মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য তৈরি করেছে। অপরিশোধিত তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু পরিশোধিত জ্বালানি, বিশেষ করে ডিজেলের বাজারে সংকটের চাপ এখনো কাটেনি। চীনের সাম্প্রতিক আমদানি ও রপ্তানির পরিসংখ্যান এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট উদাহরণ। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশটি আগের তুলনায় বেশি তেল আনছে, অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর বদলে রপ্তানি কমিয়ে রাখছে।
এই পরিস্থিতি শুধু চীনের অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থাপনার বিষয় নয়। মধ্যপ্রাচ্যের সংঘাত কীভাবে বিশ্ব জ্বালানি বাণিজ্যের প্রচলিত হিসাব বদলে দিয়েছে, তারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এতে রয়েছে। তেলের উৎপাদন বা সরবরাহ বাড়লেই যে জ্বালানির বাজারে স্বস্তি ফিরবে, বাস্তবতা এখন আর তেমন সরল নয়।
হরমুজ প্রণালির সংকট কাটলেও আমদানি পুরোপুরি স্বাভাবিক নয়
চীনের শুল্ক বিভাগের মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশটি প্রতিদিন গড়ে ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল ৯০ লাখ ৩০ হাজার ব্যারেল। অর্থাৎ এক মাসে আমদানি বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ। চলতি বছরের মার্চের পর এটিই সর্বোচ্চ আমদানি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়। এর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। এর প্রায় ৮০ শতাংশের গন্তব্য ছিল এশিয়ার দেশগুলো।
সংকটের প্রভাব চীনের আমদানিতেও পড়ে। জুনে দেশটির দৈনিক অপরিশোধিত তেল আমদানি নেমে আসে ৭১ লাখ ২০ হাজার ব্যারেলে, যা এক দশকের মধ্যে সর্বনিম্ন। এরপর ধীরে ধীরে সরবরাহ বাড়তে থাকে। উপসাগরীয় দেশগুলো ঝুঁকি থাকা সত্ত্বেও বেশি দামের সুবিধা বিবেচনায় নিয়ে তেল রপ্তানি অব্যাহত রাখে। ফলে অক্টোবরে মধ্যপ্রাচ্য থেকে চীনের দৈনিক আমদানি বেড়ে ৪৬ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছায়, যা যুদ্ধ শুরুর আগের মার্চের সমান।
তবে এই পুনরুদ্ধারকে পূর্ণ স্বাভাবিকতা বলা যাবে না। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ বছরের একই মাসে চীনের তেল আমদানি ১৩ দশমিক ৩ শতাংশ কম। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট আমদানি কমেছে ১৫ দশমিক ১ শতাংশ। অর্থাৎ সাম্প্রতিক মাসগুলোতে সরবরাহ বাড়লেও যুদ্ধের আগের অবস্থানে এখনো ফিরতে পারেনি দেশটি।
তেল আছে, কিন্তু জ্বালানি রপ্তানিতে নিয়ন্ত্রণ
চীনের জ্বালানি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি দেখা যাচ্ছে পরিশোধিত পণ্যের রপ্তানিতে। অক্টোবরে দেশটি ৫১ লাখ ৮০ হাজার টন পরিশোধিত জ্বালানি রপ্তানি করেছে। সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৭১ লাখ ৬০ হাজার টন। এপ্রিলে রপ্তানি নেমে এসেছিল ৩১ লাখ ২০ হাজার টনে, যা ২০১৭ সালের জানুয়ারির পর সর্বনিম্ন।
চীনের হাতে অতিরিক্ত তেল পরিশোধন সক্ষমতা রয়েছে। কিন্তু সেই সক্ষমতা থাকলেই আন্তর্জাতিক বাজারে ইচ্ছামতো জ্বালানি বিক্রি করা যায় না। বিদেশে জ্বালানি রপ্তানির জন্য দেশটির শোধনাগারগুলোকে সরকারি অনুমতি বা কোটা নিতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মুনাফা বাড়লেও রপ্তানি স্বয়ংক্রিয়ভাবে বাড়ে না।
যুদ্ধের শুরুতে অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে সরকার শোধনাগারগুলোকে রপ্তানি কমানোর নির্দেশ দিয়েছিল। পরে বিশেষ করে ডিজেলের উচ্চ মুনাফার সুযোগ নিতে কিছু বিধিনিষেধ শিথিল করা হয়। এর ফলে সেপ্টেম্বরে চীনের ডিজেল রপ্তানি প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, ওই মাসে দৈনিক রপ্তানি ছিল পাঁচ লাখ ব্যারেল।
কিন্তু অক্টোবরে তা কমে তিন লাখ ১৮ হাজার ব্যারেলে নেমে আসে। নভেম্বরের প্রাথমিক হিসাবেও রপ্তানি আরও কম হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাসের বাকি সময়ে নতুন চালানের তথ্য যুক্ত হলে এই পরিমাণ বাড়তে পারে।
মুনাফার সুযোগ থাকলেও সিদ্ধান্ত সরকারের হাতে
চীনের শোধনাগারগুলো বর্তমানে মোট সক্ষমতার ৮০ শতাংশেরও কম ব্যবহার করছে। অর্থাৎ উৎপাদন ও রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। তবে সে জন্য অতিরিক্ত অপরিশোধিত তেল আমদানি করতে হবে, অথবা মজুত থেকে তেল ব্যবহার করতে হবে। দুই ব্যবস্থার সমন্বয়ও হতে পারে।
আন্তর্জাতিক বাজারে ডিজেলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত গ্যাস অয়েলের মুনাফা এখন এই সম্ভাবনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সোমবার সিঙ্গাপুরের বাজারে প্রতি ব্যারেল গ্যাস অয়েলে মুনাফা দাঁড়িয়েছে ৬০ ডলার ৪৬ সেন্ট। ইরান যুদ্ধ শুরুর আগের দিন এই মুনাফা ছিল ২০ ডলার ৯১ সেন্ট। অর্থাৎ মুনাফা প্রায় তিন গুণ হয়েছে।
এখানেই চীনের সামনে নীতিগত দ্বন্দ্বটি স্পষ্ট। আন্তর্জাতিক বাজারে জ্বালানি বিক্রি করে বিপুল মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ চাহিদা, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ সরবরাহের অনিশ্চয়তা বিবেচনায় সরকার রপ্তানি নিয়ন্ত্রণে রাখতে পারে।
চীনের সাম্প্রতিক পরিসংখ্যান তাই বিশ্ব জ্বালানি বাজারের একটি মৌলিক পরিবর্তন তুলে ধরছে। অপরিশোধিত তেলের সরবরাহ পুনরুদ্ধার হচ্ছে, কিন্তু তা পরিশোধিত জ্বালানির সংকট দূর করার নিশ্চয়তা দিচ্ছে না। তেলের প্রাপ্যতা, শোধনাগারের উৎপাদন এবং রপ্তানির সরকারি অনুমতি—এই তিনটি বিষয় এখন আলাদা আলাদা সমীকরণে কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কমলেও আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে যে আরও সময় লাগতে পারে, চীনের এই দ্বৈত প্রবণতা তারই ইঙ্গিত।
ক্লাইড রাসেলের আরও লেখা
চীনের খনিজ আধিপত্য ভাঙতে পশ্চিমাদের শুধু খনি নয়, দরকার দীর্ঘমেয়াদি বিনিয়োগের নিশ্চয়তা
ভারতের ইস্পাত বিস্তার ও অস্ট্রেলিয়ার করনীতি: কোকিং কয়লার বাজারে বড় সিদ্ধান্তের সময়
ইরান যুদ্ধ কি কেবল জ্বালানি সংকট, নাকি বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার মোড় ঘোরানো মুহূর্ত?
নতুন বাস্তবতা নাকি পুরোনো চক্র? সোনার বাজারের সামনে বড় প্রশ্ন











