকির আশঙ্কার পর মিলডেনহল ঘাঁটি থেকে উড়োজাহাজ সরানো হয়েছে। তবে হুমকিটি তাৎক্ষণিক ছিল, নাকি সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
ঘাঁটিটির বিরুদ্ধে কী ধরনের হুমকি ছিল, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, মিলডেনহল এবং কাছাকাছি আরএএফ লেকেনহিথ ঘাঁটির নিরাপত্তাব্যবস্থা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে উন্নীত করা হয়েছে। এই পর্যায়কে বলা হয় এফপিসিওএন চার্লি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা তৈরি হলে সাধারণত এই সতর্কতা পর্যায় কার্যকর করা হয়।
উড়োজাহাজ সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণ ও বাস্তব সামরিক প্রয়োজনসহ বিভিন্ন কারণে তাদের উড়োজাহাজ এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়। মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তির আওতায় এসব সামরিক উড়োজাহাজ বিভিন্ন স্থাপনায় অবস্থান করে। তবে সামরিক অভিযানের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজ সরানোর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। তাদের বক্তব্য, অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে তারা নিয়মিত কোনো মন্তব্য করে না। তবে সামরিক প্রয়োজন অনুযায়ী উড়োজাহাজ ও অন্যান্য সরঞ্জাম বিভিন্ন স্থানে যাতায়াত করে।
ফেয়ারফোর্ডে সন্দেহজনক ঘটনা
মিলডেনহল থেকে উড়োজাহাজ সরানোর ঘটনা গত সেপ্টেম্বরের আরেকটি নিরাপত্তা ঘটনার সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে। ওই মাসে গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনার পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি থেকে তাদের বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়।
আদালতে উপস্থাপিত প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা কয়েকটি ভ্যানে পেট্রলভর্তি পাত্র নিয়ে ঘাঁটির দিকে গিয়েছিলেন। তাদের নির্দেশ দিয়েছিলেন ‘আলি’ নামে পরিচিত এক ব্যক্তি। পুলিশের ধারণা, ওই ব্যক্তি ইরানের হয়ে কাজ করছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।
আদালতে বলা হয়, ভ্যানগুলোতে পেট্রলভর্তি পাত্রের পাশাপাশি প্লাস্টিকের পানির ট্যাংক এবং ইন্টারনেট-সংযুক্ত ড্যাশক্যাম ছিল। পরে সংগঠকের পক্ষ থেকে ভ্যানগুলোতে বোমা থাকার সতর্কবার্তা দেওয়া হলে দলের একজন পুলিশকে খবর দেন। ২৭ সেপ্টেম্বর ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি সাদা ভ্যান ও পাঁচজনকে আটক করে।
তবে ভ্যানগুলোতে কোনো বিস্ফোরক বা ঘরে তৈরি বোমা পাওয়া যায়নি। প্রতিটি ভ্যানে একটি করে ধাতব তেলের ড্রাম ছিল, যার দুটিতে পেট্রল পাওয়া যায়।
ফেয়ারফোর্ড ঘাঁটিটি ইরানে হামলা চালানোর জন্য মার্কিন বোমারু বিমানের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল। ফলে ওই ঘটনার পর ঘাঁটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে মিলডেনহল থেকে উড়োজাহাজ সরানোর সঙ্গে ফেয়ারফোর্ডের ঘটনার সরাসরি কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
যুক্তরাজ্যের দুটি বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ এবং সামরিক উত্তেজনা নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে সতর্কতা বজায় রয়েছে।












