ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠেন শিলপি খাতুন। গ্যাসের খরচ বহন করার সামর্থ্য না থাকায় কাঠের চুলায় রান্না করেন। এরপর ঢাকার উপকণ্ঠের শিল্পনগরী গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজে যান তিনি। ২৭ বছর বয়সী শিলপির আয়ের ওপর নির্ভরশীল তাঁর পুরো পরিবার। স্বামী বেকার। মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের দায়িত্বও তাঁর কাঁধে।
পাঁচ বছর ধরে পোশাকশিল্পে কাজ করেও নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে পেরে উঠছেন না শিলপি। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দাম বেড়েছে। তাঁর ভাষায়, মাস শেষ হওয়ার আগেই উপার্জনের প্রায় সব টাকা শেষ হয়ে যায়।
শিলপির এই অভিজ্ঞতা বাংলাদেশের পোশাকশিল্পের হাজারো শ্রমিকের বাস্তবতার প্রতিফলন। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তাঁদের আয় দিয়ে সংসারের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে গত সপ্তাহে পোশাকশ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন।
মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষ
গত সপ্তাহের শ্রমিক অসন্তোষের কিছু ঘটনা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে কয়েক শ কারখানা বন্ধ রাখতে হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
সরকারের মজুরি বোর্ড গত ৪ নভেম্বর নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা জানুয়ারিতে প্রথম বর্ধিত বেতন পাওয়ার কথা। তবে মজুরি ঠিক কতটা বাড়বে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। চীনের পরেই অবস্থান দেশটির। কম শ্রমমূল্যের কারণে এই শিল্পে এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের উৎপাদন কার্যক্রম রয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। কর্মসংস্থান হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষের।
তবে কারখানার মালিকেরা বলছেন, মজুরি অনেক বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। এতে দেশের প্রতিযোগিতামূলক সুবিধা কমবে। জ্বালানির বাড়তি ব্যয়ের কারণে এমনিতেই কারখানাগুলোর মুনাফার পরিমাণ চাপে রয়েছে।
মালিকপক্ষের যুক্তি, মূল বেতনের পাশাপাশি শ্রমিকেরা বছরে ৯ শতাংশ হারে মজুরি বৃদ্ধি এবং দুটি উৎসব বোনাস পান। তাই বড় ধরনের মজুরি বৃদ্ধির সুযোগ সীমিত।
খাবার ও চিকিৎসায় কাটছাঁট
শ্রমিকদের অভিযোগ, মজুরি কিছুটা বাড়লেও জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তার সঙ্গে আয়ের বৃদ্ধি তাল মেলাতে পারেনি। ফলে প্রতিদিনের খরচ সামলাতে তাঁদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
শিলপি খাতুন জানান, সবচেয়ে সংকটের দিনে তাঁর পরিবারকে মুড়ি খেয়েই দিন পার করতে হয়। স্বামীর সঙ্গে ছোট একটি টিনের ঘরে থাকেন তিনি। শারীরিক সমস্যা বাড়লেও গত তিন বছরে চিকিৎসকের কাছে যেতে পারেননি।
পাঁচ বছর আগে কারখানায় কাজ শুরু করার সময় তাঁর বেতন ছিল ৯ হাজার টাকা। এখন পান ১৩ হাজার ৫০০ টাকা। অতিরিক্ত কাজ করলে মাসে প্রায় ১৬ হাজার টাকা আয় হয়। কিন্তু এই অর্থও পরবর্তী বেতন পাওয়ার আগ পর্যন্ত সংসার চালানোর জন্য যথেষ্ট হয় না।
২০২২ সাল থেকে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ সময়ে গড় মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশ ছিল। প্রথম দিকে খাদ্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ তৈরি হলেও পরে খাদ্যবহির্ভূত পণ্যের দামও উচ্চপর্যায়ে থেকে যায়।

ভাত-সবজিতে দিন কাটে, মাছ-মাংস নাগালের বাইরে
ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার একটি কারখানার সেলাই অপারেটর রোকসানা পারভীনের বয়স ২৯ বছর। দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে তাঁকেও প্রতিটি কেনাকাটার আগে হিসাব করতে হয়।
রোকসানা বলেন, খাবার কেনার ক্ষেত্রেও তাঁকে দুবার ভাবতে হয়। মেয়েদের আরও পুষ্টিকর খাবার দেওয়া প্রয়োজন জানলেও আর্থিক সামর্থ্যের অভাবে তা সম্ভব হচ্ছে না।
তাঁর দুই মেয়ের খাবারের তালিকায় এখন ভাত ও সবজিই প্রধান। মাছ ও মাংস কেনার সামর্থ্য তাঁদের নেই বললেই চলে। সংসারের খরচ কমাতে মেয়েদের একজনের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান ধরে রাখলেও এই খাতের শ্রমিকদের জীবনে বাড়তি আয়ের সুফল কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিকদের দাবি ও কারখানা মালিকদের ব্যয়সংক্রান্ত উদ্বেগের মধ্যে নতুন মজুরি কাঠামোর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন লাখো শ্রমিক।













