ঢাকার সাভারের আশুলিয়ায় মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর বেরিয়ে এসে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর বেরিয়ে আসেন। তাঁদের লক্ষ্য ছিল ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করা।
কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে এনভয় গ্রুপ, রোজ গার্মেন্টস, ইয়াগী, সারমিন গ্রুপ, হা-মীম গ্রুপের নেক্সট কালেকশন এবং সেতারা গ্রুপের কর্মীরা ছিলেন। এ ছাড়া আশুলিয়ার আরও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে হাজিরা দিয়ে বেরিয়ে আসেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের মূল সড়ক থেকে সরিয়ে দেয়।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ ও বিজিবি সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করছেন।
মজুরি বোর্ডে শ্রমিকদের ৩২ হাজার টাকার প্রস্তাব
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে শিল্পাঞ্চলে অসন্তোষ চলছে। শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবির মধ্যে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
সোমবার অনুষ্ঠিত ওই সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার নতুন মজুরি নির্ধারণের পক্ষে বিভিন্ন তথ্য ও যুক্তি তুলে ধরেন। অন্যদিকে মালিকপক্ষ নির্দিষ্ট কোনো প্রস্তাব না দিয়ে এক সপ্তাহ সময় চায়।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভা শেষে জানান, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে মজুরি প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রস্তাব দিতে ব্যর্থ হলে বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন জানান, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলমান থাকায় সব মালিকের কাছ থেকে প্রস্তাব সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণেই তাঁরা এক সপ্তাহ সময় চেয়েছেন।
শ্রমিক সংগঠনগুলোর দাবি ৩২ হাজার ১৩১ টাকা
মজুরি বোর্ডের সভা শুরুর আগে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। এ বিষয়ে ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোটের পক্ষ থেকে স্মারকলিপিও দেওয়া হয়।
প্রস্তাবে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো তৈরির আহ্বান জানানো হয়।
মূল মজুরি ও জীবনযাত্রার ব্যয়ের যুক্তি
শ্রমিক প্রতিনিধিদের মতে, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক। তাঁদের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।
তাঁরা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট বেতনের ৬০ শতাংশ মূল মজুরি রাখার প্রস্তাব দিয়েছেন। তাঁদের যুক্তি, মূল বেতনের অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিটও কমে যায়। এতে দীর্ঘদিন কাজ করা শ্রমিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এ ছাড়া খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বাড়িভাড়া ও বেতন বৃদ্ধির হার নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তাঁরা। নতুন মজুরি কাঠামো তৈরির ক্ষেত্রে সরকারি বেতন কাঠামো এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরিও পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।












